TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বর্ণবৈষম্যের শিকার ব্রিটিশ এশীয় সার্জনঃ ক্ষতিপূরণ পেলেন ১ লাখ পাউন্ডের বেশি

 

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) একটি ট্রাস্টের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগে আইনি লড়াইয়ে জয় পেয়েছেন ব্রিটিশ এশীয় চিকিৎসক উসমান বাট। পদোন্নতি থেকে বঞ্চিত করার ঘটনায় ম্যানচেস্টার এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিয়েছেন। ক্ষতিপূরণ হিসেবে তাকে ১ লাখ ১ হাজার ৩৩৮ পাউন্ড ৭৪ পেনি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, নর্দার্ন কেয়ার অ্যালায়েন্স এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের সার্জারি বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগের ক্ষেত্রে বর্ণবৈষম্যের শিকার হন উসমান বাট। যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়নি। পরে একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ চিকিৎসককে পদটিতে নিয়োগ দেওয়া হয়।

উসমান বাট ২০১৫ সালের আগস্ট থেকে ম্যানচেস্টারভিত্তিক ওই এনএইচএস ট্রাস্টে কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত ছিলেন। তার ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ), সিনিয়র লিডারশিপে লেভেল-৭ ডিগ্রি এবং চার্টার্ড ম্যানেজারের স্বীকৃতি ছিল। এসব যোগ্যতার পাশাপাশি তিনি প্রয়োজনীয় ব্যবস্থাপনা দক্ষতাও অর্জন করেছিলেন।

২০২২ সালের মে মাসে তিনি সার্জারি বিভাগের চেয়ারম্যান পদে আবেদন করে সাক্ষাৎকার দিলেও প্রয়োজনীয় অভিজ্ঞতার ঘাটতির কথা বলে তাকে নিয়োগ দেওয়া হয়নি। তবে ২০২৩ সালের নভেম্বরে আবারও তাকে আবেদন করতে উৎসাহিত করা হয়। দ্বিতীয়বার তিনি ছিলেন একমাত্র প্রার্থী।

সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর অর্জন করেন বাট। এমনকি তাকে জানানো হয়েছিল, ওই পদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। নয় সদস্যের একটি প্যানেল তার সাক্ষাৎকার নেয় এবং প্রত্যেক সদস্যই তাকে নিয়োগযোগ্য বলে বিবেচনা করেন।

তবে বিভাগের আকার ও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নিয়ে কয়েকজন প্যানেল সদস্য আপত্তি তোলেন। অথচ ট্রাস্টের সার্জারি বিভাগটিই ছিল সবচেয়ে ছোট বিভাগ, যেখানে কর্মীর সংখ্যা ছিল ১ হাজার ৩৩।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে একটি স্বয়ংক্রিয় ই-মেইলের মাধ্যমে তাকে জানানো হয়, তিনি পদটি পাচ্ছেন না। এর আগে পদত্যাগ করা ওই পদের সাবেক দায়িত্বপ্রার্থীকে আবার দায়িত্বে থাকার অনুরোধ করা হয়। কয়েক মাস পর একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ নারী চিকিৎসককে পদটিতে নিয়োগ দেওয়া হয়।

বাটের অভিযোগ, নতুন নিয়োগ পাওয়া চিকিৎসক তার তুলনায় কম অভিজ্ঞ ও কম যোগ্য ছিলেন। তার দাবি, ওই চিকিৎসককে সাক্ষাৎকারে ভিন্ন প্রশ্ন করা হয়েছিল। এ ঘটনাকে তিনি বর্ণবৈষম্য হিসেবে চ্যালেঞ্জ করেন।

ট্রাইব্যুনালে এনএইচএস ট্রাস্টের নিয়োগপ্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও অসংগতি উঠে আসে। বিচারকরা জানান, নিয়োগপ্রক্রিয়ার ব্যর্থতা ছিল পদ্ধতিগত এবং এর সংখ্যা ছিল অনেক।

ট্রাইব্যুনালে আরও উঠে আসে, ট্রাস্টের নিজস্ব কর্মীসংক্রান্ত একটি প্রতিবেদনে শ্বেতাঙ্গ প্রার্থীদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর (বিএএমই) প্রার্থীদের তুলনায় ১ দশমিক ৮৬ গুণ বেশি বলে উল্লেখ করা হয়েছিল।

এ ছাড়া বৈচিত্র্য ও কর্মক্ষেত্রে সমতা নিয়ে ট্রাস্টের বিরুদ্ধে একটি স্বাধীন তদন্ত পরিচালনা করা হয়। ওই তদন্তের দায়িত্বে থাকা ব্যারিস্টার কার্লো ব্রিন তার প্রতিবেদনে জানান, বিএএমই সম্প্রদায়ের অনেক কর্মী নিজেদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচিত হওয়ার অভিযোগ করেছেন। তাদের মধ্যে ট্রাস্টের নেতৃত্বের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের ধারণাও গভীরভাবে প্রতিষ্ঠিত ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগ ও অনানুষ্ঠানিক নেটওয়ার্কের প্রভাব ছিল। ফলে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর চিকিৎসকরা অনেক সময় নেতৃত্বের পদে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতেন।

ম্যানচেস্টার এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের বিচারক ফিল অ্যালেন বলেন, নিয়োগপ্রক্রিয়ায় পদ্ধতিগত ব্যর্থতা ছিল ব্যাপক। উসমান বাটকে কেন নিয়োগ দেওয়া হয়নি, সে বিষয়ে ট্রাস্টের দেওয়া ব্যাখ্যাগুলো নির্ভরযোগ্য ও সামঞ্জস্যপূর্ণ ছিল না।

বিচারকরা আরও বলেন, বর্ণের কারণে তার সঙ্গে ভিন্ন আচরণ করা হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রাথমিক তথ্যপ্রমাণ উসমান বাট উপস্থাপন করতে পেরেছেন। পরবর্তী সময়ে ট্রাস্টও প্রমাণ করতে পারেনি যে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তে বর্ণ কোনোভাবেই প্রভাব ফেলেনি।

এ রায়ের মাধ্যমে বর্ণবৈষম্য ও পরোক্ষ বর্ণবৈষম্যের অভিযোগে জয় পান উসমান বাট। মানসিক ক্ষতিপূরণ ও আর্থিক ক্ষতির জন্য তাকে মোট ১ লাখ ১ হাজার ৩৩৮ পাউন্ড ৭৪ পেনি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে নর্দার্ন কেয়ার অ্যালায়েন্স ট্রাস্ট ছেড়ে অন্য একটি এনএইচএস ট্রাস্টে যোগ দেন উসমান বাট।

সূত্রঃ দ্য ইনডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

বিপজ্জনক অপরাধীদের আগাম মুক্তিতে কড়া সতর্কতা ব্রিটেনের শীর্ষ পুলিশ কর্মকর্তার

যুক্তরাজ্যের ব্রাইটনে অভিবাসনবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের সংঘাতঃ গ্রেপ্তার ৫

ভিসা রিনিউয়ের ক্ষেত্রে নতুন বেতনের প্রান্তিকতা প্রদর্শন কর‍তে হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী