Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

অবৈধ কাজে সহায়তাকারী আইনজীবীদের জন্য কঠোর হচ্ছে সরকার

স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যান, অবৈধভাবে যে সকল আইনজীবীরা আশ্রয়প্রার্থীদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাদের জন্য কঠোর বার্তা প্রদান করেছেন। আইনভঙ্গ করার দায়ে তাদের বিচারের আওতায় আনার প্রচেষ্টা তিনি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

কিছু আইনজীবী টাকা উপার্জনের উদ্দেশ্যে ভুয়া কাগজপত্র দিয়ে যুক্তরাজ্যে থাকার সুযোগ করে দেয়ার বিজ্ঞাপন প্রচারের পর এই বিষয় হোম অফিসের নজরে আসে বলে ব্রিটিশ মিডিয়ার প্রতিবেদনে জানা যায়।

একটি নতুন টাস্কফোর্স গঠন করা হয়েছে এইসব জাল কাগজপত্র বানিয়ে যারা প্রতারণা করে যাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। টাস্কফোর্স কয়েক মাস ধরে প্রাথমিক কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানা যায়। হোম অফিস জানায় টাস্কফোর্স মামলার জন্য শক্তিশালী প্রমাণের ভিত্তি তৈরি করতে সহায়তা করবে।

তবে আইন সোসাইটির মতে এসাইলাম প্রার্থীদের মামলার ব্যাকলগ গুলি শেষ না করে ছোট বিষয়ের উপর মনোনিবেশ করা হাস্যকর।

ইংল্যান্ড এবং ওয়েলসের সলিসিটারদের প্রতিনিধিত্বকারী সংস্থা জানায় আইনজীবীদের অবৈধ কাজ ধরতে তাদের প্রতিষ্ঠানই যথেষ্ট, সরকারের এতে মাথা না ঘামালেও চলবে।

আইন সোসাইটির ডেভিড ম্যাকনিল ব্রিটিশ মিডিয়াকে জানান, টাস্কফোর্স কয়েক মাস ধরে কাজ করে যাচ্ছে এবং তাদের কাজ দেখে মনে হচ্ছে আইনজীবীরা সব তাদের শত্রু ও সমাজ ধ্বংসকারী।

লেবার দলের ছায়া মন্ত্রী স্টিভ রিড বলেন, ইমিগ্রেশন বিষয়ে টোরিদের কাজ কিছুই হচ্ছে না, কাজ দেখে মনে হচ্ছে তারা বোকার স্বর্গে বাস করে। এসাইলাম ব্যাকলগ শেষ করার কোনো ইচ্ছেই টোরিদের আছে তা তাদের কাজ দেখে মনে হয় না।

সরকার বলেছে, জালিয়াতি উপায়ে যুক্তরাজ্যে থাকতে সাহায্য করার জন্য যারা দোষী সাব্যস্ত হবেন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। বেআইনী মাইগ্রেশনকে সহায়তা করার জন্য সর্বাধিক সাজা হ’ল ইমিগ্রেশন আইন ১৯৭১ অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড।

সলিসিটারস রেগুলেশন অথরিটি আইনজীবীদের সকল ধরনের প্রতারণা থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে। মনোযোগের অভাবের কারণেও যেনো কোনো কাজ হতে আইনভঙ্গের ঘটনা না ঘটে সেদিকেও নজর দেয়ার জন্য গুরুত্বারোপ করা হয়।

হোম অফিস জানায়, টাস্কফোর্সকে সন্দেহভাজন কার্যকলাপ সনাক্ত করতে এবং প্রতিবেদন তৈরিতে সহায়তা পেতে ইমিগ্রেশন সিস্টেমে কাজ করা কর্মীদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে সরকার।

এম.কে
১০ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

অবৈধ অভিবাসন বন্ধে তুরষ্ক-যুক্তরাজ্যের যৌথ প্রচেষ্টা

যুক্তরাজ্য ও তুরস্ক পাচারকারী গ্যাংগুলিকে গ্রেফতার করতে এবং অবৈধ অভিবাসন মোকাবেলায় একটি নতুন চুক্তিতে সম্মত হয়েছে। অংশীদারিত্বের মাধ্যমে সহযোগিতা জোরদার করতে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সম্পর্ক বাড়ানোর জন্য তুরস্কের সাথে চুক্তি করতে সম্মত হয় যুক্তরাজ্য।

