TV3 BANGLA
বাংলাদেশ

জাপানে কৃষি খাতে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়ছেঃ কমছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্ভরতা

জাপানের কৃষি খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ও নেপালের দিকে ঝুঁকছে দেশটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে শ্রমিক আসার প্রবাহ কমে যাওয়ায় কৃষিকাজে দক্ষিণ এশিয়ার কর্মীদের নিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাপান। বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের উপস্থিতি দ্রুত বাড়ছে দেশটির কৃষি খাতে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) ২৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাপানের কৃষি খাতে দীর্ঘদিনের শ্রমিক সংকট মোকাবিলায় বিদেশি দক্ষ কর্মী সংগ্রহে নতুন উৎস খুঁজছে দেশটি। ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে আসা শ্রমিকদের নিজ দেশে মজুরি বাড়তে থাকায় জাপানে কাজের জন্য তাদের আকৃষ্ট করা কঠিন হয়ে উঠছে।

এ পরিস্থিতিতে টোকিওভিত্তিক বিদেশি দক্ষ কর্মীদের প্রশিক্ষণ ও ধরে রাখার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ‘মিরাই’ বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কৃষি খাতে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশের অংশীদার একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী জাপানের নির্দিষ্ট দক্ষ কর্মী (স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার) কৃষি পরীক্ষা পাস করে দেশটিতে চাকরির সুযোগ পেয়েছেন।

গত আগস্টে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা জাপানের আওমোরি প্রদেশের একটি কৃষি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পান। আগামী কয়েক মাসের মধ্যে তাদের জাপানে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের ময়মনসিংহের ২১ বছর বয়সী আহসান হাবিব বলেন, জাপানে যেতে এবং দেশটির কৃষি সম্পর্কে জানতে তিনি খুবই আগ্রহী। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালোভাবে কাজ করতে চান এবং মুরগির যথাযথ যত্ন নিতে চান।

বরিশালের ২০ বছর বয়সী আরেক কর্মী সিয়াম উর রহমান বলেন, জাপানে কাজের সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করতে চান। পাশাপাশি জীবনে প্রথমবারের মতো তুষারপাত দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।

জাপান সরকারের তথ্য অনুযায়ী, দেশটির কৃষি খাতে প্রথম শ্রেণির নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীর সংখ্যা গত জুনে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫০ জনে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৬ শতাংশ বেশি। এ শ্রেণির কর্মীদের সাধারণত সর্বোচ্চ পাঁচ বছর জাপানে থাকার অনুমতি দেওয়া হয়।

দেশভিত্তিক হিসাবে, জাপানের কৃষি খাতে সবচেয়ে বেশি কর্মী সরবরাহ করছে ইন্দোনেশিয়া। দেশটি থেকে কর্মীর সংখ্যা ১৮ হাজার ২৫৫ জনে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি।

অন্যদিকে নেপাল থেকে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ৯১৬ জনে এবং শ্রীলঙ্কা থেকে ৬০ শতাংশ বেড়ে ৬৩৮ জনে দাঁড়িয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বাংলাদেশের। বাংলাদেশি কর্মীর সংখ্যা ১২৭ শতাংশ বেড়ে ৩৩৪ জনে পৌঁছেছে।

জাপানের কৃষি খাতে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় শ্রমিকের সংকট দীর্ঘদিনের সমস্যা। এ সংকট মোকাবিলায় বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বাড়াচ্ছে দেশটি। ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কর্মীদের জন্য জাপানের কৃষি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

সূত্রঃ সাউথ চায়না মর্নিং পোস্ট

এমকে

আরো পড়ুন

বাধ্যতামূলক অবসরে পাঠানো লে. জেনারেল সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ

‘আরও শক্ত অ্যাকশন’ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘শেখ হাসিনার ফ্লাইট যেভাবে রাডারের বাইরে রাখা হয়’

নিউজ ডেস্ক