TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দেওয়াল লিখন ‘মুসলিম গেট আউট’ থেকে মসজিদে হামলা—যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষের ঊর্ধ্বগতি

যুক্তরাজ্যে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক আচরণ, মৌখিক হয়রানি এবং ইসলামবিদ্বেষী (ইসলামোফোবিক) ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সাম্প্রতিক জরিপ অনুযায়ী প্রতি তিনজন ব্রিটিশ মুসলিমের একজন ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষের কারণে যুক্তরাজ্য ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করছেন।

 

মুসলিমবিদ্বেষ পর্যবেক্ষণকারী সংস্থা টেল মামা (Tell MAMA) জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে মুসলিমবিরোধী ঘৃণাজনিত ঘটনার সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের মধ্যপ্রাচ্য-সংক্রান্ত ঘটনার পর মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলা ও হয়রানার ঘটনা কয়েকশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনগুলোতে উঠে এসেছে, অনেক মুসলিমকে প্রকাশ্যে “গেট আউট” (এ দেশ ছেড়ে চলে যাও)-এর মতো বর্ণবাদী ও বিদ্বেষমূলক মন্তব্যের মুখোমুখি হতে হচ্ছে এবং দেওয়াল লিখনেও বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। গণপরিবহন, দোকানপাট, কর্মস্থল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হয়রানির ঘটনা বেড়েছে। বিশেষ করে হিজাব বা অন্যান্য ধর্মীয় পোশাক পরিহিত মুসলিম নারীরা সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হচ্ছেন।

বিশ্লেষকদের মতে, চরম ডানপন্থী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড, মুসলিমবিরোধী বিক্ষোভ এবং বিভিন্ন মসজিদে হামলার ঘটনাও মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে। এর ফলে অনেক মুসলিম নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এদিকে বিভিন্ন মুসলিম সংগঠন সরকারকে ইসলামবিদ্বেষ মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, ঘৃণামূলক অপরাধের দ্রুত বিচার, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর নীতি গ্রহণ এখন সময়ের দাবি।

বিশেষজ্ঞদের মতে, বহুসাংস্কৃতিক সমাজ হিসেবে যুক্তরাজ্যের ঐতিহ্য ধরে রাখতে হলে ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। অন্যথায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনিরাপত্তা ও সামাজিক বিভাজন আরও গভীর হতে পারে।

সূত্রঃ টেল মামা

এম.কে

আরো পড়ুন

রেকর্ড পতনের পরও মাঝারি মেয়াদে যুক্তরাজ্যে অভিবাসন বাড়ার আভাস

লন্ডনে রাশিয়ান ওলিগার্কের প্রাসাদ দখল করে ‘ব্যালকনি বিক্ষোভ’

দিনদুপুরে লন্ডনের অভিজাত এলাকায় স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যাগ ভরে সোনা লুট