TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লেবার নেতা অ্যান্ডি বার্নহ্যামকে তীব্র আক্রমণ নাইজাল ফারাজেরঃ ভাষণকে বললেন ‘ফাঁপা’

যুক্তরাজ্যের রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যামের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। লন্ডনে অনুষ্ঠিত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (CPAC)-এ বক্তব্য দিতে গিয়ে তিনি বার্নহ্যামের নেতৃত্ব গ্রহণের ভাষণকে “ফাঁপা” ও “সারবিহীন” বলে মন্তব্য করেন।

ফারাজ দাবি করেন, অ্যান্ডি বার্নহ্যাম এমন একজন রাজনীতিক, যিনি পরিস্থিতি অনুযায়ী নিজের অবস্থান পরিবর্তন করতে পারেন। তিনি তাকে “ব্রিটিশ রাজনীতির বড় রং বদলানো ব্যক্তিদের একজন” বলেও আখ্যায়িত করেন।

রিফর্ম ইউকে নেতা আরও বলেন, যুক্তরাজ্য গত ১০ বছরে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে এবং বার্নহ্যাম কোনো সাধারণ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ছাড়াই দায়িত্ব গ্রহণ করছেন। তার ভাষায়, “তিনি বলছেন গত ৪০ বছরের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন আনবেন, অথচ দেশের বর্তমান সমস্যার জন্য ১৯৮০-এর দশককে দায়ী করছেন।”

অ্যান্ডি বার্নহ্যামের ক্ষমতা বিকেন্দ্রীকরণের পরিকল্পনারও সমালোচনা করেন ফারাজ। তিনি বলেন, দেশজুড়ে আরও মেয়র নিয়োগ করলেই জনগণের হাতে ক্ষমতা ফিরে আসবে না। বরং তার দাবি, যুক্তরাজ্য ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) এবং পরে ইউরোপীয় ইউনিয়নে (EU) যোগ দেওয়ার পরই দেশের প্রকৃত সার্বভৌম ক্ষমতা ক্ষুণ্ন হয়েছিল। ব্রেক্সিটের মাধ্যমে সেই ক্ষমতা পুনরুদ্ধারে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

ফারাজ আরও অভিযোগ করেন, নেতৃত্ব গ্রহণের ভাষণের সময় অ্যান্ডি বার্নহ্যাম ২৬৬ বার নোটের দিকে তাকিয়েছেন। তার মতে, একজন জাতীয় নেতা যদি নোট ছাড়া আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দিতে না পারেন, তবে তা নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে ফারাজ বলেন, তিনি পদ বা ক্ষমতার জন্য নয়, বরং ব্রিটেনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই রাজনীতি করছেন। তার দাবি, দেশ বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই বাস্তবতা স্বীকার করেই সমস্যার সমাধানে এগোতে হবে।

তবে ফারাজের এসব মন্তব্যের বিষয়ে অ্যান্ডি বার্নহ্যাম বা লেবার পার্টির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

রাশিয়ার হুমকিতে পিছু হটল যুক্তরাজ্য

যুক্তরাজ্যকে এগিয়ে নেওয়ার নতুন প্রত্যয়ে কাজ করছেন যুক্তরাজ্য প্রধানমন্ত্রী

£৫.৫ বিলিয়ন বিটকয়েন জালিয়াতিঃ লন্ডনে লুকিয়ে থাকা প্রতারকের কারাদণ্ড