যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। স্থানীয় সময় ২২ নভেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উন্মোচন করা হয়।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদানকে স্বীকৃতি জানিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, এ উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সড়কটির অবস্থান বিশেষ গুরুত্ব বহন করে। এটি শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের পাশে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশে অবস্থিত। আগে ভবনটি সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত প্রকৌশলী ফজলুর রহমান খান। ফলে একই এলাকায় বাংলাদেশের দুই বিশিষ্ট ব্যক্তিত্বের নাম যুক্ত হওয়াকে প্রবাসী বাংলাদেশিরা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।
শিকাগোর বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশিদের সহযোগিতায় নামকরণের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়। প্রস্তাবটি উত্থাপন করেন শিকাগো সিটি কাউন্সিলের ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস। পরে সিটি কাউন্সিলের অনুমোদনের মধ্য দিয়ে উদ্যোগটি বাস্তবায়িত হয়।
বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা, তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান নামকরণের প্রস্তাবে গুরুত্ব পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিজয়ী হওয়ার বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়।
এদিকে শিকাগোতে এটি বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নামে সড়কের নামকরণের প্রথম ঘটনা নয়। এর আগে ২০১৪ সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শহরটির আরেকটি সড়কের নাম রাখা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।
শিকাগোর এই উদ্যোগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির একটি দীর্ঘদিনের প্রচেষ্টা বাস্তব রূপ পেয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ একটি শহরের কেন্দ্রস্থলে খালেদা জিয়ার নামে সম্মানসূচক সড়কনাম যুক্ত হওয়াকে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সূত্রঃ বাসস \ শিকাগো সিটি কাউন্সিলের নথি
এমকে