যুক্তরাজ্য সরকার জানায়, তুরষ্ক একমত হলে ইউরোপ জুড়ে ছোট নৌকাগুলি দ্বারা অবৈধ অভিবাসনের চেইনকে ব্যাহত করা সম্ভব হবে। যুক্তরাজ্যের ইমিগ্রেশন মন্ত্রী রবার্ট জেনরিক বলেন, তুরষ্কের সাথে শুধু অর্থ দিয়ে সহযোগিতা নয় তথ্য আদান-প্রদানের মাধ্যমে একে অন্যকে অবৈধ অভিবাসন বন্ধে চেষ্টা চালিয়ে যাবে।

যুক্তরাজ্য সরকার বলেছে, তুর্কি জাতীয় পুলিশ কর্তৃক প্রতিষ্ঠিত নতুন সেন্টার অফ এক্সিলেন্স দুটি দেশকে গোয়েন্দা তথ্য ভাগ করে সহায়তা করবে।

হোম অফিস জানায়, অবৈধ অভিবাসী পারাপারে ইংলিশ চ্যানেল জোরে ছোট নৌকা
চোরাচালান কারীদের জন্য এক অন্যতম ব্যবস্থা। ছোট নৌকার সাহায্যে হাজার হাজার লোক অবৈধ পথে ইংল্যান্ডে প্রবেশ করে। তারা আরো জানায়, তুরস্ক ইউরোপের বৃহত্তম এবং ব্যস্ততম সীমান্ত ক্রসিং পয়েন্ট বিধায় এই অংশের চেক পোস্ট নিয়ন্ত্রণ রাখা জরুরি।

হোম অফিসের পরিসংখ্যান অনুসারে, এই বছরের প্রথম সাত মাসে ১৪৮৬ জন তুর্কি নাগরিক ছোট নৌকায় যুক্তরাজ্যে চ্যানেলটি অতিক্রম করে।

হোম অফিসের তথ্যানুযায়ী, যুক্তরাজ্য ২০২২ সালে ১৯১১ তুর্কি নাগরিককে ফিরিয়ে দিয়েছিল অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকালে। এরমধ্যে ১,০৭৬ জন ছোট নৌকা নিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিল। তবে, দুই দেশের কোনও আনুষ্ঠানিক রিটার্ন চুক্তি নেই।

স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যান ব্রিটিশ মিডিয়াকে জানান, ” যুক্তরাজ্য সরকার অবৈধ অভিবাসন বন্ধে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তুরস্কের সাথে যুক্তরাজ্যের রয়েছে বিভিন্ন অংশীদারিত্ব। আমরা একে অপরের এক ঘনিষ্ঠ বন্ধু এবং মিত্র। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে এই আন্তর্জাতিক সমস্যা নিয়ে একসাথে কাজ করতে এবং আশাকরি ছোট নৌকা সরবরাহের চেইনকে মোকাবেলা করতে সক্ষম হবে।”

এম.কে
১০ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

মিয়ানমার থেকে পণ্য কিনবে না জারা

মিয়ানমার থেকে পোশাক কিনবে না বহুজাতিক ফ্যাশন হাউজ জারা। বিশ্ব সংবাদমাধ্যমের খবরে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক ইন্ডিটেক্স নাইপিদো মিয়ানমার থেকে কেনাকাটা বন্ধ করার প্রক্রিয়ায় রয়েছেন বলে জানা গেছে।

ইন্ডিটেক্স গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিশ্বব্যাপী শ্রমিকদের ইউনিয়ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোকে জান্তা সরকার শাসিত দেশটির সঙ্গে সম্পর্ক ছেদের আহ্বান জানিয়ে আসছে। ওই আহ্বানে সাড়া দিয়ে মিয়ানমার থেকে পণ্য সংগ্রহ বন্ধ করবে জারা। কোম্পানির একজন মুখপাত্র এক ই-মেইল বার্তায় লিখেছেন, ‘ইন্ডাস্ট্রিয়ালসের আহ্বানে সাড়া দিয়ে ইন্ডাটেক্স মিয়ানমার থেকে পর্যায়ক্রমে প্রস্থানের প্রক্রিয়ায়। দেশটি থেকে আমাদের সক্রিয় উৎপাদকের সংখ্যা কমাব।’

