TV3 BANGLA
আন্তর্জাতিক

স্পেনে হাজারো অভিবাসীর ঢলঃ ‘পূর্ণ জরুরি অবস্থা’ ঘোষণা; সেনাবাহিনী মোতায়েনের দাবি

উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউটায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ্র করে তীব্র মানবিক ও নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শহরটির প্রশাসন ‘পূর্ণ মানবিক ও সামাজিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছে এবং স্পেন সরকারের কাছে জাতীয় জরুরি অবস্থা জারি ও সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে সমুদ্রপথে ১ হাজার ৫০০-এর বেশি অভিবাসী, যাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক উভয়ই রয়েছে, সিউটায় পৌঁছেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শত শত মানুষ সৈকত ধরে দৌড়ে এবং সীমান্ত অতিক্রম করে শহরের রাস্তায় প্রবেশ করছেন। অনেকেই মরক্কোর দিক থেকে সীমান্ত বেড়া টপকে স্পেনের ভূখণ্ডে ঢুকে পড়েন।

সিউটার প্রেসিডেন্ট হুয়ান জেসুস ভিভাস বলেন, বর্তমানে শহরের সব অভিবাসী গ্রহণ কেন্দ্র সম্পূর্ণ ধারণক্ষমতার বাইরে চলে গেছে। প্রতিদিন ২০০ জনেরও বেশি নতুন অভিবাসী সিউটায় প্রবেশ করছেন, ফলে নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই।

তিনি আরও জানান, সাম্প্রতিক মাসগুলোতে সিউটার উপকূলসংলগ্ন সমুদ্র থেকে অন্তত ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে মানবিক সংকট আরও গভীর হবে এবং শত শত মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হতে পারে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত আবাসন কেন্দ্রগুলো তাদের নির্ধারিত সক্ষমতার প্রায় ২,৪০০ শতাংশ পর্যন্ত ব্যবহার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

অন্যদিকে মরক্কো সরকার জানিয়েছে, তারা স্পেনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করছে। মরক্কোর নিরাপত্তা বাহিনী সিউটার দিকে যাওয়ার চেষ্টা করা বহু মানুষকে সীমান্তেই আটকে দিচ্ছে বলেও দাবি করেছে দেশটি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সাম্প্রতিক ঢলের সময় সিউটায় প্রবেশ করা অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে স্পেন ও মরক্কোর মধ্যে সমন্বয় হয়েছে।

বিশ্লেষকদের মতে, সিউটা ও মেলিলা আফ্রিকা মহাদেশে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত হওয়ায় বহু বছর ধরেই এগুলো ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে চাপ বেড়ে যাওয়ায় মানবিক ও নিরাপত্তা—উভয় ধরনের চ্যালেঞ্জই আরও তীব্র হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে স্পেন সরকার প্রায় পাঁচ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করে। এর আগে ২০২১ সালে মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় ৮ হাজার অভিবাসী মরক্কো থেকে সাঁতরে বা ছোট নৌকায় করে সিউটায় প্রবেশ করেছিলেন, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তবে সাম্প্রতিক ঘটনায় অভিবাসীদের সংখ্যা, হতাহতের পরিসংখ্যান এবং সংকটের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে বিষয়টি নিয়ে স্পেন ও মরক্কোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত ও হালনাগাদ তথ্যের অপেক্ষা করছে আন্তর্জাতিক মহল।

সূত্রঃ দ্য সান

এম.কে

আরো পড়ুন

নোবেল পুরস্কার জয়ের কল পেয়ে অধ্যাপক অ্যানি বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’

পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সিইও মিকা

অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ

নিউজ ডেস্ক