Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

বদলে যাচ্ছে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসানীতি

বদলে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসানীতি। আগামী ১৫ নভেম্বরের পর থেকে শিশুসহ সব বিদেশি নাগরিকের জন্য যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজন হবে ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ)। কেবলমাত্র ব্রিটিশ ও আইরিশ নাগরিক ছাড়া সব বিদেশির জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।
নতুন এ ব্যবস্থায় যুক্তরাজ্যে প্রবেশ বা ট্রানজিটের আগে ইটিএ’র মাধ্যমে অনুমতি নিতে হবে। এর অর্থ হল- যেসব বিদেশি বর্তমানে ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন, কিন্তু তারা যুক্তরাজ্যে ‘লিগ্যাল রেসিডেন্ট’ নন, আগামী ১৫ নভেম্বরের পর তাদের যুক্তরাজ্যে প্রবেশে ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ প্রয়োজন হবে।
যুক্তরাজ্যে যাদের অবস্থানের মেয়াদ হবে ছয় মাসের কম আর ভ্রমণের উদ্দেশ্য হবে পর্যটন, পরিবার বা বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, ট্রানজিট, ব্যবসা ও স্বল্প মেয়াদে পড়ালেখা তাদের নিতে হবে ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন।
দীর্ঘ মেয়াদে পড়ালেখা, কাজ বা অন্য কোনো কারণে যুক্তরাজ্যে যেতে চাইলে ভিসার জন্য আবেদন করতে হবে। ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশনের’ জন্য যুক্তরাজ্যে ভ্রমণের জন্য বুকিংয়ের আগেই আবেদন করতে হবে।
আবেদন মঞ্জুর হলে তা দুই বছর বা পাসপোর্টের মেয়াদ অনুযায়ী যেটি আগে হয় সে পর্যন্ত ‘মাল্টিপল’ (দুইবারের বেশি) ভ্রমণের জন্য অনুমতি বৈধ বলে বিবেচিত হবে। বৈধ ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ ছাড়া যুক্তরাজ্যে ভ্রমণের জন্য ‘চেক ইন’ করা যাবে না।
‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ ভ্রমণকারীর পাসপোর্টের সঙ্গে ডিজিটালি সংযুক্ত থাকবে। তাই এর পেপার কপি দেখানোর প্রয়োজন হবে না। তবে ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন সংক্রান্ত নিশ্চিতকরণ ইমেইলটি সঙ্গে রাখা যেতে পারে।
ব্রিটিশ স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন থাকলেই যুক্তরাজ্যে প্রবেশের নিশ্চয়তা মিলবে না। যুক্তরাজ্যে প্রবেশের জন্য অবশ্যই ‘পাসপোর্ট কনট্রোল’ (ইমিগ্রেশন) অতিক্রম করতে হবে। যে পাসপোর্ট দিয়ে ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশনের’ আবেদন করা হবে সেই পাসপোর্ট সঙ্গে রাখতে এবং ভ্রমণের পুরো মেয়াদে সেই পাসপোর্টের বৈধতা যেন থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।
ব্রিটিশ স্বরাষ্ট্র দফতর বলেছে, যুক্তরাজ্যে ভ্রমণের নিয়ম বদলে যাচ্ছে। এটি ভ্রমণকারীর ওপর কী প্রভাব পড়বে তা জানতে ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ সার্চ দিয়ে জানা যেতে পারে।
এম.কে
০৭ আগস্ট ২০২৩
Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন করতে চলেছে যুক্তরাজ্য

রাশিয়ার সামরিক বাহিনীর সহযোগী ভাড়াটে বাহিনী ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে চলেছে যুক্তরাজ্য। এমনকি ওয়াগনারকে হিংস্র ও ধ্বংসাত্মক হিসেবে উল্লেখ করে তাদের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেছে দেশটি।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আখ্যায়িত করে এটিকে নিষিদ্ধ করতে চলেছে যুক্তরাজ্য সরকার। যার অর্থ এই সংস্থার সদস্য হওয়া বা সমর্থন করা হবে অবৈধ। এছাড়া একটি খসড়া আদেশ সংসদে পেশ করা হলে ওয়াগনারের সম্পদকে সন্ত্রাসী সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা এবং বাজেয়াপ্ত করা যাবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওয়াগনার ‘হিংস্র এবং ধ্বংসাত্মক। এই বাহিনী ভ্লাদিমির পুতিনের রাশিয়ার একটি সামরিক হাতিয়ার’। তিনি বলেন, ইউক্রেন এবং আফ্রিকায় ওয়াগনারের কর্মকাণ্ড ‘বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি’।