ইনডিটেক্স কবে নাগাদ মিয়ানমার থেকে পুরোপুরি বের হয়ে যাবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি। তারা সরবরাহকারী কোনো তালিকা প্রকাশ করে না। তাই এটি পরিষ্কার নয় যে মিয়ানমারে ঠিক কী পরিমাণ কারখানা ফ্যাস্ট-ফ্যাশন জায়ন্ট কোম্পানিটিকে সরবরাহ করে। মিয়ানমারের গার্মেন্টস শিল্পে বিশালসংখ্যক মানুষ কর্মরত। দেশটি থেকে বড় বড় পশ্চিমা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাকে জামাকাপড় এবং জুতা সরবরাহ কর হয়। মিয়ানমারে ২০২১ সালের প্রথম দিকে সামরিক বাহিনী অং সাং সূচি সরকারকে হটিয়ে ক্ষমতা নেয়ার পর থেকে রাজনৈতিক ও মানবিক সংকটে নিমজ্জিত হয়েছে।

তাই দেশটি থেকে বিভিন্ন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের পণ্য না কেনার জন্য চাপ দেয়া হয়েছে। বড় ক্রেতারা মুখ ফিরিয়ে নিলে মিয়ানমারের কর্মীরা চাকরি হারাবেন বলেও খবরে প্রকাশ পায় ।

এম.কে
১০ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে বাড়ির দাম কমেছে

যুক্তরাজ্যে চলতি বছরের জুলাইয়ে টানা চতুর্থ মাসের মতো বাড়ির দাম কমেছে। তবে বাজার ক্রমবর্ধমান ঋণ ব্যয়ের বিপরীতে স্থিতিশীল। মর্টগেজ ঋণদাতা হ্যালিফ্যাক্সের তথ্যে এমনটি জানা যায়। জুনের তুলনায় মূল্য দশমিক ৩ ও বছরওয়ারি ২ দশমিক ৬ শতাংশ কমেছে। এ পতন জুনের ২ দশমিক ৬ শতাংশ পতনের চেয়ে কিছুটা কম, যা ২০১১ সালের জুনের পর সবচেয়ে বড় পতন।
হ্যালিফ্যাক্স জানায়, প্রথমবার ক্রেতাদের কাছ থেকে চাহিদা স্থিতিশীল। যদিও অনেকেই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক অব ইংল্যান্ডের বর্ধিত ঋণ ব্যয় মোকাবেলায় ছোট বাড়ি বেছে নিচ্ছে। তবে বাই-টু-লেট অর্থাৎ যারা কোনো সম্পত্তি ভাড়া দেয়ার জন্য কিনতে চান, সে খাতটি চাপের মুখোমুখি হচ্ছে বলে ধারণা। সম্ভবত এ কারণেই আরো বাড়ি বিক্রির তালিকাভুক্ত করা হচ্ছে। এটি বাজারে দীর্ঘমেয়াদি আবাসন ঘাটতি কমাতে সহায়তা করতে পারে, যা আবাসনের মূল্য বাড়ার ক্ষেত্রে প্রধান কারণ।
হ্যালিফ্যাক্স মর্টগেজ পরিচালক কিম কিনার্ড জানান, পরের বছরও বাড়ির দাম কমতে থাকবে বলে আশা করা হচ্ছে। এভাবে দাম কমার বিষয়টি আকস্মিক না হয়ে ধীরে ধীরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বর্তমান অর্থনৈতিক পূর্বাভাসের ওপর ভিত্তি করে সাম্প্রতিক বছরগুলোয় দেখা বাড়ির মূল্য বৃদ্ধির পুরোপুরি বিপরীত নাও হতে পারে।
এম.কে
১০ আগস্ট ২০২৩
Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ করেছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। দুর্নীতির দায়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেয়ার তিন দিন পর পাকিস্তানের নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়।
খবরে জানা যায়, নির্বাচন কমিশনার এই ঘোষণার অর্থ দাঁড়ায় ইমরান খানকে এমপি পদ থেকে বরখাস্ত করা হবে। ইমরান খাঁন দাবি করেছেন, অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তবে পাকিস্তান সরকার তা অস্বীকার করে।
ঘোষণার আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ুম আওরঙ্গজেব একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছেন, আইনানুযায়ী আপনার কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আদালতে দোষী প্রমাণিত একজন ব্যক্তিকে অবশ্যই শাস্তি পাওয়া উচিত।
গ্রেফতার ৭০ বছর বয়সী ইমরান ২০১৮ সালে পাকিস্তানের নেতা নির্বাচিত হন। গত বছর অনাস্থা ভোটে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। পাকিস্তানের আইন অনুযায়ী, একজন দোষী সাব্যস্ত ব্যক্তি পাকিস্তানের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের জন্য নির্বাচনে লড়তে পারেন না। তার দল দোষী সাব্যস্তের রায়কে চ্যালেঞ্জ করেছে এবং বুধবার ইসলামাবাদ হাইকোর্টে মামলার শুনানি হবে।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে ইসলামাবাদের কাছে একটি কারাগারে বন্দি রয়েছেন।
এম.কে
১০ আগস্ট ২০২৩
Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

