TV3 BANGLA
ফিচার

লিফটের বদলে সিঁড়িঃ হৃদরোগে মৃত্যুঝুঁকি কমতে পারে ৩৯ শতাংশ

দৈনন্দিন জীবনে ছোট একটি অভ্যাসই হৃদ্‌স্বাস্থ্যের জন্য বড় পার্থক্য তৈরি করতে পারে বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়। গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, লিফট বা চলন্ত সিঁড়ির পরিবর্তে নিয়মিত সিঁড়ি ব্যবহার করা মানুষের হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি প্রায় ৩৯ শতাংশ এবং যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি ২৪ শতাংশ কম দেখা গেছে।

ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় ও নরফোক অ্যান্ড নরউইচ বিশ্ববিদ্যালয় হাসপাতালের গবেষকেরা পাঁচটি গবেষণার তথ্য বিশ্লেষণ করেন। এসব গবেষণায় ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের তথ্য ছিল। সিঁড়ি ব্যবহারের সঙ্গে হৃদ্‌রোগ, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং স্ট্রোকের মতো বিভিন্ন হৃদ্‌যন্ত্র ও রক্তনালিসংক্রান্ত সমস্যার ঝুঁকি কম থাকার সম্পর্কও পাওয়া গেছে।

গবেষকদের মতে, সিঁড়ি ওঠার অন্যতম সুবিধা হলো এর জন্য আলাদা করে জিমে যাওয়ার প্রয়োজন হয় না। বাড়ি, কর্মস্থল কিংবা বাইরে চলাচলের সময় লিফটের পরিবর্তে সিঁড়ি বেছে নিলেই দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে শারীরিক পরিশ্রম যুক্ত করা যায়।

ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের নরউইচ মেডিকেল স্কুলের চিকিৎসক সোফি প্যাডক বলেন, যাদের নিয়মিত ব্যায়ামের জন্য পর্যাপ্ত সময় বা সহজে শরীরচর্চার সুযোগ নেই, তাদের জন্য সিঁড়ি ব্যবহার একটি বাস্তবসম্মত বিকল্প হতে পারে। অল্প সময়ের শারীরিক কার্যক্রমও স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি উল্লেখ করেন।

গবেষণার অন্তর্ভুক্ত একটি গবেষণায় দেখা গেছে, প্রায় ছয় তলা বা ৬০ ধাপ সিঁড়ি ওঠার সঙ্গেও স্বাস্থ্যগত উপকারের সম্পর্ক রয়েছে। তবে এটিকে সবার জন্য নির্দিষ্ট দৈনিক লক্ষ্য হিসেবে বিবেচনা না করে সামগ্রিকভাবে নিয়মিত শারীরিক কার্যক্রম বাড়ানোর একটি উদাহরণ হিসেবে দেখছেন গবেষকেরা।

ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাসিলিওস ভাসিলিউ বলেন, হৃদরোগ ও রক্তনালিসংক্রান্ত রোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তবে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শারীরিক কার্যক্রম, হৃদস্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে এসব রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

স্ট্রোক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী জুলিয়েট বুভেরিও সিঁড়ি ব্যবহারের সম্ভাব্য উপকারের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেছেন। তিনি বলেন, শারীরিক সুস্থতা ও স্ট্রোকের ঝুঁকির মধ্যে সম্পর্ক নিয়ে এই গবেষণা আরও ধারণা দিচ্ছে। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, ধূমপান না করা এবং রক্তচাপ নিয়ন্ত্রণের মতো পদক্ষেপও স্ট্রোক প্রতিরোধে গুরুত্বপূর্ণ।

তবে গবেষণার ফলাফলকে সরাসরি কারণ-ফল হিসেবে দেখার ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। সিঁড়ি ব্যবহারকারীদের মধ্যে মৃত্যুঝুঁকি কম পাওয়া গেলেও এর অর্থ এই নয় যে শুধু সিঁড়ি ওঠার কারণেই মৃত্যুঝুঁকি ৩৯ শতাংশ কমেছে। যারা নিয়মিত সিঁড়ি ব্যবহার করেন, তারা সামগ্রিকভাবেও বেশি সক্রিয় ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারেন—এ বিষয়টিও ফলাফলে প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, তাই লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারকে স্বাস্থ্যকর জীবনযাপনের একটি সহজ অভ্যাস হিসেবে দেখা যেতে পারে। এর পাশাপাশি নিয়মিত শারীরিক কার্যক্রম, সুষম খাবার, ধূমপান থেকে বিরত থাকা এবং রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখাও হৃদস্বাস্থ্য ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ।

সূত্রঃ মাই লন্ডন

এম.কে

আরো পড়ুন

বিশ্বের ৫ কোটি মানুষ আধুনিক দাসত্বের শিকার: জাতিসংঘ

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

মীরা নায়ারের মা ও জোহরান মামদানির নানি প্রভীন নায়ারের মৃত্যু