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

আবায়া পরিহিত ৬৭ মুসলিম ছাত্রীকে ফিরিয়ে দিয়েছে ফরাসি স্কুলগুলো

ফরাসি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে প্রায় ৩০০ ছাত্রী মুসলিম পোশাক আবায়া পরে তাদের স্কুলে গিয়েছিল। গত সপ্তাহে স্কুলগুলোতে এ ধরনের পোশাকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক নিয়ে নতুন নির্দেশনা জারির পর বেশির ভাগ ফরাসি শিক্ষার্থী তা মেনে নিয়েছে। তবে অফিশিয়াল পরিসংখ্যান অনুযায়ী, নিষেধাজ্ঞার পরও দেশের বিভিন্ন স্কুলে সোমবার ২৯৮ মুসলিম ছাত্রী আবায়া পরে উপস্থিত হয়েছিল। এসব ছাত্রীর বেশির ভাগই ১৫ কিংবা তার চেয়ে বেশি বয়সের।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে স্কুল কর্তৃপক্ষ যারা আবায়া পরে স্কুলে এসেছিল তাদেরকে তা খুলে ফেলতে বলে। এ ক্ষেত্রে বেশির ভাগ ছাত্রী এই নির্দেশ মান্য করলেও তা মানতে অস্বীকৃতি জানায় অন্তত ৬৭ জন। পরে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

এ অবস্থায় যেসব ছাত্রী ধর্মীয় পোশাক ছাড়তে রাজি হয়নি, এবার তাদের পরিবারের সঙ্গে কথা বলবে কর্তৃপক্ষ। এই সংলাপও যদি ব্যর্থ হয় তবে তাদেরকে স্কুল থেকেই বাদ দেওয়া হবে।

জানা গেছে, গত সোমবার থেকে ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। দেশটির স্কুল পর্যায়ে প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ অবস্থা বজায় রাখার নির্দেশনাটি ব্যাপকভাবে গৃহীত হয়েছে।

তবে এই নির্দেশনার বিপরীতে মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠীর আইনি চ্যালেঞ্জ আজ মঙ্গলবার দেশটির আদালতে উঠতে পারে।

আগস্টের শেষ দিকে ফ্রান্সের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন, ৪ সেপ্টেম্বর নতুন স্কুল বছরের শুরুতে দেশের সরকারি স্কুলগুলোতে মুসলিম ছাত্রীরা ঢিলেঢালা ও পূর্ণ দৈর্ঘ্যের ধর্মীয় পোশাক পরতে পারবে না।

ফ্রান্সে রাষ্ট্রীয় স্কুল এবং সরকারি ভবনগুলোয় ধর্মীয় চিহ্ন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় স্কুলে ধর্মীয় পোশাক পরে গেলে তা দেশটির ধর্মনিরপেক্ষ আইনকে লঙ্ঘন করে।

এর আগে দেশটির সরকারি স্কুলগুলোতে ২০০৪ সাল থেকেই মাথায় স্কার্ফ বা হিজাব পরা নিষিদ্ধ করেছিল শিক্ষা মন্ত্রণালয়। শুধু তাই নয়, ২০১০ সালে জনসমক্ষে পুরো মুখ ঢেকে রাখা বোরকা পরাও নিষিদ্ধ করেছিল ফরাসি কর্তৃপক্ষ।

এম.কে
০৬ আগস্ট ২০২৩

 

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

বার্মিংহাম সিটি কাউন্সিলের নিজেদের দেউলিয়া ঘোষণা

যুক্তরাজ্যের বৃহত্তম স্থানীয় কর্তৃপক্ষ বার্মিংহাম সিটি কাউন্সিল নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। কার্যকরভাবে ১১৪ ধারা নোটিশ জারি করার পরে কাউন্সিল কর্তৃপক্ষ ইঙ্গিত দেয় যে বাজেটের ভারসাম্য বজায় রাখার সংস্থান তাদের কাছে নেই।

