ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে “ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন” বলে মন্তব্য করে নতুন আন্তর্জাতিক বিতর্কের জন্ম দিয়েছেন। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি ব্রিটেনের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে কটাক্ষ করে এই মন্তব্য করেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গ টেনে বলেন, ইসরায়েল এমন পরিস্থিতি ঠেকাতেই কাজ করছে।
সাবেক ইসরায়েলি সামরিক কর্মকর্তা আভি হারুশের পডকাস্টে নেতানিয়াহু জানান, তিনি উইনস্টন চার্চিলের নাতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যিনি ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। এরপর তিনি বলেন, “এখনকার ব্রিটেনে, বা যেটাকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলা হচ্ছে, সেখানে এমন মনোভাব আর খুঁজে পাবেন না।”
মন্তব্যের একপর্যায়ে নেতানিয়াহু বলেন, “কেউ একজন বলেছিলেন, পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হবে ব্রিটেন। আমরা নিশ্চিত করছি, ইরানে আরেকটি এমন রাষ্ট্র তৈরি না হয়।” যদিও তিনি এটিকে রসিকতার সুরে বলেছিলেন, তবুও মন্তব্যটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এই বক্তব্য অনেকের কাছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ২০২৪ সালের মন্তব্যের পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। সে সময় ভ্যান্স বলেছিলেন, যুক্তরাজ্য “পারমাণবিক অস্ত্রধারী প্রথম সত্যিকারের ইসলামপন্থী দেশ” হতে পারে। তৎকালীন ব্রিটিশ ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার সেই মন্তব্যকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছিলেন।
বিশ্লেষকদের মতে, এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন গাজা যুদ্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে লন্ডন ও তেল আবিবের সম্পর্ক আগের তুলনায় বেশি উত্তেজনাপূর্ণ। নেতানিয়াহু এর আগে ব্রিটিশ সরকারের ফিলিস্তিন নীতির সমালোচনা করে অভিযোগ করেছিলেন যে, এমন সিদ্ধান্ত হামাসকে উৎসাহিত করে।
অন্যদিকে ব্রিটিশ সরকার সম্প্রতি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-কে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে নিষিদ্ধ করেছে। একই সময়ে দুই দেশ কূটনৈতিক যোগাযোগও বজায় রেখেছে; ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আরের সঙ্গে বৈঠক করে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অভিন্ন অবস্থানের কথা তুলে ধরেন।
নেতানিয়াহুর মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা দেখা গেছে। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তান ইতোমধ্যেই একটি পারমাণবিক অস্ত্রধারী ইসলামিক প্রজাতন্ত্র, ফলে ব্রিটেনকে ঘিরে তাঁর মন্তব্যকে অনেকেই বিভ্রান্তিকর ও উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন।
সূত্রঃ জিবি নিউজ
এম.কে

