রোহিঙ্গা মুসলিমদের ওপর ২০১৭ সালে চালানো নৃশংস সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার সাত বছর ধরে চলা এই মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। রায় মিয়ানমারের বিরুদ্ধে গেলে আন্তর্জাতিক আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করার নজির তৈরি হতে পারে।
১৯৪৮ সালে নাৎসি হলোকাস্টের পর গণহত্যা সনদ স্বাক্ষরিত হয়। এরপর রুয়ান্ডা ও সাবেক যুগোস্লাভিয়াসহ বিভিন্ন সংঘাতের ঘটনায় বহু ব্যক্তিকে গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি।
মামলাটির নেতৃত্ব দেওয়া আইনজীবী আরসালান সুলেমান বলেন, গাম্বিয়া এই মামলায় জয়ী হলে তা হবে আন্তর্জাতিক আইনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। এর মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা সনদ এবং রাষ্ট্রের সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক জবাবদিহির ধারণা নতুন করে শক্তিশালী হবে।
২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ সামরিক অভিযান চালানো হয়। ওই অভিযানে অসংখ্য মানুষ নিহত হন। পুড়িয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের গ্রাম। হত্যা, নির্যাতন ও গণধর্ষণের শিকার হয়ে কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক সংবাদদাতা জনাথন হেড জানান, তিনি নিজেও রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন। পাশাপাশি বাংলাদেশে পালিয়ে আসা বিপুলসংখ্যক মানুষের ভয়াবহ মানবিক দুর্ভোগও দেখেছেন।
জাতিসংঘের একটি তদন্ত কমিশন ২০১৮ সালের প্রতিবেদনে জানায়, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় চরম অসামঞ্জস্যপূর্ণ ছিল। প্রতিবেদনে রাখাইন রাজ্যে গণহত্যা এবং অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের সুপারিশ করা হয়। তবে মিয়ানমার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে।
মিয়ানমার কর্তৃপক্ষ বরাবরই জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতে নিরাপত্তা অভিযান চালানো হয়েছিল।
মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় দেশটির সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি সেখানে মামলা করার সুযোগ সীমিত ছিল। এ পরিস্থিতিতে ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে।
গাম্বিয়ার যুক্তি ছিল, গণহত্যা সনদের বাধ্যবাধকতা সব রাষ্ট্রের জন্য প্রযোজ্য। তাই কোনো রাষ্ট্র সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও গণহত্যা সনদ লঙ্ঘনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।
মামলাটির বিশেষ দিক হলো, গাম্বিয়া নিজে রোহিঙ্গা নিপীড়নের সরাসরি শিকার না হলেও মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। মিয়ানমার এ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানালেও আন্তর্জাতিক বিচার আদালত গাম্বিয়ার মামলা করার আইনি অধিকার স্বীকার করেন।
মামলাটি আন্তর্জাতিক অঙ্গনে আরও আলোচনায় আসে যখন মিয়ানমারের তৎকালীন নির্বাচিত সরকারের প্রধান ও নোবেলজয়ী অং সান সু চি নিজেই নেদারল্যান্ডসের হেগে গিয়ে দেশের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন। রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর অভিযানের নিন্দা না করায় তিনি আন্তর্জাতিকভাবে সমালোচিত হন।
সু চির যুক্তি ছিল, রাখাইনের সংঘাত ছিল জটিল এবং সেখানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকলেও তা গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে না। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবর্তে মিয়ানমারের সামরিক বাহিনী নিযুক্ত নতুন আইনজীবী দল মামলাটির প্রতিরক্ষা পরিচালনা করছে।
আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত কঠিন। বিশেষ করে কোনো রাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি গণহত্যার নির্দেশ বা সুস্পষ্ট পরিকল্পনার প্রমাণ না থাকলে আদালতকে দেখতে হয়, অভিযুক্তদের কর্মকাণ্ড থেকে গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা পাওয়া যায় কি না।
১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনা সার্বিয়ার বিরুদ্ধে গণহত্যার মামলা করেছিল। ১৪ বছর পর ২০০৭ সালে আদালত রায় দেয়, ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ড গণহত্যা হলেও সার্বিয়া রাষ্ট্রের সরাসরি গণহত্যার উদ্দেশ্য ছিল—এমন পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে সার্বিয়াকে দায়ী করা হয়েছিল।
গাম্বিয়ার আইনজীবী দল বলছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও চলাচলের ওপর ধারাবাহিক বিধিনিষেধ আরোপের বিষয়গুলো গণহত্যার উদ্দেশ্য বোঝার গুরুত্বপূর্ণ প্রমাণ।
আরসালান সুলেমানের মতে, ১৯৮২ সালের নাগরিকত্ব আইনসহ একের পর এক বৈষম্যমূলক নীতি রোহিঙ্গাদের জীবনকে কার্যত অসম্ভব করে তুলেছিল। এসব নীতি, সরকারি বক্তব্য, প্রচারণা ও ২০১৭ সালের সামরিক অভিযানের প্রেক্ষাপট একসঙ্গে বিবেচনা করলে গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়।
আন্তর্জাতিক বিচার আদালত গাম্বিয়ার পক্ষে রায় দিলে মিয়ানমার রাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশটি ইতিহাসে গণহত্যার দায়ে অভিযুক্ত রাষ্ট্রগুলোর তালিকায় যুক্ত হবে। বিশেষ করে ২০১৭ সালের সামরিক অভিযানের দায়িত্বে থাকা এবং বর্তমানে মিয়ানমারের ক্ষমতায় থাকা জেনারেল মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে।
আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের রায়ের সঙ্গে সরাসরি কোনো শাস্তি বা জরিমানার বিধানও নেই। ফলে রায় হলেও তা কার্যকর করার ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনৈতিক চাপ ও অন্যান্য রাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
তবে রোহিঙ্গাদের জন্য এই রায় শুধু আইনি সিদ্ধান্ত নয়, দীর্ঘদিনের নির্যাতনের আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়ও।
২০১৭ সালে রাখাইনের বুথিডং এলাকা থেকে বিতাড়িত হয়ে বর্তমানে কানাডায় বসবাসরত রোহিঙ্গা মোহাম্মদ নওকিম বলেন, এই বিচার তাদের দুর্ভোগের আনুষ্ঠানিক স্বীকৃতির মতো। কয়েক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন রোহিঙ্গারা।
রোহিঙ্গা অধিকারকর্মীদের আশা, মিয়ানমারের বিরুদ্ধে রায় এলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের নিরাপদে নিজ দেশে ফেরানোর বিষয়ে আরও সমন্বিত উদ্যোগ নেবে।
বর্তমানে বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। কক্সবাজারের শিবিরগুলোতে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের সংকট আরও গভীর হচ্ছে।
তবে প্রত্যাবাসনের পথ এখনো অত্যন্ত কঠিন। রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা বর্তমানে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে। স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর একটি বড় অংশও রোহিঙ্গাদের ফিরে আসার বিরোধিতা করছে। এ ছাড়া বহু রোহিঙ্গা গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায় হলেও তা এককভাবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন কিংবা রাখাইনের বর্তমান বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।
সূত্রঃ বিবিসি
এমকে

