17.7 C
London
August 7, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বিপজ্জনক অপরাধীদের আগাম মুক্তিতে কড়া সতর্কতা ব্রিটেনের শীর্ষ পুলিশ কর্মকর্তার

ব্রিটেনে কারাগারের ধারণক্ষমতা সংকট মোকাবিলায় বিপজ্জনক অপরাধীদের আগাম মুক্তি দেওয়ার সরকারি পরিকল্পনা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যার মার্ক রাউলি সতর্ক করে বলেছেন, জননিরাপত্তার পরিবর্তে যদি কারাগারে খালি সেলের সংখ্যা বিবেচনায় রেখে বিচারসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।

লন্ডনভিত্তিক সম্প্রচারমাধ্যম এলবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যার মার্ক রাউলি বলেন, কোনো অপরাধী সমাজের জন্য কতটা ঝুঁকিপূর্ণ—সেটিই বিচারব্যবস্থার মূল বিবেচ্য হওয়া উচিত। কিন্তু কারাগারের ধারণক্ষমতার সংকটের কারণে যদি সেই মূল্যায়নকে পাশ কাটিয়ে আগাম মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

সম্প্রতি প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বিতর্কিত আগাম মুক্তির পরিকল্পনা পর্যালোচনা করে ধর্ষণ এবং শিশুদের বিরুদ্ধে গুরুতর যৌন অপরাধে দণ্ডিত ব্যক্তিদের এ সুবিধার বাইরে রাখার সিদ্ধান্ত নেন। তবে পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রু হার্পার হত্যাকাণ্ডে দণ্ডিত দুই ব্যক্তিকেও এই সুবিধার আওতার বাইরে রাখার জন্য ব্যাপক চাপ থাকলেও সরকার সে দাবি গ্রহণ করেনি।

পুলিশ কনস্টেবল অ্যান্ড্রু হার্পার ২০১৯ সালে একটি চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় নিহত হন। সেই হত্যাকাণ্ড ব্রিটেনজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

স্যার মার্ক রাউলি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে নিহত কোনো পুলিশ কর্মকর্তার হত্যাকারীদের আগাম মুক্তি দেওয়া শুধু নিহতের পরিবারকেই নয়, পুরো পুলিশ বাহিনীকেই হতাশ করে। তার মতে, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ সদস্যরা এমন সিদ্ধান্তকে বিচারব্যবস্থার পক্ষ থেকে তাদের প্রতি সমর্থনের ঘাটতির প্রতীক হিসেবে দেখেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম স্বীকার করেছেন, তিনি আরও কিছু অপরাধীকে আগাম মুক্তির তালিকা থেকে বাদ দিতে চেয়েছিলেন। তবে তিনি বলেন, অতিরিক্ত ছাড় না দিলে দেশের কারাগারগুলো দ্রুত পূর্ণ ধারণক্ষমতায় পৌঁছে যেতে পারে এবং পুরো কারা ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। ফলে জননিরাপত্তা ও কারাগারের সক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে এই পরিকল্পনা নিয়ে ব্রিটেনে রাজনৈতিক অঙ্গন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ভুক্তভোগীদের পরিবারের মধ্যে তীব্র আলোচনা চলছে। সমালোচকদের দাবি, কারাগারের সংকট সমাধানের দায় অপরাধীদের আগাম মুক্তির মাধ্যমে জনগণের নিরাপত্তার ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। অন্যদিকে সরকার বলছে, বর্তমান পরিস্থিতিতে কারা ব্যবস্থার কার্যকারিতা বজায় রাখতে কঠিন কিন্তু প্রয়োজনীয় কিছু সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়া বিকল্প নেই।

সূত্রঃ ডেইলি মেইল

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের আবাসন মন্ত্রীকে মন্ত্রীত্ব ছাড়ার হুঁশিয়ারি

যুক্তরাজ্যের তহবিল কমানোর সিদ্ধান্ত ‘বিপর্যয়কর’: ব্র্যাক

ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে রাজা চার্লস ও রানি ক্যামিলাকে উষ্ণ সংবর্ধনা