TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে মৃত্যু সহায়তা বিল ঠেকিয়ে দিল পার্লামেন্টঃ বিপক্ষে মুসলিম এমপিদের বড় অংশ

ইংল্যান্ড ও ওয়েলসে চিকিৎসকের সহায়তায় মৃত্যুর সুযোগ বৈধ করার প্রস্তাবিত বিল হাউস অব কমন্সে মাত্র ১৬ ভোটের ব্যবধানে প্রত্যাখ্যাত হয়েছে। ভোটে বিলটির পক্ষে ২৭০ জন এবং বিপক্ষে ২৮৬ জন এমপি অবস্থান নেন।

দীর্ঘ বিতর্কের পর অনুষ্ঠিত ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রস্তাবিত আইনটি আর এগোয়নি। বিলটি পাস হলে নির্দিষ্ট শর্ত পূরণকারী গুরুতর অসুস্থ প্রাপ্তবয়স্কদের চিকিৎসকের সহায়তায় জীবন শেষ করার আইনি সুযোগ তৈরি হতো।

ভোটের ফলাফলে ব্রিটেনের মুসলিম এমপিদের বড় অংশ বিলটির বিরোধিতা করেছেন বলে ফাইভপিলারসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসলামি বিধান অনুযায়ী ইচ্ছাকৃতভাবে নিজের জীবন নেওয়া হারাম। একইভাবে ইউথেনেশিয়া এবং চিকিৎসকের সহায়তায় আত্মহত্যাও নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞার ভিত্তি কোরআন ও সুন্নাহতে রয়েছে।

তবে মুসলিম বংশোদ্ভূত সব এমপি প্রস্তাবটির বিরোধিতা করেননি। ফাইভপিলারসের তথ্য অনুযায়ী, লেবার পার্টির সাদিক আল-হাসান ও টিউলিপ সিদ্দিক বিলটির পক্ষে ভোট দিয়েছেন।

এদিকে আফজাল খান, অ্যাডাম জোগি ও নুসরাত ঘানিসহ কয়েকজন মুসলিম এমপির ভোটের কোনো রেকর্ড পাওয়া যায়নি।

মৃত্যু সহায়তা প্রস্তাবটি নিয়ে হাউস অব কমন্সে ব্যাপক বিতর্ক হয়। বিলটির সমর্থকেরা গুরুতর অসুস্থ ব্যক্তিদের জীবনের শেষ পর্যায়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নেন। অন্যদিকে বিরোধীরা প্রস্তাবটির নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ওপর সম্ভাব্য চাপ এবং চিকিৎসা ব্যবস্থার ওপর এর প্রভাব নিয়ে আপত্তি জানান।

শেষ পর্যন্ত ২৮৬-২৭০ ভোটে বিলটি পরাজিত হওয়ায় ইংল্যান্ড ও ওয়েলসে সহায়তায় মৃত্যুকে বৈধ করার বর্তমান উদ্যোগ থেমে গেছে। নতুন করে আইন প্রণয়নের উদ্যোগ না নেওয়া পর্যন্ত দেশ দুটিতে এ বিষয়ে বিদ্যমান আইনই কার্যকর থাকবে।

সূত্রঃ ফাইভ-পিলারস

এম.কে

আরো পড়ুন

এখনও রাশিয়ায় পরিচালিত কোম্পানির লভ্যাংশ পান রিশি সুনাকের স্ত্রী

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে পানির সংকট ও হোস পাইপ নিষেধাজ্ঞা নিয়ে ইমিগ্রেশন ব্যবস্থাকে দায়ী করল রিফর্ম

ইউরোপের মধ্যে কর্মক্ষেত্রে মানসিক চাপ ভয়াবহ যুক্তরাজ্যে