TV3 BANGLA
বাংলাদেশ

পেট্রোল বোমা ছুড়ে আর আগুন লাগিয়ে দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরানো যাবে নাঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর;\

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে পেট্রোল বোমা হামলা বা সহিংসতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দিল্লি থেকে কোনো পলাতক সন্ত্রাসীকে পেট্রোল বোমা ছুড়ে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তিই একমাত্র আইনি পথ।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দিল্লি থেকে কোনো পলাতক সন্ত্রাসীকে পেট্রোল বোমা ছুড়েও বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না। এটি বাস্তবে সম্ভব হবে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই।” ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে সরাসরি উল্লেখ না করেই তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।

সম্প্রতি বাংলাদেশজুড়ে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ-বিদেশে অবস্থানরত নেতারা এসব হামলায় উসকানি দিচ্ছেন এবং সহিংসতা ছড়িয়ে দিতে ভূমিকা রাখছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। “আমরা এসব সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আইনের হাত তাদের কাছে পৌঁছাবে,” বলেন তিনি।

প্রতিমন্ত্রী আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়ে পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগ ও অন্যান্য সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রত্যাখ্যানের পর বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। তার দেশে ফেরার দাবিতে আওয়ামী লীগ এক সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল। এর সমাপ্তি ঘটে গত ১৯ নভেম্বর দেশব্যাপী শাটডাউন কর্মসূচির মধ্য দিয়ে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা ট্রিবিউন-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের পৃথক সহিংসতার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন নেতা রয়েছেন। এছাড়া দুর্বৃত্তদের আগুনে পার্ক করে রাখা বাসের ভেতরে পুড়ে এক বাস সহকারীর মৃত্যু হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। গত আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন।

তবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারও শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছ থেকে ফেরত চেয়ে আসছে। এর আগে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও একই দাবি জানিয়েছিল।

২০২৫ সালের নভেম্বরে ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সরকারের অবস্থান, শেখ হাসিনাকে সাধারণ যাত্রী হিসেবে দেশে ফেরার সুযোগ দেওয়ার পরিবর্তে দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে হবে। এ বিষয়টি এখন ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

এমকে

আরো পড়ুন

আবারও ভাঙ্গনের মুখে জাপা, এবার জি এম কাদের মাইনাস!

হাসিনার পতন প্রশাসনিক ব্যর্থতার ফল, চীন-পাকিস্তান সুবিধাভোগীঃ প্রাক্তন R&AW কর্মকর্তা

হামজার দেখানো পথেই বাংলাদেশে ছুটে এলেন ইংল্যান্ড প্রবাসী মতিন