14.6 C
London
October 28, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকা

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাকযুদ্ধঃ বাংলাদেশের খলিলুর রহমানের হস্তক্ষেপে বন্ধ হলো সভা

জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধিদের মধ্যে তুমুল বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এবং কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিয়া একপর্যায়ে পরস্পরের উদ্দেশে চিৎকার করে কথা বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকা বাংলাদেশের খলিলুর রহমান হস্তক্ষেপ করেন এবং অধিবেশন সাময়িকভাবে স্থগিত করেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

২০২৬ সালের ২৭ অক্টোবর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছিল। এ সময় মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ কিউবার কমিউনিস্ট সরকার ও দেশটির নেতৃত্বের সমালোচনা করে বক্তব্য দেন। তার বক্তব্যের প্রতিবাদে কিউবার প্রতিনিধিদলের সদস্যরা চিৎকার করতে থাকেন, টেবিলে আঘাত করেন এবং অধিবেশনের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে বিধিগত আপত্তি জানানোর দাবি তোলেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিয়া নিজের আসন ছেড়ে কক্ষের সামনের দিকে এগিয়ে যান। তিনি ওয়াল্টজের বক্তব্যের প্রতিবাদ জানান। জবাবে মার্কিন রাষ্ট্রদূত তাকে পেছনে সরে যেতে বলেন। একপর্যায়ে ওয়াল্টজ চিৎকার করে বলেন, ‘পেছনে যান!’ এ সময় দুই দেশের প্রতিনিধির মধ্যে সরাসরি উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের খলিলুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, তিনি কিউবার প্রতিনিধিদলকে আসনে ফিরে গিয়ে বক্তাকে বক্তব্য শেষ করতে দেওয়ার অনুরোধ জানান। উত্তেজনা অব্যাহত থাকায় তিনি গ্যাভেল ঠুকে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করেন। কয়েক মিনিট পর অধিবেশন পুনরায় শুরু হলে কিউবার পররাষ্ট্রমন্ত্রীকে বিধিগত আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়।

অধিবেশন পুনরায় শুরু হওয়ার পর রদ্রিগেজ পারিয়া ওয়াল্টজের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যকে মিথ্যা বলে অভিহিত করেন এবং জাতিসংঘের কার্যপ্রণালি মেনে চলার আহ্বান জানান। অন্যদিকে ওয়াল্টজ কিউবার প্রতিনিধিদলের আচরণের সমালোচনা করেন। দুই পক্ষের এই বিরোধে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। কিউবা ও তার সমর্থক দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্য, কিউবার রাজনৈতিক ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে যুক্তি রয়েছে। এই বিরোধ ঘিরেই জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবছর আলোচনা ও ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

২০২৫ সালে কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৬৫টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় সাতটি দেশ এবং ১২টি দেশ ভোটদানে বিরত থাকে। তবে সাধারণ পরিষদের এ ধরনের প্রস্তাব রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও তা নিজে থেকে যুক্তরাষ্ট্রের ওপর আইনগতভাবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপ করে না বা বিদ্যমান নিষেধাজ্ঞা বাতিল করতে পারে না।

বাংলাদেশের খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার দায়িত্বের মধ্যে রয়েছে অধিবেশন পরিচালনা, বক্তাদের বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করা এবং সভার কার্যপ্রণালি বজায় রাখা। যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধিদের মধ্যে উত্তেজনার সময় তার হস্তক্ষেপ এবং অধিবেশন সাময়িক স্থগিত করার ঘটনা আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

সূত্রঃ এপি নিউজ

এমকে

আরো পড়ুন

নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞাঃ কার্যকর করল এয়ার ফ্রান্স

নিউজ ডেস্ক

অন্যায়ভাবে দেওয়া সক্রেটিসের মৃত্যুদণ্ডঃ আড়াই হাজার বছর পর নির্দোষ প্রমাণিত