রাজপরিবারের ওয়েবসাইট হতে মুছে দেয়া হল প্রিন্স হ্যারির সম্মানসূচক পদবি

ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারির সবধরনের সম্মানসূচক পদবি আগেই কেড়ে নেয়া হয়েছে। এবার ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হলো তার সম্মানসূচক পদবি ‘হিজ রয়্যাল হাইনেস’। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।

২০১৮ সালে মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করেন প্রিন্স হ্যারি। কিন্তু মেগানকে ঘিরে রাজপরিবারের সঙ্গে হ্যারির দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে রাজপরিবার ত্যাগের ঘোষণা দেন এবং স্ত্রী মেগানকে নিয়ে ‍যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

এরপর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ও বাবা প্রিন্স চার্লসের রাজা হিসেবে দায়িত্ব গ্রহণের সময় ঘরে ফিরলেও রাজপরিবারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি।

ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২০ সালে নিজেদের রাজ দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এরপরই তাদের সব ধরনের সম্মানসূচক পদবি কেড়ে নেয়া হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথ এ মর্মে নিশ্চিত হয়েছেন যে, যুবরাজ ও তার স্ত্রী যে জীবন বেছে নিয়েছেন, সেখান থেকে তাদের ওপর অর্পিত রাজপরিবারের জনসেবামূলক দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করা সম্ভব নয়। তাই রাজপরিবারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, এরপরও গত দুই বছর রাজপরিবারের ওয়েবসাইটে প্রিন্স হ্যারিকে ‘হিজ রয়্যাল হাইনেস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে গত সপ্তাহে ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করে হ্যারির পদবি মুছে দেয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, মূলত গত বছর সেপ্টেম্বর মাসে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকে এখনও রাজপরিবারের ওয়েবসাইট পুরোপুরি হালনাগাদ করা হয়নি।

২০১৮ সালে মেগান মার্কেলকে বিয়ে করার পর প্রিন্স হ্যারিকে সম্মানসূচক ডিউক অব সাসেক্স ও মেগানকে ডাচেস অব সাসেক্স উপাধি দেয়া হয়। এছাড়া হ্যারি বেশ কিছু সম্মানসূচক সামরিক খেতাবও পান। তবে এসব উপাধি বা পদবি এখন আর ব্যবহার করছেন না হ্যারি।
এম.কে
০৯ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

কাবা চত্বরে মুসল্লিদের না ঘুমানোর অনুরোধ

ওমরাহ করতে আসা মুসল্লিদের কাবা চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয়। এই বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

সৌদির হজ মন্ত্রণালয় থেকে এক টুইটবার্তায় এই অনুরোধ জানিয়ে বলা হয়, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থী। অতএব হে আল্লাহর অতিথিরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন।

এর আগে কাবা শরিফে ভিড় করে দাঁড়িয়ে থাকা এবং ধাক্কাধাক্কি করতে মুসল্লিদের নিষেধ করেছিল হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি প্রশাসন সূত্রের খবর, ওমরাহ পালনের সময় ক্লান্ত হয়ে অনেকেই মসজিদ প্রাঙ্গণে শুয়ে বিশ্রাম নেন বা ঘুমিয়ে পড়েন। ভিড়ের সময় তাদের পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেটি এড়াতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে।

 

এম.কে
০৯ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্য থাবা বসাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট

করোনার দাপট শেষ হয়ে গেলেও কোথাও কোথাও এখনও সংক্রমণ দেখা যাচ্ছে। এমনকি ভাইরাসটির নতুন নতুন ভ্যারিয়েন্ট চিন্তার কারণ হয়ে উঠছে। এমনই একটি ভ্যারিয়েন্ট কোভিড এরিস যা সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

