TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের মেয়র পদে কনজারভেটিভ পার্টির চূড়ান্ত তালিকায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী জেমস ক্লেভারলি

ব্রিটেনের লন্ডনের মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী ও বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে কনজারভেটিভ পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়েছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী স্যার জেমস ক্লেভারলি। ২০২৮ সালের মেয়র নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে চূড়ান্ত তিন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

ক্লেভারলির সঙ্গে চূড়ান্ত তালিকায় রয়েছেন ওয়েস্টমিনস্টার কাউন্সিলর ফেস্টাস আকিনবুসোয়ে এবং সাবেক সংসদীয় নির্বাচনের প্রার্থী সারা গেজদারি। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বিতার শেষ চারজনের তালিকায় থাকা অ্যালেক্স চালোনার চূড়ান্ত পর্যায়ে বাদ পড়েছেন।

আগামী ২ নভেম্বর ২০২৬ থেকে লন্ডনের কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোট গ্রহণ শুরু হবে। ভোট চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে শীর্ষ প্রার্থীদের মধ্যে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৫ নভেম্বর। বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২৭ নভেম্বর।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক জানিয়েছেন, লেবার পার্টির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে অপরাধ দমন, জীবনযাত্রার ব্যয় এবং আবাসন সংকটকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরবেন প্রার্থীরা।

চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়ায় ২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে সাদিক খানের বিরুদ্ধে কনজারভেটিভ পার্টির প্রার্থী হওয়ার সম্ভাবনা আরও জোরালো হলো ক্লেভারলির। তবে দলীয় সদস্যদের ভোটের ফল প্রকাশের পরই চূড়ান্ত প্রার্থীর নাম জানা যাবে।

সূত্রঃ লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ড

এমকে

আরো পড়ুন

অক্টোবরে শেষ হতে পারে যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তি

৮ অক্টোবর থেকে সেকশন ৩সি লিভ ব্যবহারে দুইটি নিয়ম পরিবর্তন

ইস্ট লন্ডনে বিল্ডিং হতে পড়ে এক কিশোরীর মৃত্যু