অতি গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যয় ব্যতীত এই মূহুর্তে কাউন্সিলের হাতে অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দ নেই বলে জানা যায়। কাউন্সিল জানায় বেতন দেয়ার মতো তহবিলের সংস্থান নেই তাছাড়া বাজেটে ৮৭ মিলিয়নের ঘাটতিও রয়েছে।

এক বিবৃতিতে, লেবার পার্টির কাউন্সিলের নেতা ও উপ-নেতা জন কটন এবং শ্যারন থম্পসন বলেছেন, “সারা দেশে স্থানীয় কর্তৃপক্ষের মতো বার্মিংহাম সিটি কাউন্সিল অভূতপূর্ব আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এডাল্ট স্যোশাল কেয়ারের জন্য বিল এবং ব্যবসায়ি হতে প্রাপ্ত ট্যাক্সের নাটকীয় হ্রাস,ব্যাপক মুদ্রাস্ফীতির প্রভাবের জন্য ঝড়ের মুখোমুখি হয়েছে কাউন্সিল। ”

ডাউনিং স্ট্রিট স্বীকার করেছে কাউন্সিল আর্থিক সঙ্কটের ঘোষণা দেয়ায় উক্ত কাউন্সিলের বাসিন্দাদের জন্য তা বয়ে আনতে পারে কঠিন পরিস্থিতির।

প্রধানমন্ত্রীর সরকারী মুখপাত্র জানান, ” পরিস্থিতি মোকাবেলায় সরকার নিজের পক্ষ থেকে অতিরিক্ত ৫.১ বিলিয়ন পাউন্ড সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। যদিও স্থানীয়ভাবে নির্বাচিত কাউন্সিলগুলি নিজস্ব বাজেট পরিচালনা করে থাকে। সরকার বার্মিংহাম সিটি কাউন্সিলের প্রশাসনের ব্যবস্থা সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য যে, মঙ্গলবার সকালে একটি কাউন্সিল বৈঠকে কনজারভেটিভ দলীয় নেতা রবার্ট অ্যালডেন কাউন্সিলকে মিথ্যে আশ্বাস দিয়ে পরিচালনা করার জন্য দোষারোপ করেছেন। এই পরিস্থিতির জন্য তিনি কর্তৃপক্ষের সঠিক পরিচালনার অভাবকে দায়ী করেন।

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৩

Categories
আন্তর্জাতিক

সকল গ্যাজেটে একই ধরনের চার্জার নিয়ে আলোচনা

সমস্ত মোবাইল ফোন এবং ট্যাবলেটগুলির জন্য একই ধরনের চার্জার পরিবেশ এবং গ্রাহকদের জন্য উপকারী বলে মতামত জানিয়েছেন ইলেকট্রনিক ডিভাইস বিশেষজ্ঞরা।

ইউএসবি টাইপ-সি পোর্টটি বর্তমানে পোর্টেবল ডিভাইসগুলির জন্য ব্যবহার করা হচ্ছে বলে তথ্যমতে জানা যায়। যা উচ্চমানের চার্জিং এবং ডেটা স্থানান্তরের জন্য ব্যবহার করা সম্ভব।

ক্রেতারা চার্জিং ডিভাইস সহ বা ছাড়া কোনো নতুন ডিভাইস কিনবেন কিনা তা নির্ধারণ করতে সক্ষম হবেন
ইইউ সংসদের অনুমোদনের পরে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম। খবরে আরো জানা যায় ইইউ গ্রাহকরা শীঘ্রই তাদের বৈদ্যুতিন ডিভাইসের জন্য একক চার্জিং ব্যবস্থা ব্যবহারে সক্ষম হবার সম্ভাবনা রয়েছে।

যার ফলে ২০২৪ সালের শেষের দিকে, ইইউ হতে বিক্রি হওয়া সমস্ত মোবাইল ফোন, ট্যাবলেট এবং ক্যামেরাগুলি একই ধরনের ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দ্বারা সজ্জিত করবে প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

