9.1 C
London
October 30, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে সম্প্রসারিত হচ্ছে বেকারলু আন্ডারগ্রাউন্ড লাইনঃ নতুন স্টেশন হবে বার্গেস পার্ক ও ওল্ড কেন্ট রোডে

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্প্রসারিত হতে যাচ্ছে বেকারলু আন্ডারগ্রাউন্ড রেললাইন। নতুন পরিকল্পনা অনুযায়ী, বর্তমান এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল স্টেশন থেকে লাইনটি দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশাম পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য লন্ডনের মেয়র সাদিক খানকে আরও আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রী জন হিলির বাজেট ঘোষণার অংশ হিসেবে ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলের মেয়র ও আঞ্চলিক নেতাদের বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের জন্য বাড়তি অর্থ ও ক্ষমতা দেওয়া হচ্ছে। এর আওতায় স্থানীয়ভাবে সংগৃহীত ব্যবসায়িক কর এবং আয়করের একটি অংশ আঞ্চলিক প্রশাসনের হাতে রাখার সুযোগ তৈরি করা হবে।

এই নতুন ব্যবস্থার ফলে সাদিক খান দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা লন্ডনের কয়েকটি বড় পরিবহন প্রকল্প এগিয়ে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে বেকারলু লাইন সম্প্রসারণ এবং ওয়েস্ট লন্ডন অরবিটাল রেল প্রকল্প। ওয়েস্ট লন্ডন অরবিটাল প্রকল্পের মাধ্যমে বর্তমানে অব্যবহৃত মালবাহী রেলপথ ব্যবহার করে হেনডন ও হাউনসলোকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বেকারলু লাইন সম্প্রসারণ প্রকল্পে এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল থেকে লুইশাম পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এতে বার্গেস পার্ক ও ওল্ড কেন্ট রোড এলাকায় দুটি নতুন স্টেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পূর্ব লন্ডনের বাসিন্দাদের গণপরিবহন ব্যবস্থায় যাতায়াত আরও সহজ হতে পারে।

মঙ্গলবার লন্ডনের মেয়র সাদিক খান বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি ক্ষমতা পাওয়া গেলে রাজধানীজুড়ে গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের পথ সহজ হবে।

নতুন বাজেট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে স্থানীয় প্রশাসনগুলো ব্যবসায়িক করের সম্পূর্ণ অর্থ নিজেদের কাছে রাখতে পারবে। আগামী বছর থেকে এই করের এক-পঞ্চমাংশ মেয়রদের জন্য বরাদ্দের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে আয়কর আদায়ের একটি অংশও মেয়রদের হাতে দেওয়া হবে।

সরকারের দাবি, স্থানীয়ভাবে সংগৃহীত করের অর্থ স্থানীয় উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পর্যটন কর থেকে সম্ভাব্য আয়ও দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।

সিটি এএম-এর হিসাব অনুযায়ী, নতুন করক্ষমতার মাধ্যমে প্রায় ১০ বিলিয়ন পাউন্ড অতিরিক্ত ঋণ গ্রহণের সক্ষমতা তৈরি হতে পারে। এর ফলে লন্ডনের মেয়র দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা বড় পরিবহন প্রকল্পগুলোর নির্মাণকাজ অনুমোদন ও বাস্তবায়নের সুযোগ পাবেন।

লন্ডনের অন্যান্য অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে ইউস্টন রেলস্টেশনের ৫০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে আধুনিকায়ন এবং স্ট্র্যাটফোর্ড স্টেশনকে আন্তর্জাতিক যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপান্তর করা।

লন্ডনের বাইরে ইংল্যান্ডের অন্যান্য অঞ্চলও এই নতুন অর্থায়ন ব্যবস্থার সুবিধা পাবে। অর্থমন্ত্রী জন হিলি জানিয়েছেন, বিভিন্ন মেয়র ও আঞ্চলিক প্রশাসনের জন্য ১ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডের বিকেন্দ্রীকৃত ঋণ সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে ব্ল্যাক কান্ট্রি মেট্রো প্রকল্প, ডনকাস্টার বিমানবন্দর পুনরায় চালু করা এবং গেটসহেড এলাকার পুনর্গঠনের মতো উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।

এদিকে, যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিকেন্দ্রীকরণ চুক্তির আওতায় নতুন ১০টি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২০২৮ সালের মধ্যে ইংল্যান্ডের সব অঞ্চলে পূর্ণাঙ্গ বিকেন্দ্রীকরণ ব্যবস্থা চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অর্থমন্ত্রী জন হিলি স্থানীয়ভাবে সংগৃহীত করের অর্থ স্থানীয় প্রশাসনের হাতে রাখার সিদ্ধান্তকে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, যেসব জনপ্রতিনিধি নিজেদের এলাকার প্রয়োজন সবচেয়ে ভালো বোঝেন, তাদের হাতেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ক্ষমতা ও অর্থ থাকা উচিত।

সরকার আরও জানিয়েছে, মেয়রদের হাতে ব্যবসায়িক করের অর্থ রাখার নতুন ব্যবস্থা চালু হলে কেন্দ্রীয় সরকারের দেওয়া কিছু অনুদানের বিকল্প হিসেবে এটি কাজ করবে। এ বিষয়ে স্থানীয় সরকারগুলোর মতামত নেওয়ার জন্য চলতি বছরের শেষ দিকে প্রস্তাব আহ্বান করা হবে।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে প্রবেশে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক

যুক্তরাজ্যে কাউন্সিল ট্যাক্স দ্বিগুণের প্রস্তাবঃ ধনীরা নয় ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত

নিউজ ডেস্ক

বার্মিংহামে সমাজকর্মী সালমা ইয়াকুবের বাড়ির সামনে গাড়িতে অগ্নিসংযোগ