27.6 C
London
July 5, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সঞ্চয় গোপন করে ভাতা জালিয়াতিঃ বছরে ১৩২ কোটি পাউন্ডের রেকর্ড ক্ষতি

প্রতি সপ্তাহে করদাতাদের ২ কোটি ৫০ লাখ পাউন্ড গচ্চা; ভুয়া দাবিদারদের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা

যুক্তরাজ্যের সরকারি কল্যাণভাতা ব্যবস্থায় সঞ্চয় ও সম্পদ গোপন করে ভাতা গ্রহণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সরকারি তদন্তে উঠে এসেছে, গত অর্থবছরে এ ধরনের জালিয়াতির মাধ্যমে প্রতারকরা রেকর্ড ১৩২ কোটি ৫০ লাখ পাউন্ড আত্মসাৎ করেছে। এর ফলে প্রতি সপ্তাহে করদাতাদের গড়ে ২ কোটি ৫০ লাখ পাউন্ডেরও বেশি ক্ষতির মুখে পড়তে হয়েছে।

যুক্তরাজ্যের কর্ম ও পেনশন বিভাগ (ডিডব্লিউপি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নগদ অর্থ, ব্যাংক সঞ্চয়, বিনিয়োগ ও অন্যান্য আর্থিক সম্পদের তথ্য গোপন করে বিভিন্ন সরকারি ভাতা নেওয়ার ঘটনা গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে এ ধরনের প্রতারণার পরিমাণ ছিল ৯৮ কোটি ২০ লাখ পাউন্ড। মাত্র চার বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ কোটি ৫০ লাখ পাউন্ডে, যা এক-তৃতীয়াংশেরও বেশি বৃদ্ধি।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তির সঞ্চয় ৬ হাজার পাউন্ডের বেশি হলে তার ভাতার পরিমাণ কমে যায় এবং ১৬ হাজার পাউন্ডের বেশি সঞ্চয় থাকলে তিনি অধিকাংশ ভাতার জন্য আর যোগ্য থাকেন না। কিন্তু তদন্তে দেখা গেছে, বহু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এসব তথ্য গোপন করে বছরের পর বছর সরকারি অর্থ গ্রহণ করেছেন।

ডিডব্লিউপির তথ্য অনুযায়ী, প্রতারণার মাধ্যমে আদায় করা মোট অর্থের মধ্যে ১০৪ কোটি পাউন্ড এসেছে ইউনিভার্সাল ক্রেডিট থেকে। এছাড়া আবাসন ভাতা ও পেনশন ক্রেডিট খাতে আরও ২৮ কোটি ৫০ লাখ পাউন্ড প্রতারণার মাধ্যমে নেওয়া হয়েছে।

গত অর্থবছরে কল্যাণভাতা খাতে মোট ৬৫০ কোটি পাউন্ড প্রতারণার যে হিসাব পাওয়া গেছে, তার প্রায় ২০ শতাংশই ছিল সঞ্চয় ও সম্পদ গোপনের মাধ্যমে সংঘটিত জালিয়াতি। টানা তিন অর্থবছর ধরে এই খাতে সরকারের ক্ষতির পরিমাণ একশ কোটি পাউন্ডেরও বেশি রয়েছে।

ডিডব্লিউপি জানিয়েছে, পরিসংখ্যান নির্ধারণে ভাতাপ্রাপ্তদের একটি প্রতিনিধিত্বমূলক নমুনা পরীক্ষা করে তদন্ত চালানো হয় এবং সেখান থেকে সার্বিক ক্ষতির হিসাব নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। রিফর্ম ইউকের চেয়ারম্যান লি অ্যান্ডারসন অভিযোগ করেছেন, বর্তমান সরকার কল্যাণভাতা ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। তার ভাষায়, “পরিশ্রমী করদাতাদের অর্থে ভাতা জালিয়াতরা নির্বিঘ্নে লাভবান হচ্ছে। কল্যাণব্যবস্থাকে শিল্পপর্যায়ে অপব্যবহার করা হচ্ছে।”

অন্যদিকে কনজারভেটিভ পার্টির কর্ম ও পেনশনবিষয়ক ছায়ামন্ত্রী হেলেন হোয়াটলি বলেন, প্রতিবছর বিলিয়ন বিলিয়ন পাউন্ডের সরকারি অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে। এতে কল্যাণব্যবস্থার প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

সরকারি তদন্তে উঠে এসেছে কয়েকটি আলোচিত ঘটনাও। সুসান পিয়ারসন নামে ৫৮ বছর বয়সী এক নারী নিজের ব্যাংক হিসাবে ৪০ হাজার পাউন্ডের বেশি সঞ্চয় থাকা সত্ত্বেও তা গোপন রেখে পাঁচ বছরে ৪০ হাজার পাউন্ডের বেশি ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশ ভ্রমণের ছবি নিয়মিত প্রকাশ করায় বন্ধুদের কাছে তিনি “মিস হলিডে” নামে পরিচিত ছিলেন। পরে প্রতারণা প্রমাণিত হলেও তিনি কারাদণ্ড এড়িয়ে যান।

অন্য এক ঘটনায়, লিন্ডসি গ্রাহাম নামে ৪৭ বছর বয়সী এক নারী উত্তরাধিকারসূত্রে ৪৪ হাজার পাউন্ড পাওয়ার পরও প্রায় দুই বছর ইউনিভার্সাল ক্রেডিট দাবি করেন। আদালত তাকে ১২ মাসের কমিউনিটি অর্ডার এবং ৮০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে কাজ করার নির্দেশ দেন।

এদিকে ভাতা জালিয়াতি রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ডিডব্লিউপি। বিভাগের এক মুখপাত্র বলেন, সরকার এখন ব্যাংক হিসাব সরাসরি যাচাই করার আরও শক্তিশালী আইনি ক্ষমতা পেয়েছে। আগামী পাঁচ বছরে ১ হাজার ৪৬০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নিয়ে প্রতারণাবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

তিনি সতর্ক করে বলেন, “যারা সঞ্চয় গোপন করে অবৈধভাবে ভাতা নিচ্ছেন, তাদের শনাক্ত করা হবে, ভাতা বন্ধ করা হবে এবং প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ পুরোপুরি উদ্ধার করা হবে।”

সরকার জানিয়েছে, ইতোমধ্যে টার্গেটেড কেস রিভিউ কর্মসূচির আওতায় ১০ লাখের বেশি ইউনিভার্সাল ক্রেডিট দাবি পর্যালোচনা করে প্রায় ১০০ কোটি পাউন্ডের ভুল অর্থপ্রদান বন্ধ করা হয়েছে। সরকারের দাবি, কল্যাণভাতা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং করদাতাদের অর্থ সুরক্ষিত রাখতে এই অভিযান আরও জোরদার করা হবে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাজা চার্লস

সরকারি হোটেল বন্ধের ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠছে উত্তর-পশ্চিম ইংল্যান্ড

অর্থনৈতিক মন্দার মুখে যুক্তরাজ্য: ব্যাংক অব ইংল্যান্ডের সতর্কতা