উল্লেখ্য যে, নতুন নিয়মের অধীনে গ্রাহকরা প্রতিবার যখন নতুন ডিভাইস কিনবেন তখন তাদের আর আলাদা চার্জারের প্রয়োজন হবে না। কারণ সকল পোর্টেবল বৈদ্যুতিক ডিভাইসের জন্য একক চার্জার ব্যবহার করতে সক্ষম হবেন গ্রাহকেরা।

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৩

Categories
শীর্ষ খবর স্পোর্টস

রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে হলেও সালাহকে নিতে চায় আল ইত্তিহাদ

করিম বেনজেমার একজন যোগ্য সতীর্থ খুঁজছে আল ইত্তিহাদ। তাতে বাড়বে তাদের আক্রমণভাগের শক্তি। সেই ঘাটতি পূরণে তাদের চোখ লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর দিকে। ইংলিশ ক্লাবটিকে তাই মোটা অঙ্কের প্রস্তাবও দিয়েছিল তারা। কিন্তু তাতে সায় দিচ্ছেনা অল রেডরা বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সালাহর জন্য যেকোনো প্রস্তাবই প্রত্যাখ্যান করবে লিভারপুল। অর্থাৎ যত টাকার প্রস্তাবই দেওয়া হোক না কেন, লিভারপুলের কাছে সালাহ ‘বিক্রির জন্য নয়’।

সংবাদমাধ্যমের একটি টুইটের বরাতে জানা গেছে, আল ইত্তিহাদের পক্ষ থেকে সালাহকে বলা হয়েছে সৌদি আরবে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবেন। তবে লিভারপুল তাদের দলের সেরা খেলোয়াড়কে কোনোভাবেই হারাতে চায় না। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে দলটির কোচ জার্গেন ক্লপ জানিয়েছেন সালাহকে কোনোভাবেই ছাড়তে চান না তারা।

তবে সালাহর জন্য আল ইত্তিহাদের দিতে চাওয়া পারিশ্রমিকের অঙ্ক নিয়ে মতভেদ আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ৬ কোটি ইউরোয় এর আগে সালাহকে কেনার কথা ভেবেছিল আল ইত্তিহাদ। ৩১ বছর বয়সী এ তারকার সঙ্গে ২ বছরের চুক্তিতে মোট ১৬ কোটি ৪৩ লাখ ইউরো পারিশ্রমিক দিতে চেয়েছিল ক্লাবটি।

এ মাসের শুরুতে সালাহর এজেন্ট রামি আব্বাস টুইটে জানিয়েছিলেন, ‘আমরা এ বছর লিভারপুল ছাড়ার কথা ভাবলে গত বছর চুক্তি নবায়ন করতাম না। মোহাম্মদ সালাহ লিভারপুলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

অন্যদিকে ঠিক উল্টো খবর জানিয়েছে ব্রিটেনের আরেকটি স্পোর্টস চ্যানেল। তাদের তথ্যমতে লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সালাহ আল ইত্তিহাদে যেতে রাজি হয়েছেন। তবে দুটি ক্লাবের মধ্যে এ বিষয়ে এখনও কোনো রফা হয়নি বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

উল্লেখ্য যে, সৌদি ক্লাব আল ইত্তিহাদ সালাহকে নেয়ার মিশনকে গুরুত্ব সহকারে নিয়েছে। ক্লাব কর্মকর্তা গত ০৩ সেপ্টেম্বর লন্ডনে এসে পৌঁছায় চুক্তি সম্পন্ন করার জন্য। ইত্তেহাদের একজন কর্মকর্তা জানান চুক্তি চুড়ান্ত করতে বিনিময়ে রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করতে হলেও তারা পিছপা হবেন না।

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৩

Categories
ইউরোপ যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

আবহাওয়া বিপর্যয়ে প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়তে পারে যুক্তরাজ্যসহ সমগ্র ইউরোপে

চলতি বছরের গ্রীষ্মে ইউরোপের বিভিন্ন অংশে প্রথমে রেকর্ড মাত্রায় উষ্ণতা দেখা গেছে। তাপপ্রবাহের পাশাপাশি প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণেও সাধারণ মানুষের দুর্দশা বেড়ে চলেছে।

