Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

৫ বছরের মধ্যে যুক্তরাজ্যের শীর্ষ মন্ত্রীর প্রথম চীন সফর

দীর্ঘ পাঁচ বছর পর চীন সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের শীর্ষ মন্ত্রী। চীনের কৌশল নিয়ে এমপিদের সমালোচনা উপেক্ষা করে পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এবার দেশটিতে সফর করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৮ সালে শীর্ষ মন্ত্রী হিসেবে ক্লেভারলি চীন সফর করেছিলেন। এর পাঁচ বছর পর তিনি আবার দেশটিতে সফর করবেন। তিনি বলেন, এমপিদের বিরোধ সত্ত্বেও বৈশ্বিক গুরুত্ব বিবেচনায় এটি উপেক্ষা করার সুযোগ নেই।

যুক্তরাজ্যের পররাষ্ট্রবিষয়ক কমিটির এমপিরা তার এ সফরকে চীনের কৌশলের সাথে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন। সিনিয়র কনজারভেটিভ নেতা স্যার লাইন ডাঙ্কান স্মিথ এ সফর চীনকে তুষ্টিকরণ বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এরমানে আমরা কেবল ব্যবসা বাড়াতে চাই। চীনকে কোনোভাবেই ব্যথিত করতে চাই না।

সফরে ক্লেভারলির সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভাইস প্রেসিডেন্ট হান জেং বৈঠক করবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় তিনি জিনজিয়াং ও তিব্বতে মানবাধিকার, হংকংয়ের প্রতি আচরণ ও যুক্তরাজ্যের এমপিদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ ও সাইবার নিরাপত্তা নিয়েও আলোচনার কথা রয়েছে।

উল্লেখ্য, দুই দেশের পারস্পারিক সম্পর্ক উন্নয়নে চীন সফর করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

এম.কে
০৪ সেপ্টেম্বর ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

ক্যানসারের সাথে লড়াই করে গেলেন হিথ স্ট্রিক

ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। দিন কয়েক আগেই তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল। কিন্তু রবিবার জানা গেল, শনিবার মধ্যরাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। তার স্ত্রী নাদিন সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন।

হিথ যে ক্যানসারের একেবারে শেষ পর্যায়ে রয়েছেন তা আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। মাঝেমাঝেই তিনি অসুস্থ হয়ে পড়তেন। জীবনের শেষ কয়েকটা দিন তিনি থাকতেন মাতাবেলেল্যান্ডের ফার্ম হাউসে। শনিবার রাতে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গত ২৩ আগস্ট সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়েছিল যে হিথ স্ট্রিক আর বেঁচে নেই। হিথের সতীর্থ হেনরি ওলোঙ্গা দীর্ঘ পোস্ট করে কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যু খবর জানিয়েছিলেন। কিন্তু সেই খবর যে ভুয়া তা নিজেই জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, ‘আমি নিশ্চিত করছি, হিথ স্ট্রিকের মৃত্যুর খবর একটি বাড়াবাড়ি রকমের গুজব।’ সেই পোস্ট দেখে ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফুটেছিল। কিন্তু রবিবার সেই হাসি মিলে গেল।

জিম্বাবুয়ে ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার পিছনে তার অবদান অনস্বীকার্য। স্ট্রিকের আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় ১৯৯৩ সালে। ২০০০-২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। দেশের হয়ে ৬৫টি টেস্ট ম্যাচ ১৮৯টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছেন হিথ স্ট্রিক।

এম.কে
০৩ সেপ্টেম্বর ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

অডিও ভিডিও কল করা যাবে এক্সে

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক গত বছর টুইটার অধিগ্রহণের পর থেকে একের পর এক পরিবর্তন করে আসছেন। প্রথমে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের নাম পরিবর্তন করেন নিজেই। টুইটারের নাম বদলে এক্স রাখেন। এবার এক্স প্লাটফর্মে আসছে এক নতুন ফিচার।

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো এখন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে ভিডিও এবং অডিও কল করতে পারবেন ব্যবহারকারীরা। এক টুইটে ইলন মাস্ক নিজেই এ তথ্য জানিয়েছে।

