TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

১৮৮৪ সালের পর ইংল্যান্ডে তাপপ্রবাহে মৃত্যুর রেকর্ডঃ প্রাণহানি ৫ হাজার ২৫৮ জনের

ইংল্যান্ডে চলতি বছর তীব্র তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার (ইউকেএইচএসএ) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে দেশটিতে তাপজনিত কারণে আনুমানিক ৫ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর এই সংখ্যা ২০১৬ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের গ্রীষ্মে তাপজনিত মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৯৮৫ জন। সেই রেকর্ডের তুলনায় এবার মৃত্যুর সংখ্যা বেড়েছে ৭৬ শতাংশ।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের (মেট অফিস) প্রাথমিক পরিসংখ্যানেও দেখা গেছে, ২০২৬ সালের গ্রীষ্ম ছিল ১৮৮৪ সালের পর সবচেয়ে উষ্ণ। ১৮৮৪ সাল থেকেই দেশটিতে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে।

এ বছর মে মাসের শেষ দিক থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত কয়েক দফা তাপপ্রবাহ বয়ে যায় ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে। মে মাসের শেষ দিকে লন্ডনের কিউ গার্ডেনে তাপমাত্রা ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মে মাসে দেশটিতে এর আগে এত বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়নি।

একাধিক তাপপ্রবাহের প্রভাবে দেশটির বিভিন্ন এলাকার পার্ক ও সবুজ জায়গা শুকিয়ে যায়। তৈরি হয় দাবানলের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। পানির সংকট মোকাবিলায় লাখ লাখ মানুষের জন্য বাগানে পাইপ দিয়ে পানি ব্যবহারে নিষেধাজ্ঞাও জারি করা হয়।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, চলতি গ্রীষ্মে সবচেয়ে বেশি তাপজনিত মৃত্যুর ঘটনা ঘটে ২১ থেকে ২৮ জুনের মধ্যে। সংস্থাটি এই সময়কে দ্বিতীয় তাপপ্রবাহ পর্ব হিসেবে চিহ্নিত করেছে।

জুনের শেষ দিকের তাপপ্রবাহের সময় আবহাওয়া দপ্তর বিরল রেড অ্যালার্ট জারি করে। ২৬ জুন নরফোকের লিংউডে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটিও ওই মাসের জন্য নতুন তাপমাত্রার রেকর্ড।

অন্যদিকে, ২০২৫ সালের গ্রীষ্মে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা তাপজনিত মৃত্যুর সংখ্যা আনুমানিক ১ হাজার ৫০৪ বলে জানিয়েছিল।

সূত্রঃ স্কাই নিউজ

এমকে

আরো পড়ুন

আসছে নতুন বছরের ব্যতিক্রম ধর্মী নতুন আইন

ব্রিটেনে প্রতিবেশী বাড়ির অর্ধেক ভেঙে ফেলার অভিযোগঃ আইনি লড়াইয়ে পরিবার

ব্রিটেনের বিমানবন্দরগুলোতে নতুন ব্যবস্থা