আবহাওয়া বিপর্যয়ের কারণে বিশ্বে এ বছর ডেঙ্গুর প্রকোপ রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। আর সেজন্য অংশত দায়ী বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, যা মশার বিস্তারের সহায়ক পরিবেশ তৈরি করছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ডেঙ্গুর বিস্তার পুরো পৃথিবীজুড়েই বাড়ছে। ২০০০ সালে যত মানুষ মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়েছিল বর্তমান সময়ে সেই সংখ্যা আটগুণ বেড়েছে বলে তথ্যে জানা যায়।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ) সতর্ক করেছে, ক্রমবর্ধমান দীর্ঘ গ্রীষ্মগুলি ব্রিটেন সহ সমস্ত ইউরোপে মশা বাহিত রোগ বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে তুলছে।

টাইগার মশা, যা বেশ কয়েকটি মারাত্মক “গ্রীষ্মমন্ডলীয়” রোগ সংক্রমণ করে বলে জানা যায়। প্যারিসে গত সপ্তাহে কিছু অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়েছে। কারণ বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন গরম আবহাওয়া মশা প্রজননের জন্য উত্তম বিধায় ইউরোপ জোরে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের কারণ হতে পারে।

ডেঙ্গুর ভাইরাল সংক্রমণ ইতিমধ্যে ফ্রান্সের দক্ষিণে ছড়িয়ে পড়েছে। গত দু’বছর ধরে ৫০ টিরও বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান ফ্রান্সে পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ব্রিটিশ একটি পরিবারও ছিল যারা নিস অঞ্চলে ছুটিতে ছিলেন।

ব্রিটেনে, বেশ কয়েকটি প্রাপ্তবয়স্ক টাইগার মশা রেল টার্মিনাল, বন্দর এবং মোটরওয়ে পরিষেবা স্টেশনগুলির আশেপাশে চিহ্নিত করা হয়েছে বলে জানায় ইউকেএইচএসএ।

ইউকেএইচএসএর চিফ মেডিকেল এনটমোলজিস্ট জোলিয়ন মেডলক বলেন, ” গ্রীষ্মকাল অতিরিক্ত উষ্ণ এবং দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে টাইগার মশা বা অন্যান্য রোগবাহী মশার আবির্ভাবের সম্ভাবনা রয়েছে।”

লিভারপুল স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের বৈজ্ঞানিক মডেলিংয়ে বলা হয়েছে, টাইগার মশা ৫০ বছরের মধ্যে ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসের বেশিরভাগ অংশে প্রতিষ্ঠিত হবে। এমনকি গ্রীষ্মে লন্ডনে এটি প্রচুর হবার সম্ভাবনা রয়েছে। তাদের বিস্তারকে ধীর করার জন্য ইউকেএইচএসএ এবং স্থানীয় কর্তৃপক্ষ মশার আবাস চিহ্নিত করে স্পট ধ্বংসে ব্যবস্থা নেয়া জরুরি বলে জানায় যুক্তরাজ্য সরকার।

উল্লেখ্য যে, যুক্তরাজ্যে ৩৬ টি প্রজাতির মশা রয়েছে তবে তারা প্রানঘাতী নয়। তবে, ২০১০ সালে টেমস মোহনার কয়েকটি অঞ্চলে কুলেক্স মশার প্রজননস্থল খুঁজে পাওয়া যায়। যারা ভয়ঙ্কর প্রাণঘাতী নীল ভাইরাস ছড়াতে সক্ষম। নীল ভাইরাস সাধারণত ফ্লুর মতো লক্ষণ নিয়ে আসে যা পরবর্তীতে মস্তিষ্কে সংক্রমিত হতে পারে।

২০২৩ সালে ইউরোপের বিভিন্ন প্রান্তে চরম আবহাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেক বিজ্ঞানী এমনটা দাবি করছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে মশাবাহিত রোগ ইউরোপে থাবা বসানোর কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলেও বিশেষজ্ঞরা মনে করেন।

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

রাজতন্ত্র সমর্থন করে ৬২ শতাংশ ব্রিটিশ

ব্রিটেনের রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক হয়েছে ৬ মে ২০২৩ ইংরেজিতে। এর মধ্য দিয়ে তিনি ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষিক্ত হলেন। লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাজকীয় অভিষেক অনুষ্ঠিত হয়। তবে যুক্তরাজ্যের মাত্র ৬২ শতাংশ মানুষ রাজতন্ত্রের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন বলে জানা যায়। তবে, এ তালিকায় অল্প বয়সীদের তুলনায় বয়স্করা বেশি।