নতুন ফিচারের ঘোষণার পাশাপাশি কোথায় কোথায় এ ফিচার ব্যবহার করা যাবে সেটিও জানিয়ে দিয়েছেন। টুইটে মাস্ক জানান, এ নতুন ফিচারের সুবিধা সব ধরনের ফোন এবং ল্যাপটপে নেওয়া যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ল্যাপটপে এ ফিচারটি খুব সহজেই ব্যবহার করা যাবে। একই সঙ্গে ভিডিও ও অডিও কলের জন্য ব্যবহারকারীর ফোন নম্বর প্রয়োজন নেই বলেও জানা যায়।

এম.কে
০৩ সেপ্টেম্বর ২০২৩

Categories
বাংলাদেশ শীর্ষ খবর

দেশের গণ্ডি পেরিয়ে কচুর লতি যাচ্ছে লন্ডনে

দেশের গণ্ডি পেরিয়ে কচুর লতি ‘লতিরাজ’ যাচ্ছে এখন লন্ডনে। এ লতি চাষ করে ভাগ্যের পরিবর্তনের হাতছানি দিয়েছে বাংলাদেশের কৃষকদের।

প্রায় ৫১০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে লতা চাষ করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ঝলমলা গ্রামের একজন কৃষক। তিনি বলেন, নিজের জমি মাত্র ৬০ শতাংশ। বাণিজ্যিকভাবে লতি চাষের জন্য ১১ জনের কাছ থেকে ৪৫০ শতাংশ জমি বর্গা এক বছরের চুক্তিতে নিয়েছেন বলে জানান।

তিনি বলেন, প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে লতিরাজ বারি-১ জাতের লতার চারা রোপণ ও জমি তৈরিতে। ইতোমধ্যে তিনি প্রায় সাড়ে ৩ লাখ টাকার লতি বিক্রি করেছেন। আরও ৮ থেকে ১০ লাখ টাকা বিক্রি হবে।

স্থানীয় একজন কৃষক জানান, লতি নিয়ে এখন আর বাজারেও যেতে হয় না। সিলেটের পাইকারি বাজারে লতি বিক্রি হয়। আড়ৎদার নিজে এসে পুরো ক্ষেতের লতিরাজ লতি চুক্তিতে কিনে নিয়েছেন।

সিলেটের একজন পাইকার জানান, স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে সিংহভাগ লতি লন্ডনে রপ্তানি করা হচ্ছে। কচু আর লতি চাষে তেমন সার লাগে না। রোগ-বালাইমুক্ত ও বিষ দিতে হয় না, খরচও কম। তাই স্থানীয় কৃষকেরা প্রতিবছর লতি ও কচু চাষে উদ্বুদ্ধ হয়েছেন।

এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যের বে সিস্টেম সামরিক লক্ষ্যবস্তুতে পরিনত হবেঃ ক্রেমলিন

যুক্তরাজ্যের প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান বে সিস্টেমস ইউক্রেনে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার পর রাশিয়া বলেছে, রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র উৎপাদনকারী যেকোনো স্থাপনা সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অবশ্যই অস্ত্র উৎপাদনের জন্য যে কোনো স্থাপনা, বিশেষত যদি এই অস্ত্রগুলি আমাদের দিকে গুলি চালায়; তবে সেগুলি আমাদের সামরিক বাহিনীর জন্য বিশেষ মনোযোগের বিষয় হয়ে ওঠে।

তিনি বলেন, এই পদক্ষেপ ইউক্রেন সংঘাতের গতিপথকে প্রভাবিত করবে না বা শত্রুতা হ্রাসে অবদান রাখবে না।

বৃহস্পতিবার ব্রিটেনের বৃহত্তম প্রতিরক্ষা সংস্থা বিএই সিস্টেমস জানিয়েছে, তারা ইউক্রেনে একটি ইউনিট স্থাপন করেছে এবং কিয়েভের অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ বাড়ানোর জন্য সরকারী চুক্তি স্বাক্ষর করেছে।

এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ব্রিটেনে দ্বৈত নাগরিকের সংখ্যা এক দশকে দ্বিগুণ

গত এক দশকে যুক্তরাজ্যে দ্বৈত নাগরিক বা একাধিক পাসপাোর্টধারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে৷ বৃহস্পতিবার প্রকাশিত সরকারি এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে৷ এতে বলা হয়েছে, এই সংখ্যা বাড়ার পেছনে ব্রেক্সিটও একটি কারণ৷