করোনার মহামারি পর্বের সমাপ্তি ঘটেছে বেশ কিছুদিন আগেই। কিন্তু সারা পৃথিবীতেই কোভিডের মৌসুমি বৃদ্ধি দেখা যাচ্ছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুধু জুলাই মাসেই ১০ লক্ষাধিক সংক্রমণ ও ৩ হাজার ১০০-র বেশি মৃত্যু নথিভুক্ত হয়েছে বিশ্বজুড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বর্তমানে করোনা নবম ঢেউ চলছে। বিশ্বের ২৩৪টির মধ্যে ১০৭টি দেশেই কোভিড ধরা পড়ছে নতুন করে। এর মধ্যে ভারত ও বাংলাদেশও রয়েছে। এর মধ্যে একটি ভ্যারিয়েন্টের ওপর সতর্ক নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার কারণ কয়েকটি দেশে সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। এমনকি এসব রোগীদের কারও কারও হাসপাতালেও নেয়া লাগছে।

নতুন এই ভ্যারিয়েন্টটির নাম ইজি.৫.১। যাকে ‘এরিস’ বলেও ডাকা হচ্ছে। এটি করোনা ভাইরাসের দ্রুত সংক্রামক প্রজাতি ওমিক্রনের উপ-প্রজাতি। চলতি বছরের জুলাইতে যুক্তরাজ্যে প্রথম এর হদিস মেলে।

বিশেষজ্ঞদের দাবি, এই ভ্যারিয়্যান্ট এরই মধ্যে ইউরোপের কয়েকটি দেশে ছড়িয়েছে। এছাড়া উত্তর আমেরিকা, এশিয়া ও জাপানে এরিস আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে অনুমান করছেন চিকিৎসকরা।

ব্রিটিশ স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, যুক্তরাজ্যে এখনও করোনার বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে। এর মধ্যে সংক্রমণের দিকে দিয়ে গত মাসের শেষ দিকে দ্বিতীয় অবস্থানে চলে আসে এরিস।

বর্তমানে ব্রিটেনে কোভিড আক্রান্ত প্রতি ৭ জনের মধ্যে ১ জন এরিস-এ সংক্রমিত বলে জানিয়েছে ইউকেএইচএসএ। আরও বলা হয়েছে, যুক্তরাজ্যে বর্তমানে এরিস আক্রান্তের হার ১৪.৬ শতাংশ। সংক্রমণ ঠেকাতে ফের ব়্যাপিড টেস্ট শুরু করেছে যুক্তরাজ্য।

এম.কে
০৯ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

বিনা পয়সায় ক্রিপ্টোকারেন্সির মালিক হতে মানুষের লম্বা লাইন

বাজারে ওয়ার্ল্ড কারেন্সি নামে নতুন ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ ভার্চুয়াল মুদ্রা নিয়ে এসেছে ওপেন এআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট চ্যাটজিপিটি। নিজেদের প্রচারণার জন্য শুরুর দিকে ফ্রিতে প্রত্যেককে ২৫টি করে ক্রিপ্টোকারেন্সি দিবে তারা। তাই ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি পেতে উৎসুক জনতা দাঁড়াচ্ছে লম্বা লাইনে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটেন, জাপান ও ভারতে চোখের মণির স্ক্যান করে পরিচয় শনাক্তের মাধ্যমে ডিজিটাল আইডি খুলছে ওপেনএআই। যারা এভাবে নিবন্ধন করছেন তাদের প্রত্যেককে বিনা পয়সায় ক্রিপ্টোকারেন্সি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআই’র নির্বাহী প্রধান স্যাম আল্টম্যান।

বিনা পয়সায় নিবন্ধন শেষে জাপানি নাগরিক সেইকি সাসাকি বলেন, এখানে দুটি জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রথমত, একটি প্রাইভেট কোম্পানি আমাদের ব্যক্তিগত তথ্য নিয়ে যাচ্ছে; যা ভয়ের বিষয়। অন্যদিকে বিনা পয়সায় ক্রিপ্টোকারেন্সি পাওয়া যাবে, যা নিঃসন্দেহে লোভনীয় প্রস্তাব।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টার বলছে, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি ভয়ংকর কর্মকাণ্ড। সবাই বিনামূল্যে ক্রিপ্টোকারেন্সির লোভে নিজেদের ব্যক্তিগত তথ্য একটি প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিচ্ছে। একটি প্রাইভেট কোম্পানির এখানে কোনো দায়বদ্ধতা থাকে না; যতটা না একটি রাষ্ট্রের থাকে। সুতরাং, মানুষ জেনে বুঝে বিপদে পড়ছে।