রাজা তৃতীয় চার্লসের অভিষেকের আগে রাজ-পরিবার সম্পর্কে জনগণের মনোভাব জানতে একটি জনমত সমীক্ষা চালানো হয়। সমীক্ষাটি চালায় ব্রিটিশ জরিপ সংস্থা ইউগভ। যেখানে দেখা যায় ব্রিটেনে রাজার কি কাজ এবং রাজ পরিবারের সদস্যদের সম্পর্কে জানার আগ্রহ সাধারণ মানুষের মাঝে অনেক।

তথ্যানুযায়ী রাজাই যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান। তবে তার ক্ষমতা প্রতীকী এবং আনুষ্ঠানিক। তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করে থাকেন। প্রতিদিন ব্রিটিশ সরকারের কাজের রিপোর্ট তার কাছে লাল রঙের চামড়ার বাক্সে করে পাঠানো হয়। একইসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি বুধবার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার সঙ্গে দেখা করেন এবং সরকারের কার্যক্রম সম্পর্কে রাজাকে অবহিত করেন।

এছাড়াও রয়েছে রাজার আনুষ্ঠানিক সংসদীয় ভূমিকা। সরকার নিয়োগ থেকে শুরু করে সংসদীয় বছর শুরুর দায়িত্ব রাজাকে পালন করতে হয়। একইসঙ্গে সাধারণ নির্বাচনের আগে রাজাই আনুষ্ঠানিকভাবে সরকারের বিলুপ্তি ঘোষণা করে থাকেন।

এক দশক আগে, ইউগভ ট্র্যাকিং সমীক্ষায় দেখা গেছে যে ১৭% মানুষ নির্বাচিত রাষ্ট্রপ্রধান চান, যা এই সর্বশেষ জরিপে বেড়ে দাঁড়িয়েহে ২৬%।

ব্রিটেনকে রাজতন্ত্র হিসাবে অব্যাহত রাখা উচিত বা নির্বাচিত রাষ্ট্রপ্রধানের সাথে প্রতিস্থাপন করা উচিত কিনা সে বিষয়ে জরিপে দেখা গেছে:

৬২% রাজতন্ত্রকে সমর্থন করেন
২৬% একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান চান
১১% লোকেদের কোনো মতামত নেই এই বিষয়ে।

তাছাড়া ৬৫ বছরের উর্ধ বয়সীদের মধ্যে ৮০% মনে করেন রাজতন্ত্র সঠিক। যদিও ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই পরিসংখ্যান ৩৭% এ নেমে এসেছে বলে জানায় ইউগভ।

ইংল্যান্ডের তুলনায় স্কটল্যান্ড বা ওয়েলসের জনগণের রাজতন্ত্রের পক্ষে কম সমর্থন রয়েছে বলে পরিসংখ্যানে উঠে এসেছে।

ঐতিহাসিক এবং রাজকীয় ভাষ্যকার এড ওভেনস বলেছেন যুবকদের মধ্যে সমর্থনের অভাব রাজপরিবারের কাছে “অবশ্যই উদ্বেগের বিষয়” বলে বিবেচিত হওয়া উচিত।

তবে তিনি বলেছেন, রয়্যালদের পক্ষে জনপ্রিয়তা বাড়ানো এখন কঠিন হয়ে পড়েছে। যার অন্যতম কারণ অনেকগুলো প্রভাবক রাজপরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।

এম.কে
০৫ আগস্ট ২০২৩

 

 

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

প্রিন্স হ্যারির জন্মে খুশি ছিলেন না বাবা

প্রিন্স হ্যারি যখন জন্মেছিলেন, তখন একেবারেই খুশি হননি রাজা তৃতীয় চার্লস। এক নতুন উদ্ধার হওয়া অডিও টেপে তার স্ত্রী ডায়নাকে এমনই বিস্ফোরক দাবি করতে দেখা গিয়েছে।