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-এর আদমশুমারির পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে ইংল্যান্ড এবং ওয়েলস মিলিয়ে ছয় লাখ ১২ হাজার মানুষের কাছে দ্বৈত বা একাধিক পাসপোর্ট ছিল৷ কিন্তু ২০২১ সালে এসে সেই সংখ্যা ১২ লাখ ৬০ হাজারে উন্নীত হয়েছে৷

পরিসংখ্যানে আরো দেখা গেছে, ব্রিটিশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের পাসপোর্টধারী নাগরিকের সংখ্যাও আগের তুলনায় অনেক বেড়েছে৷

১০ বছরের ব্যবধানে যুক্তরাজ্যে ব্রিটিশ এবং ইইউ পাসপোর্টধারী জন্মগ্রহণকারী লোকের সংখ্যাও পাঁচগুণ বেড়ে এক লাখ ৫৬ হাজার ৪০০ জনে উন্নীত হয়েছে৷ আর যুক্তরাজ্যের বাইরে জন্ম নেয়া যুক্তরাজ্য-ইইউ দ্বৈত পাসপোর্টধারী নাগরিকের সংখ্যা প্রায় এক লাখ ৪৭ হাজার৷

২০১১ থেকে ২০২১ সালের মধ্যে আয়ারল্যান্ড ইইউ সদস্য হওয়ার পর ব্রিটিশ এবং আইরিশ পাসপোর্টসহ যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা ছয় গুণ বেড়েছে৷

ওএনএস-এর কর্মকর্তা জে লিন্ডপ বলেন, গত এক দশকে অভিবাসন অর্থাৎ ইইউ থেকে অনেক মানুষ যুক্তরাজ্যে স্থানান্তর হওয়ায় এই সংখ্যাটা বেড়েছে৷

তিনি আরো বলেন, ‘‘ইংল্যান্ড এবং ওয়েলসে বসতি স্থাপন করা পরিবারের সন্তানেরা জন্ম নেয়ার পর আমরা অল্প বয়সীদের মধ্যে দ্বৈত নাগরিকত্ব বৃদ্ধি লক্ষ্য করেছি৷’’

লিন্ডপের মতে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসার পর অবাধ চলাচলের সুযোগ কমে আসায় দ্বৈত পাসপোর্ট নেয়ার প্রবণতা তৈরি হয়েছে৷

উল্লেখ্য যে, ২০১৬ সালে গণভোটে ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়ার পর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসে৷

এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ধসের আশঙ্কায় যুক্তরাজ্যের অনেক স্কুল বন্ধ

ইংল্যান্ডে এক ধরনের বায়ুযুক্ত কংক্রিট দিয়ে তৈরি কয়েকটি স্কুলের ভবনগুলোকে বন্ধ করে দিতে হবে যা ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্য সরকার স্কুল খোলার ঠিক পূর্বে এ ঘোষণা দিয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৫০ এর দশক থেকে ১৯৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত, ব্যাপকভাবে স্কুল ও কলেজ নির্মাণের জন্য রিইনফোর্সড অটোক্লেভড এরেটেড কংক্রিট (আরএএসি) ব্যবহৃত হয়েছিল।

কর্মকর্তারা সময়ের সাথে সাথে উপাদানটির ঝুঁকির আশঙ্কা নির্ধারণ করার পর মন্ত্রণালয় ২০১৮ সালে স্কুলগুলোকে এ ব্যপারে সতর্ক করা শুরু করে।

প্রায় ১০৪টি স্কুল ও কলেজ নির্মাণে আর আরএএসি ব্যবহৃত হয়েছে। ইংল্যান্ডের লক্ষাধিক শিক্ষার্থী গ্রীষ্মের দীর্ঘ ছুটির পরে স্কুলে ফিরে আসার সময় এ নির্দেশ দেয়া হল বলে খবরে জানা যায়।

শিক্ষা সচিব গিলিয়ান কিগান বলেন, স্কুল ও কলেজে শিশু এবং কর্মীরা নিরাপদ কি-না তা নিশ্চিত করার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই।

এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

উইন্ডরুশ কেলেঙ্কারী নিয়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর আক্ষেপ