বর্তমানে ক্রিপ্টোকারেন্সির বাজারে প্রতিটি ওয়ার্ল্ড কয়েন আড়াই ডলার দরে বিক্রি হচ্ছে। স্যাম আল্টম্যান জানিয়েছেন, আগামী ১৫ বছরে ওপেন এআই বাজারে ১০ বিলিয়ন ওয়ার্ল্ড কয়েনের টোকেন ছাড়বে। এরইমধ্যে প্রতিষ্ঠানটি ১২০ মিলিয়ন টোকেন ছেড়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ১ দশমিক ২ শতাংশ।

এক্ষেত্রে তথ্য সংগ্রহের বিষয়টিকে সম্পূর্ণ নিরাপদ দাবি করে ওপেনআই জানিয়েছে, তারা একটি বড় রকমের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন।

এম.কে
০৯ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

অনিয়মিত অভিবাসী ঠেকাতে স্যোশাল মিডিয়ায় নজরদারি করবে যুক্তরাজ্য

অনিয়মিত পথে আসা অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করতে যাচ্ছে যুক্তরাজ্য৷ এরই অংশ হিসেবে প্রথম সারির কয়েকটি সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে সরকার৷

সরকারের পক্ষ থেকে বলা হয়, অনিয়মিত পথে অভিসান ঠেকাতে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কয়েকটি সোশ্যাল মিডিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে৷ চুক্তির আওতায়, যেসব অনলাইন কন্টেন্ট নৌকায় করে ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত পথে যুক্তরাজ্যে যেতে উৎসাহিত করছে সেগুলো চিহ্নিত করা হবে৷

নির্বাচনের ঠিক এক বছর আগে উত্তর ফ্রান্স থেকে ছোটো নৌকা নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনিয়মিতভাবে যুক্তরাজ্য আসা অভিবাসীদের থামানোর প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ দল। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়ছে সরকার৷

ব্রিটিশ সরকার জানায়, দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম মেটা, টিকটক, এবং এক্স-এর সঙ্গে চুক্তি সই করেছে৷ যোগাযোগের এই মাধ্যমগুলো মানবপাচার বিষয়ক সব ধরনের কন্টেন্ট যেমন জাল কাগজপত্রের প্রস্তাব, শিশুদের জন্য বিনামূল্যের স্পেস, দলগত ডিসকাউন্ট এবং নিরাপদ অভিবাসনের রুট বিষয়ে মিথ্যা তথ্যগুলোকে টার্গেট করে কাজ করবে৷

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, চ্যানেল পাড়ি দিয়ে আসা নৌকাগুলোকে থামাতে পাচারকারীদের ব্যবসায়িক মডেলের যে উৎস রয়েছে তা বন্ধ করতে হবে৷ তার মানে হলো, মানব পাচারকারীরা যে মানুষকে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় প্রলুদ্ধ করছে, সেটি বন্ধ করা৷

ঋষি সুনাক মনে করেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই অংশীদারত্বের ফলে মানব পাচারকারীদের ঠেকাতে সরকারের প্রচেষ্টা দ্বিগুণ হবে৷

তবে সরকার বিরোধীরা অবশ্য এই সিদ্ধান্তে অতোটা সন্তুষ্ট নয়৷ প্রধান বিরোধী দল লেবার পার্টির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ইভেট্টে কুপার বলেন, ‘‘সরকার এই পরিকল্পনা প্রয়োজনের তুলনায় অল্প৷ তার মতে, সরকার নিজেই এই বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে এবং এটি কীভাবে সামলাতে হবে তা সরকার জানে না৷’’

গত কয়েক বছর ধরেই ব্রিটেনের রাজনীতিতে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ শুধু তাই নয়, এই বিষয়টি ২০১৬ সালে দেশটির ব্রেক্সিটের সময়েও অন্যতম আলোচ্য বিষয় হিসেবে ভূমিকা রেখেছে৷

উল্লেখ্য যে চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসীদের যুক্তরাজ্যে পৌঁছানোর ঘটনাও বাড়ছে। ২০২২ সালে মোট ৪৫ হাজার অভিবাসনপ্রত্যাশী নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা তার আগের বছরের অর্থাৎ ২০২১ সালের তুলনায় ৬০ ভাগ বেশি৷

এম.কে
০৮ আগস্ট ২০২৩