24.5 C
London
July 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লিগ্যাল এইডে কাটছাঁটে চাপে ইংল্যান্ড-ওয়েলসের বিচারব্যবস্থাঃ ইউসিএল প্রতিবেদন

ইংল্যান্ড ও ওয়েলসের বিচারব্যবস্থা জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে এবং দীর্ঘদিনের অর্থসংকট ও লিগ্যাল এইডে কাটছাঁটের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) নেতৃত্বে পরিচালিত এক নতুন গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।

নাফিল্ড ফাউন্ডেশনের উদ্যোগে প্রস্তুত এ প্রতিবেদনে বলা হয়েছে, আইনি প্রতিনিধিত্বের সুযোগ কমে যাওয়ায় এবং সহায়তামূলক সেবাগুলো দুর্বল হয়ে পড়ায় বহু মানুষ আদালত ও ট্রাইব্যুনালের জটিল প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা ছাড়াই।

প্রতিবেদন অনুযায়ী, স্পষ্ট তথ্যের অভাব, অসামঞ্জস্যপূর্ণ সহায়তা এবং স্বল্প সম্পদের কারণে বিচারপ্রার্থীরা প্রায়ই বিভ্রান্ত ও বিচ্ছিন্ন বোধ করেন। বিশেষ করে আইনজীবীহীন ব্যক্তিরা জটিল আইনি ভাষা ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার কারণে নিজেদের ব্যবস্থার বাইরে মনে করেন, যা ন্যায়বিচারে প্রবেশাধিকার ও বিচারব্যবস্থার প্রতি আস্থা উভয়কেই ক্ষতিগ্রস্ত করছে। দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এ সংকটের সবচেয়ে বেশি শিকার হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষণার প্রধান লেখক ড. আনা স্যালাপাতানিস দ্রুত সংস্কার ও বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, কেবল লিগ্যাল এইডে পরিবর্তন যথেষ্ট নয়; বরং নাগরিক বিচারব্যবস্থার সামগ্রিক সংস্কার, প্রাথমিক পর্যায়ে আইনি পরামর্শের সুযোগ বৃদ্ধি, পারিবারিক আদালতে কম সংঘাতপূর্ণ পদ্ধতির প্রবর্তন এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য উন্নত সহায়তা নিশ্চিত করা জরুরি।

নাফিল্ড ফাউন্ডেশনও বিচারব্যবস্থাকে আরও সহজলভ্য, কার্যকর ও ব্যবহারকারীকেন্দ্রিক করে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ন্যায্য ও কার্যকর বিচার পাওয়ার ক্ষেত্রে জনগণের সঙ্গে বিদ্যমান ব্যবধান আরও বাড়বে এবং আরও বেশি মানুষ বিচার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন।

সূত্রঃ ইউ সি এল

এম.কে

আরো পড়ুন

ইউক্রেনীয়দের ঘরে জায়গা দিলে মাসে ৩৫০ পাউন্ড দেবে ব্রিটিশ সরকার

যুক্তরাজ্যে স্মার্টফোনমুক্ত শৈশব চান বাবা-মায়েরা

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সক্রিয় টোরি এমপি