যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, তার এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে এগিয়ে গেলেন তিনি।
মিশিগানে ডেমোক্র্যাটদের এই জয় রিপাবলিকানদের জন্য আরও একটি বড় নির্বাচনী ধাক্কা। এর আগে আইওয়া, কানসাস, ওহাইও, মেইন, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাসেও সিনেট নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের খবর এসেছে।
নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এল-সায়েদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন। তার বিরুদ্ধে ‘জিহাদ’ শব্দ ব্যবহারসহ ইসলামবিদ্বেষী ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। নির্বাচনে এল-সায়েদের জয়কে অঙ্গরাজ্যটিতে ট্রাম্পের বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে ভোটারদের প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনে জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে দেওয়া বক্তব্যে এল-সায়েদ বলেন, তার জীবদ্দশায় দেখা সবচেয়ে কুৎসিত নির্বাচনী প্রচারণাগুলোর একটির মুখোমুখি হতে হয়েছে তাকে।
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার লক্ষ্যে নির্বাচনী পথচলায় নানা বাধার মুখে পড়তে হয়েছে এই প্রগতিশীল ডেমোক্র্যাট নেতাকে। দলীয় প্রাথমিক নির্বাচনে মধ্যপন্থী ডেমোক্র্যাট প্রার্থী হ্যালি স্টিভেন্সকে পরাজিত করে চূড়ান্ত প্রার্থী হন তিনি। তবে নির্বাচনের ঠিক আগের দিন স্টিভেন্স ট্রাম্প-সমর্থিত প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে সমর্থন জানান।
এল-সায়েদের জয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪-তে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দলটির প্রয়োজন ছিল ৫১টি আসন।
সূত্রঃ স্কাই নিউজ
এমকে

