ইউরোপের সীমান্ত নিরাপত্তায় বড় ধরনের দুর্বলতা দেখা দেওয়ায় এর প্রভাব যুক্তরাজ্যের ওপরও পড়তে পারে বলে সতর্ক করেছেন হেনরি জ্যাকসন সোসাইটির নির্বাহী পরিচালক অ্যালান মেনডোজা। তার দাবি, স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ৫০ হাজার অভিবাসীর প্রবেশ ইউরোপের সীমান্ত ব্যবস্থার বড় ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
এক মতামতধর্মী নিবন্ধে তিনি বলেন, একটি সীমান্ত তখনই কার্যকর থাকে, যখন সীমান্তরক্ষীরা অবৈধভাবে প্রবেশকারীদের প্রতিরোধ করতে পারে। কিন্তু সেউতার ঘটনায় স্পেনের সীমান্ত অল্প সময়ের মধ্যেই ব্যাপক চাপের মুখে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করতে হয়। যদিও পরে অনেক অভিবাসী স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন, তবুও এই ঘটনা ইউরোপের সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
মেনডোজা উল্লেখ করেন, গত ৮ জুলাই স্পেনের সর্বোচ্চ আদালত রায় দেয় যে সমুদ্রপথে সাঁতরে সেউতা বা মেলিয়ায় প্রবেশকারীদের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানোর আইন প্রযোজ্য নয়। তার মতে, এই রায় মানবপাচারকারী চক্রের কাছে এমন বার্তা দিয়েছে যে সমুদ্রপথে প্রবেশ করলে অভিবাসন প্রক্রিয়ায় অন্তত কিছুটা সময় পাওয়া যাবে, যা আরও বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ যাত্রায় উৎসাহিত করতে পারে।
তিনি বলেন, মানবিক সংকটের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও প্রতিটি রাষ্ট্রের নিজস্ব সীমান্ত নিয়ন্ত্রণের অধিকার রয়েছে। সহানুভূতির অর্থ সীমান্ত ব্যবস্থাকে অকার্যকর করে দেওয়া নয়।
ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় নীতির আওতায় সীমান্তবর্তী দেশগুলোর ওপর চাপ কমাতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দায়িত্ব ভাগ করে নেওয়ার ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে ইতালি, ডেনমার্ক ও ফিনল্যান্ড স্পেনের সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং শেনজেন অঞ্চলে স্পেনের অবস্থান পর্যালোচনার দাবি তুলেছে।
বিশ্লেষকের মতে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকলেও ইউরোপের সীমান্ত সংকটের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। স্পেনে পৌঁছানো অনেক অভিবাসী পরে ফ্রান্স হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেন।
তিনি আরও দাবি করেন, সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ফরাসি কর্তৃপক্ষের উপস্থিতিতেই কিছু অভিবাসী নৌকায় করে ইংলিশ চ্যানেলের উদ্দেশ্যে রওনা হন। একই দিনে নয়টি নৌকায় মোট ৭৫২ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন বলেও তিনি উল্লেখ করেন।
সূত্রঃ জিবি নিউজ
এম.কে