১৯৯৭ সালে এক আকস্মিক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা পরলোকগমন করলেও আজও বাকিংহাম প্যালেসে চার্লসের সাবেক ও মৃত স্ত্রীর অনিবার্য ‘ছায়া’ উপস্থিত। লেডি ডায়নার একটি ছয় ঘণ্টার অতিরিক্ত টেপ পাওয়া গিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। আর সেখানেই এই দাবি করতে দেখা গেছে তাকে। শিগগিরি মুক্তি পাবে একটি তথ্যচিত্র ‘ডায়না : দ্য রেস্ট অফ হার স্টোরি’। সেখানে ওই অডিও শোনা যাবে বলে জানা যায়।

ডায়না জানিয়েছিলেন, ‘জানেন আমরা কেউই খুশি হইনি হ্যারির জন্মের সময়। আসলে আমরা চেয়েছিলাম কন্যাসন্তান হোক।’

উল্লেখ্য, হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’-এ তিনি তার বাবা চার্লসের ‘বদ রসিকতা’র উল্লেখ করতে গিয়ে উদাহরণ দিয়েছিলেন তার এক উক্তির। তিনি নাকি ছেলেকে বলেছিলেন, ‘কে বলতে পারে আমি তোমার সত্যিকারের বাবা কিনা।’

আজ থেকে প্রায় ২৬ বছর আগে ১৯৯৭ সালের ৩১ আগস্ট মারা যান ডায়না। কিন্তু এত বছরেও তার ওপর থেকে রহস্যের কুয়াশা সরেনি। এই পরিস্থিতিতে নতুন টেপ ঘিরে শোরগোল। তথ্যচিত্রে বাকিংহাম প্যালেসের আর কোন অজানা দিক উঠে আসে কিনা, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

এম.কে
০৪ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

পিছিয়ে গেলো ভারত-যুক্তরাজ্য বানিজ্য চুক্তি

যুক্তরাজ্য-ভারত মুক্ত বাণিজ্যচুক্তির সম্ভাবনা দেখা দিলেও তা উভয় দেশের নির্বাচনের কারণে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ মহল। ব্রেক্সিটের পরে ব্রিটেনের পক্ষে সবচেয়ে বড় সম্ভাব্য সুযোগ হিসাবে দীর্ঘস্থায়ী এই চুক্তির ব্যাপারে পজেটিভ ভাব দেখিয়ে যাচ্ছে উভয় দেশ। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
ঋষি সুনাক ভারতের সাথে একটি দ্রুত বাণিজ্য চুক্তি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। যদিও প্রতিবেদনের তথ্যানুযায়ী জানা যায়, এই সপ্তাহের
জি-২০ শীর্ষ সম্মেলনের আগে চুক্তি সাক্ষর প্রায় অসম্ভব।
আলোচনার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক “প্রাথমিক ফসল” চুক্তির ধারনাকে এই মূহুর্তে প্রত্যাখ্যান করেছেন। তবে সূত্র জানায় এই ফসল চুক্তি পণ্যের শুল্ক কমিয়ে দিতে সক্ষম ছিল। যার ফলে যুক্তরাজ্যের বাজারে পণ্যের দাম কমে আসার সমূহ সম্ভাবনা ছিল।
বিশেষজ্ঞদের মতে, এই ফসল চুক্তি নিয়ে নেগেটিভ ধারনার ফলে, আসছে জি ২০ শীর্ষ সম্মেলনের সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের সময়ে চুক্তি সাক্ষরের আর কোনো সম্ভাবনা রইল না।
২০২৪ সালে উভয় দেশের নির্বাচন থাকায় চুক্তি সাক্ষর পিছিয়ে গেলো বলে মনে করেন যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র। যদিও ভারত সরকারের কেউ কেউ এখনও বিশ্বাস করেন এই বছরের শেষের দিকে উভয় দেশের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে, যুক্তরাজ্যের মন্ত্রীরা দীর্ঘদিন ধরে ব্রেক্সিটের পরে ভারতের সাথে বানিজ্য চুক্তিকে দুর্দান্ত একটি সুযোগ বলে ধরে রেখেছিলেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই বছরের শুরুর দিকে বলেছিলেন ভারতের সাথে বানিজ্য চুক্তি সাক্ষরিত করা ছিল ২০২৩ সালের জন্য একটি বৃহত্তম অর্জন।
এম.কে
০৪ সেপ্টেম্বর ২০২৩