19.5 C
London
October 4, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পূর্ব লন্ডনে বাড়ির মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি, কঠোর হচ্ছে হ্যাকনি কাউন্সিল

পূর্ব লন্ডনের হ্যাকনি এলাকায় ব্যক্তিমালিকানাধীন ভাড়া বাড়ির মালিকদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে হ্যাকনি কাউন্সিল। দায়িত্ব পালনে ব্যর্থ এবং ভাড়াটেদের ঝুঁকিপূর্ণ বা নিম্নমানের পরিবেশে বসবাস করতে বাধ্য করা বাড়ির মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে কাউন্সিল।

কাউন্সিল জানিয়েছে, চলতি সেপ্টেম্বর থেকেই এই নতুন অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যর্থ এক ব্যক্তিমালিকানাধীন বাড়ির মালিককে ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। কাউন্সিলের ভাষ্য অনুযায়ী, এটি অন্য বাড়ির মালিকদের জন্যও একটি স্পষ্ট সতর্কবার্তা—আইনগত দায়িত্ব পালনে ব্যর্থ হলে কঠোর আর্থিক জরিমানাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান জোরদার করতে কাউন্সিলের প্রয়োগকারী দলেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন করে ৫০ জনের বেশি কর্মকর্তা নিয়ে একটি শক্তিশালী প্রয়োগকারী দল গঠন করা হয়েছে। এই কর্মকর্তারা ব্যক্তিমালিকানাধীন ভাড়া বাড়িতে পরিদর্শন, নিম্নমানের আবাসন শনাক্ত এবং আইন ভঙ্গকারী বাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ করবেন।

হ্যাকনি মেয়র জো গারবেট বলেছেন, অনেক ভাড়াটে বিপুল পরিমাণ ভাড়া দিয়েও অনিরাপদ বাড়িতে বসবাস করছেন। চলতি মাস থেকে কাউন্সিল পরিদর্শন বাড়াচ্ছে এবং সবচেয়ে খারাপ অবস্থার ব্যক্তিমালিকানাধীন বাড়ির মালিকদের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা ও কঠোরতম শাস্তি চাওয়া হবে বলে তিনি জানিয়েছেন। ভাড়াটেদের বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ জানাতেও উৎসাহিত করেছে কাউন্সিল।

কাউন্সিলের নতুন সম্পত্তি-লাইসেন্স ব্যবস্থা এ বছরের ১ মে থেকে কার্যকর হয়েছে। এর আওতায় হ্যাকনির অধিকাংশ ব্যক্তিমালিকানাধীন ভাড়া বাড়ির জন্য লাইসেন্স প্রয়োজন। লাইসেন্স ব্যবস্থার মাধ্যমে কাউন্সিল কর্মকর্তারা বাড়ি পরিদর্শন করতে পারবেন এবং নিরাপত্তা ও আবাসনের মানসংক্রান্ত সমস্যা থাকলে ব্যবস্থা নিতে পারবেন।

হ্যাকনির প্রায় এক-তৃতীয়াংশ বাড়ি ব্যক্তিমালিকানাধীন ভাড়া খাতে রয়েছে। কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতে প্রায় ৭৬ শতাংশ ব্যক্তিমালিকানাধীন ভাড়া বাড়ি নির্বাচিত লাইসেন্স ব্যবস্থার আওতায় এসেছে। পাশাপাশি তিন বা চারজন মানুষ দুই বা তার বেশি পরিবারের সদস্য হিসেবে বসবাস করেন—এমন একাধিক পরিবারের বাসস্থানগুলোর জন্যও অতিরিক্ত লাইসেন্সের নিয়ম চালু হয়েছে।

হ্যাকনি কাউন্সিলের আগের এক পর্যালোচনায় দেখা যায়, এখানকার ব্যক্তিমালিকানাধীন ভাড়া বাড়ির একটি উল্লেখযোগ্য অংশে গুরুতর ঝুঁকি থাকার আশঙ্কা রয়েছে। এসব ঝুঁকির হার জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। একাধিক পরিবারের বসবাস করা বাড়িগুলোর ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক—প্রায় ৩০ শতাংশ এমন বাড়িতে গুরুতর ঝুঁকি থাকার আশঙ্কা রয়েছে, যা জাতীয় গড়ের প্রায় তিন গুণ।

ভাড়ার চাপও হ্যাকনিতে উল্লেখযোগ্য। ২০২৬ সালের আগস্টে হ্যাকনিতে ব্যক্তিমালিকানাধীন বাড়ির গড় মাসিক ভাড়া ছিল ২ হাজার ৬৫৮ পাউন্ড, যা এক বছর আগে ২ হাজার ৫৬৬ পাউন্ডের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশি। এক শয়নকক্ষের বাড়ির গড় ভাড়া ছিল ২ হাজার ১ পাউন্ড, দুই শয়নকক্ষের ২ হাজার ৪৮৯ পাউন্ড এবং তিন শয়নকক্ষের বাড়ির গড় ভাড়া ২ হাজার ৮৪৬ পাউন্ড।

নতুন ভাড়াটে-অধিকার আইনের আওতায় কাউন্সিলের হাতে বাড়ির মালিকদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও রয়েছে। প্রাথমিক লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা এবং গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। সবচেয়ে গুরুতর ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা ও সীমাহীন জরিমানার বিধান রয়েছে বলে কাউন্সিল জানিয়েছে।

কাউন্সিলের উপমেয়র ও নিরাপদ আবাসনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত ডিলান ল বলেন, কিছু বাড়ির মালিক ভাড়াটেদের কাছ থেকে অর্থ নেওয়ার পরও তাদের নিম্নমানের পরিবেশে বসবাস করতে বাধ্য করছেন। কাউন্সিলের লক্ষ্য হলো হ্যাকনির প্রতিটি বাসিন্দার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে ব্যর্থ বাড়ির মালিকদের জবাবদিহির আওতায় আনা।

হ্যাকনি কাউন্সিল জানিয়েছে, কোনো ভাড়াটে ব্যক্তিমালিকানাধীন বাড়িতে গুরুতর মেরামত সমস্যা, নিরাপত্তা ঝুঁকি বা নিম্নমানের পরিবেশের মুখোমুখি হলে কাউন্সিলকে বিষয়টি জানাতে পারেন। পরিদর্শনে সমস্যা ধরা পড়লে সংশ্লিষ্ট বাড়ির মালিককে তা সমাধানের জন্য ব্যবস্থা নিতে বলা হবে। তবে আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতা বা ভাড়াটেদের ঝুঁকির মধ্যে রাখার প্রমাণ পাওয়া গেলে কঠোর জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ মাই লন্ডন

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে লেবার সরকারের নতুন আশ্রয় পরিকল্পনায় তীব্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক

ব্রিটেনের রেস্তোরাঁ-সেলুনগুলোতে কয়েক মাসের আগাম বুকিং!

নিউজ ডেস্ক

হোম অফিসের রেইডে ৪৪ জন ডেলিভারি ড্রাইভার আটক