থেরেসা মে “প্রতিকূল পরিবেশ” শব্দটি ব্যবহার করার জন্য আফসোস প্রকাশ করেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। তিনি হোম অফিসের কর্মীদের নিয়ে সমালোচনা করে বলেন, তিনি বিশ্বাস করেন উইন্ডরুশ কেলেঙ্কারীতে হোমঅফিস কর্মীদের অবদান ছিল।

হোম অফিসের উইন্ডরুশ কেলেঙ্কারীর সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে থেরেসা মে দায়িত্ব পালন করছিলেন বিধায় তিনি এরজন্য দুঃখ প্রকাশ করেন বলে জানা যায়। ক্ষমতার অপব্যবহার করে উইন্ডরুশ প্রজন্মের লোকদের ভুলভাবে অবৈধ অভিবাসী হিসাবে লিপিবদ্ধ করায় থেরেসা মে “হতবাক” হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান।

কনজারভেটিভ এমপি জানান তিনি “গভীরভাবে দুঃখিত”। তবে তার ১৪ পৃষ্ঠার এক বিশ্লেষণে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোকপাত করেছেন বলে জানা যায়। যার মধ্যে ক্ষমতার অপব্যবহার করাকে তিনি চিহ্নিত করেছেন প্রধান সমস্যা হিসাবে।

১৯৪৫ থেকে ১৯৫১ সালের লেবার দলীয় প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলিকে থেরেসা মে দোষারোপ করেন এই কেলেঙ্কারির জন্য। উইন্ডরুশ আগতদের যুক্তরাজ্যে থাকার অধিকার দেয়ার যথাযথ কাগজপত্র দিতে ব্যর্থ হওয়াকে থেরেসা মে ক্ষমতার অপব্যবহার হিসেবে চিহ্নিত করেছেন। থেরেসা মে মনে করেন লেবার পার্টি ১৯৪৫ সালে প্রতিকূল পরিবেশ ধারনাটি সৃষ্টি করে। ২০১০ সালে প্রধানমন্ত্রী হবার পর তিনি উইন্ডরুশ কার্যক্রম চালিয়ে যাওয়াতে উইন্ডরুশ কেলেঙ্কারীর দায় তার নিজের উপর এসেছে বলে সাবেক প্রধানমন্ত্রী মনে করেন।

চ্যাসিং স্ট্যাটাসের লেখক ফিওনা বাউডন, ২০১৪ সালের একটি প্রতিবেদনে হোমঅফিস যে বৈরী পরিবেশ আইন প্রবর্তন করছিল তার ঝুঁকিগুলি তুলে ধরেন।

তিনি বলেন, ” আমি উইন্ড্রুশ কেলেঙ্কারী ঘটার চার বছর আগেই সে সম্পর্কে হোম অফিসকে সতর্ক করার চেষ্টা করেছিলাম। ভুলের উপর ভিত্তি করে নেয়া সিদ্ধান্তের কারণে অনেক লোকের জীবন উলটে গিয়েছে।”

থেরেসা মে বর্তমান স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যানের বিভিন্ন সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন। তিনি পূর্বে ঘটে যাওয়া উইন্ড্রুশ কেলেঙ্কারীকে “আফসোসযোগ্য” হিসাবে বর্ণনা করে বলেন হোম অফিস কর্তৃক গৃহীত পদক্ষেপে উইন্ড্রুশ প্রজন্মের উপর প্রভাবের কারণে সরকারের সুপারিশগুলি নিয়ে পুনর্বিবেচনা করা উচিত।

এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাষ্ট্রে গাঁজা সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের সুপারিশ

গাঁজার ওপর আরোপিত বিধিনিষেধ শিথিলে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির (ডিইএ) কাছে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে প্রায় ৪০টিতে কোনো না কোনো আকারে গাঁজার ব্যবহারকে বৈধ করার আইন পাস করা সত্ত্বেও এটি ফেডারেল পর্যায়ে অবৈধ। গাঁজা বর্তমানে হেরোইন ও এলএসডির মতো একই শ্রেণির মাদকের তালিকাভুক্ত।

যদি ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি এই শ্রেণিতে পরিবর্তন আনে, তবে গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের মাদকনীতিতে এটি হবে তাৎপর্যপূর্ণ পরিবর্তন।

