14.7 C
London
October 29, 2026
TV3 BANGLA
আমেরিকা

মুসলিম সিনেট প্রার্থীকে ‘জিহাদি’ বললেন ট্রাম্পঃ নাম নিয়েও কটাক্ষ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ২০২৬ সালের সিনেট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আবদুল এল-সায়েদকে লক্ষ্য করে একাধিক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচার ও সমাবেশে ট্রাম্প তাকে ‘জিহাদি’, ‘উগ্র বামপন্থী’ এবং ‘মুসলিম ব্রাদারহুডের সদস্য’ বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি তার নাম নিয়েও কটাক্ষ করেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও পোস্টে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এল-সায়েদকে ‘মোহাম্মদ’ বা ‘মুহাম্মদ’ নামে সম্বোধন করার বিষয়ে সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট, আমি তোমাকে যা খুশি নামে ডাকতে পারি।” পরে তিনি দাবি করেন, এল-সায়েদের মধ্য নামও মুহাম্মদ।

ট্রাম্প আরও প্রশ্ন তোলেন, এল-সায়েদের মতো একজন ব্যক্তিকে সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটিতে রাখার বিষয়টি কীভাবে বিবেচনা করা হতে পারে।

ডেমোক্র্যাটিক প্রার্থী আবদুল এল-সায়েদের পূর্ণ নাম আবদুলরহমান মোহাম্মদ এল-সায়েদ। তিনি একজন চিকিৎসক, মহামারিবিদ এবং ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক। মিশিগানের সিনেট আসনটির জন্য তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্রাম্পের মন্তব্যের জবাবে এল-সায়েদ বলেছেন, তার নাম ও ধর্মবিশ্বাসকে সামনে এনে মানুষের দৈনন্দিন অর্থনৈতিক সংকট থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “আমার নাম ও ধর্মবিশ্বাসের কারণে মানুষের পেট্রলের দাম বা মুদি পণ্যের খরচ বেশি হচ্ছে না।” তার বক্তব্য, মানুষের জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় নিয়ে আলোচনা হওয়া উচিত।

সূত্রঃ রয়টার্স

এমকে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ তরুণ-তরুণীর ভালো সময় কাটে স্মার্টফোন দূরে থাকলে

ইরান অভিযান ঘিরে নতুন বিতর্কঃ তথ্য ফাঁসে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশসহ ছয় দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র্রের সতর্কতা