12 C
London
September 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

রাশিয়া-চীনের ভেটোতে ইরান-বিরোধী প্রস্তাব ব্যর্থঃ জাতিসংঘে অপমানিত ওয়াশিংটন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি খসড়া প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোতে ব্যর্থ হয়েছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য গঠিত ১৭৩৭ কমিটির সহায়তাকারী বিশেষজ্ঞ প্যানেলের ম্যান্ডেট বাড়ানোর লক্ষ্যে ওয়াশিংটনের এই উদ্যোগ কৌশলগত ধাক্কা খেয়েছে।

প্রস্তাবটির পক্ষে ১১টি ভোট পড়ে। সোমালিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত থাকে। তবে নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের বিপক্ষে ভোট তথা ভেটোই প্রস্তাবটি পাস হওয়া ঠেকানোর জন্য যথেষ্ট ছিল।

ইরানের জাতিসংঘ মিশন দ্রুত এই ফলাফলকে স্বাগত জানিয়েছে। মস্কো ও বেইজিংয়ের প্রতি ‘গভীর কৃতজ্ঞতা’ প্রকাশ করে তারা বলেছে, দুই দেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নিয়েছে।

চীনের প্রতিনিধি ফু কং খসড়া প্রস্তাবের বিরোধিতা করে পরিষদকে “দায়িত্বশীল পদক্ষেপ” গ্রহণের আহ্বান জানান। তিনি ইরানের ওপর মার্কিন হামলাকে “বর্তমান সংকটের মূল কারণ” হিসেবে অভিহিত করেন এবং বলেন, নিষেধাজ্ঞা উত্তেজনা আরও বাড়াবে। ফু কং উল্লেখ করেন, ২০২৫ সালের ১৮ অক্টোবর রেজোলিউশন ২২৩১-এর মেয়াদ শেষ হয়ে গেছে এবং ইরানের পারমাণবিক ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। বেইজিং নিরাপত্তা পরিষদকে একপাক্ষিক লক্ষ্য অর্জনের মঞ্চে পরিণত করার বিরোধিতা করেছে এবং সব পক্ষকে বহুপাক্ষিকতার বিশ্বাসযোগ্যতা রক্ষা ও রাজনৈতিক সমাধানের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে।

রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া ১৭৩৭ কমিটিকে “অবৈধ” বলে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় নয় এবং ইরানের বিরুদ্ধে জাতিসংঘের পূর্ববর্তী রেজোলিউশনগুলো পুনর্বহাল হয়নি। ২০২৫ সালের ১৮ অক্টোবর রেজোলিউশন ২২৩১-এর মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে নেবেনজিয়া বলেন, ওই প্রস্তাব আর পরিষদের এজেন্ডায় নেই। এই ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকের কোনো আইনি ও পদ্ধতিগত ভিত্তি নেই বলেও তিনি মন্তব্য করেন।

রাশিয়া বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর বিপক্ষে ভোট দিয়েছে কারণ তারা ১৭৩৭ কমিটিকে অবৈধ মনে করে। নেবেনজিয়া জানান, ভোটের আগে খসড়া প্রস্তাবের পৃষ্ঠপোষকদের এমন পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্যানেলের মেয়াদ বাড়াতে পীড়াপিড়ি করে রাজনৈতিক সংঘাতের পথ বেছে নিয়েছে। তিনি এটিকে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে পশ্চিমা দেশগুলোর “উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ”-এর অংশ হিসেবে বর্ণনা করেন।

এই ভেটোর ফলে তেহরানের ওপর বহুপাক্ষিক নিষেধাজ্ঞার চাপ পুনর্বহালের জন্য ওয়াশিংটনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

সূত্রঃ পার্স টুডে\ রয়টার্স

এমকে

আরো পড়ুন

ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মালিকানা নিয়ে মেটার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলার শুনানি শুরু

অভিবাসন ইস্যুতে মতবিরোধ, নেদারল্যান্ডসে সরকার পতন

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ম্যাক্রো