13 C
London
October 27, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে শীতের পোশাক পরে গাড়ি চালালেই £১,০০০ জরিমানাঃ চালকদের জন্য সতর্কবার্তা

ব্রিটেনে শীতের সময় মোটা কোট, গ্লাভস, স্কার্ফ ও টুপি পরে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। এসব পোশাকের কারণে গাড়ির নিয়ন্ত্রণ, দৃষ্টিসীমা কিংবা চালকের চলাচলে বাধা সৃষ্টি হলে জরিমানা ও ড্রাইভিং লাইসেন্সে পেনাল্টি পয়েন্ট পাওয়ার ঝুঁকি রয়েছে। পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী জরিমানা সর্বোচ্চ ১ হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইকো–এর প্রতিবেদনে বলা হয়েছে, শীতের সকালে গাড়িতে ওঠার আগে গরম পোশাক পরা স্বাভাবিক হলেও গাড়ি চালানোর সময় অতিরিক্ত ভারী বা চলাচলে বাধা সৃষ্টি করে এমন পোশাক সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে মোটা কোট, ভারী গ্লাভস ও বড় স্কার্ফ গাড়ির নিয়ন্ত্রণ এবং নিরাপদে গাড়ি চালানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।

যুক্তরাজ্যের হাইওয়ে কোডের ৯৭ নম্বর নিয়ম অনুযায়ী, চালকদের এমন জুতা ও পোশাক পরতে হবে, যাতে গাড়ির নিয়ন্ত্রণ যথাযথভাবে পরিচালনায় বাধা সৃষ্টি না হয়। অর্থাৎ, পোশাক পরা নিজে কোনো অপরাধ নয়; বরং সেই পোশাকের কারণে নিরাপদে গাড়ি চালানো ব্যাহত হচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।

মোটরিং বিশেষজ্ঞদের মতে, মোটা গ্লাভস পরলে স্টিয়ারিং হুইল বা গিয়ার পরিবর্তনের নিয়ন্ত্রণে হাতের গ্রিপ দুর্বল হতে পারে। একইভাবে, ভারী কোট ও মোটা স্কার্ফ মাথা ঘোরানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। এতে আয়না পরীক্ষা করা কিংবা গাড়ির পাশের অদৃশ্য অংশ বা ব্লাইন্ড স্পট পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়তে পারে।

এ ছাড়া বড় টুপি ও কানের ওপর পরা গরম রাখার সামগ্রী চালকের দৃষ্টিসীমা বা আশপাশের গাড়ির শব্দ এবং জরুরি যানবাহনের সাইরেন শোনার ক্ষমতায় বাধা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

হারউডস গ্রুপের বিক্রয় ও বিপণন পরিচালক ক্লেয়ার ফ্রিম্যান্টল বলেন, তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে চালকেরা অজান্তেই আইন ভঙ্গের ঝুঁকিতে পড়তে পারেন। হাইওয়ে কোডের ৯৭ নম্বর নিয়মে গাড়ির নিয়ন্ত্রণ যথাযথভাবে পরিচালনায় বাধা সৃষ্টি করে না—এমন পোশাক পরার কথা বলা হয়েছে।

তিনি আরও সতর্ক করেন, গ্লাভস হাতে উষ্ণতা দিলেও স্টিয়ারিং হুইলে গ্রিপ দুর্বল করতে পারে। অন্যদিকে, স্কার্ফ, বড় পাফার জ্যাকেট ও মোটা উলের টুপি দৃষ্টিসীমায় বাধা সৃষ্টি করতে পারে। শীতের সময় এসব বিষয় চালকদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, চালকের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হলে ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। বিষয়টি আদালতে গড়ালে জরিমানা সর্বোচ্চ ১ হাজার পাউন্ড এবং ড্রাইভিং লাইসেন্সে তিনটি পেনাল্টি পয়েন্ট পর্যন্ত হতে পারে। আর গাড়ির নিয়ন্ত্রণ হারানোর মতো গুরুতর ঘটনায় সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড জরিমানার বিধানও প্রযোজ্য হতে পারে।

শীতের পোশাকজনিত ঝুঁকি এড়াতে গাড়ি চালানোর আগে গাড়ির ভেতর উপযুক্ত তাপমাত্রা তৈরি করে নেওয়া এবং প্রয়োজন হলে ভারী বাইরের পোশাক খুলে হালকা পোশাকে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্রঃ দ্য ইকো

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে স্থায়ী ভিসা নেই এমন ট্রান্স প্রার্থী হলিরুড হতে এমএসপি নির্বাচিত

যুক্তরাজ্যে প্রায় ৫০ বছর কাটিয়ে অবসরপ্রাপ্ত ব্যবসায়ী জানলেন তিনি ব্রিটিশ নন

যুক্তরাজ্যে কাউন্টি ডারহামের পর সান্ডারল্যান্ডেও শরণার্থী বাসস্থানের উদ্যোগে স্থগিতাদেশ

নিউজ ডেস্ক