কন্ট্রোলড সাবস্টেন্সেস অ্যাক্ট বা নিয়ন্ত্রিত পদার্থ আইন অনুযায়ী গাঁজা এখন শিডিউল ১ মাদক হিসেবে শ্রেণিবদ্ধ। এর অর্থ হলো, চিকিৎসায় এর কোনো ব্যবহার নেই এবং এর অপব্যবহারের উচ্চ শঙ্কা রয়েছে।

গাঁজাকে শিডিউল ৩ শ্রেণিতে নেওয়া হলে এটি সেসব মাদকের শ্রেণিতে পড়বে, যেগুলোতে নির্ভরশীলতা এবং অপব্যবহারের শঙ্কা কম। কিটামিন, কোডেইন ও অ্যানাবোলিক স্টেরয়েড এই শ্রেণিতে পড়েছে।

গেল বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার অ্যাটর্নি জেনারেল ও হেলথ সেক্রেটারিকে নির্দেশ দেন, গাঁজাকে অপেক্ষাকৃত কম গুরুতর মাদক হিসেবে তালিকাভুক্ত করা যায় কি না, সেই পর্যালোচনা করতে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির কাছে গাঁজা সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের প্রস্তাব দেয়।

এক বিবৃতিতে এজেন্সি জানায়, এই প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির বিবেচনার জন্য একটি বৈজ্ঞানিক ও চিকিৎসা সংক্রান্ত মূল্যায়ন করেছে।

কন্ট্রোলড সাবস্টেন্সেস আইন অনুযায়ী গাঁজাকে মাদকের নতুন শিডিউলে নেওয়ার চূড়ান্ত ক্ষমতা ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির। এজেন্সি এখন এর পর্যালোচনা শুরু করবে।

সমস্ত পশ্চিম উপকূলীয় রাজ্য এবং ওয়াশিংটন ডিসিসহ ২৩টি রাজ্যে প্রাপ্তবয়স্কদের বিনোদনমূলক ব্যবহারের জন্য গাঁজা বৈধ। এটি ৩৮টি রাজ্যে চিকিৎসা ব্যবহারের জন্য অনুমোদিত।

এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে ক্যানসার চিকিৎসায় ৭ মিনিটের ইনজেকশন

ব্রিটেনের রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল হেলথ সার্ভিস বিশ্বে প্রথম এমন একটি ইনজেকশন দিতে যাচ্ছে, যেটি ইংল্যান্ডের শত শত রোগীর ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হবে এবং চিকিৎসার সময়কাল তিন চতুর্থাংশ পর্যন্ত কমাতে পারবে।

নতুন ধরনের ইনজেকশনটি মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির অনুমোদনের পর ন্যাশনাল হেলথ সার্ভিস মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, যাদের অ্যাটেজোলিজুম্যাব নামক ওষুধের মাধ্যমে ইমিউনোথেরাপি দেওয়া হয়, নতুন ওই ইনজেকশন তাদের ত্বকের নিচে দেওয়া হবে। এটি চিকিৎসার সময়কাল কমিয়ে দেবে।

ওয়েস্ট সাফোক এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের কনসাল্টেন্ট অঙ্কোলজিস্ট আলেকজান্ডার মার্টিন বলেন, এই অনুমোদন শুধুমাত্র আমাদের রোগীদের জন্য সুবিধাজনক এবং দ্রুত সেবা দেওয়াই নিশ্চিত করবে না, এক দিনে অনেক রোগীকে চিকিৎসা দেওয়াও সম্ভব হবে।

এনএইচএস ইংল্যান্ড বলছে, ‘অ্যাটেজোলিজুম্যাব’, যা টেসেনট্রিক নামেও পরিচিত, এই ওষুধ রোগীদের শিরায় দেওয়া হয়।

একটি ড্রিপের মাধ্যমে এটি শিরায় দেওয়া হয়। শিরা পেতে সমস্যা হলে কিছু রোগীর ক্ষেত্রে এই ইনজেকশন দিতে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়।

নতুন ধরনের ইনজেকশন প্রস্তুতকারী জেনেনটেকের মূল প্রতিষ্ঠান রোশ প্রোডাক্টস লিমিটেডের মেডিকেল পরিচালক মারিয়াস স্কোলজ বলেন, ক্যানসার রোগীদের বর্তমানে শিরায় ইনজেকশনের দিতে যেখানে সময় ৩০ থেকে ৬০ মিনিট লাগে, তা ৭ মিনিটে নেমে আসবে।

এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৩