ব্রিটেনে বয়স্কদের বিনা মূল্যে বাসে যাতায়াতের সুবিধা পাওয়ার বয়সসীমায় পরিবর্তন আসছে। রাষ্ট্রীয় পেনশন পাওয়ার বয়স ধাপে ধাপে ৬৬ থেকে ৬৭ বছরে উন্নীত করার কারণে ইংল্যান্ডে ফ্রি বাস পাস পাওয়ার যোগ্যতার বয়সও বাড়ছে। ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই পরিবর্তন ২০২৮ সালের মার্চ পর্যন্ত চলবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের ন্যাশনাল কনসেশনরি ট্রাভেল স্কিমের আওতায় বয়স্কদের বাস পাস পাওয়ার যোগ্যতা রাষ্ট্রীয় পেনশনের বয়সের সঙ্গে যুক্ত। ফলে যাদের ক্ষেত্রে পেনশনের বয়স বাড়ছে, তাদের বিনা মূল্যে বাসে যাতায়াতের সুবিধা পেতেও অপেক্ষা করতে হতে পারে।
১৯৬০ সালের ৬ এপ্রিল থেকে ১৯৬১ সালের ৫ মার্চের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে নতুন নিয়মটি প্রযোজ্য হবে। জন্মতারিখ অনুযায়ী তাদের রাষ্ট্রীয় পেনশন পাওয়ার বয়স হবে ৬৬ বছর ১ মাস থেকে ৬৬ বছর ১১ মাসের মধ্যে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৬০ সালের ৬ এপ্রিল থেকে ৫ মে-র মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিরা ৬৬ বছর ১ মাস বয়সে পেনশন পাওয়ার যোগ্য হবেন। অন্যদিকে, ১৯৬০ সালের ৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা হবে ৬৬ বছর ৬ মাস। আর ১৯৬১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের পেনশনের বয়স হবে ৬৬ বছর ১১ মাস।
১৯৬১ সালের ৬ মার্চ বা তার পরে জন্ম নেওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় পেনশন পাওয়ার বয়স হবে ৬৭ বছর। ২০২৬ সালের মে মাস থেকে প্রথম দফার ব্যক্তিরা নতুন বয়সসীমা অনুযায়ী যোগ্যতা অর্জন করতে শুরু করেছেন।
তবে লন্ডনের বাসিন্দাদের জন্য আলাদা সুবিধা রয়েছে। ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ৬০+ লন্ডন অয়েস্টার ফটোকর্ড ব্যবহার করে লন্ডনের আওতাভুক্ত গণপরিবহনে বিনা মূল্যে যাতায়াত করতে পারেন।
এদিকে, রাষ্ট্রীয় পেনশন স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয় না। পেনশন সার্ভিস সাধারণত যোগ্যতার বয়স পূর্ণ হওয়ার প্রায় চার মাস আগে আবেদন করার জন্য চিঠি পাঠায়। তাই অবসরের কাছাকাছি বয়সে থাকা ব্যক্তিদের নিজেদের যোগ্যতা যাচাই করে আগেভাগে পেনশনের জন্য আবেদন করার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এমকে

