Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

সংসার ঠেকাতে কি করলেন ব্রিটিশ বক্সার

নানা বিতর্কিত কর্মকাণ্ডে প্রায়ই খবরের শিরোনামে আসেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার আমির খান। এবার স্ত্রী ফরিয়াল মাখদুমের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঠেকাতে তাকে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে আলোচনায় এই বক্সার। সম্প্রতি এক নারীর সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ খুদেবার্তা ফাঁস হওয়ার পর সংসার ভাঙতে বসেছিল আমিরের।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানিয়েছে, বিখ্যাত বক্সার তার স্ত্রীকে লাল ফিতায় মোড়ানো একটি ব্র্যান্ড নিউ মার্সিডিজ জি-ক্লাস উপহার দিয়েছেন। সেক্সটিং কেলেঙ্কারির কারণে তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। সেটাই আটকানোর মাধ্যম হিসেবে এই পন্থা অবলম্বন করেছেন তিনি।

আমির খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। ভিডিওতে লাল ফিতা এবং লাল বেলুন বাঁধা একটি ধূসর বর্ণের মার্সিডিজ জি-ক্লাস গাড়ি দেখা গেছে। মাখদুম গাড়িতে চড়ার পর যাত্রীর আসনে বসেন আমির।

বিয়ে বাঁচাতে বিপুল পরিমাণে অর্থ ব্যয়ের ঘটনা বক্সার আমির খানের জন্য প্রথমবার নয়। কয়েক দিন আগে তিনি তার স্ত্রীর মেকআপ ব্যবসায় ১ লাখ পাউন্ড বিনিয়োগ করেছিলেন।

আমির খান তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন এমন ঘটনাও নতুন নয়। ২০১৩ সালে বিবাহের পর থেকেই এই দম্পতিকে ঘিরে অনেক খবর আলোচনায় এসেছে।

এম.কে
০৮ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক

ফ্রান্স-ইতালি সীমান্তে পুশ ব্যাক চলছেইঃ এমএসএফ

চলতি মাসের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে ফরাসি এনজিও এমএসএফ দাবি করেছে, তারা ফ্রান্স-ইটালি সীমান্তে বেআইনি পুশব্যাকের ঘটনা নথিভুক্ত করেছে। এমএসএফকে দেয়া সাক্ষ্যে অভিবাসীরা জানিয়েছে, অপ্রাপ্তবয়স্ক অভিবাসী থেকে শুরু করে পরিবারগুলোও এমন সব পুশব্যাকের ভুক্তভোগী।

ফ্রান্স-ইটালি সীমান্তের আলোচিত ভেন্টিমিগ্লিয়ায় পুশব্যাক অব্যাহত রয়েছে বলে জোর দাবি করেছে ফরাসি দাতব্য সংস্থা মেদসা সঁ ফ্রন্তিয়ের বা এমএসএফ।

ডক্টরস উইদাউট বর্ডারস জানায়, “ফ্রাঙ্কো-ইটালীয় সীমান্তে অভিবাসীদের যথাযথ মূল্যায়ন ছাড়াই সহিংসভাবে ফরাসি পুলিশ আবার ইটালির দিকে ফিরিয়ে দেয়।”

আফ্রিকার দেশ গিনি থেকে আসা এক ভুক্তভোগী এমএসএফকে জানান, তিনি তার পরিবারের সাথে ইটালি থেকে ফ্রান্সে প্রবেশের চেষ্টা করার সময় পুলিশ তাদেরকে ফ্রান্সের মন্তো শহরে বাঁধা দেয়।

তিনি বলেন, “আমরা একটি কক্ষে রাত কাটাতে বাধ্য হয়েছিলাম। আমার বোন আতঙ্কিত হয়ে পড়েছিল। সে একজন ১০ বছর বয়সি প্রতিবন্ধী।”

এনজিওটি ভেন্টিমিগ্লিয়ায় সক্রিয় তাদের মেডিকেল টিমের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে প্রতিবেদনের তথ্য সংগ্রহ করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে এমএসএফ-এর কাছে চিকিৎসা সেবা নেওয়া ৩২০ জন লোকের মধ্যে ৮০ শতাংশেরও কাছাকাছি অভিবাসীরা দাবি করেছেন, পুলিশ তাদেরকে ফিরিয়ে দেওয়ার আগে তারা ফ্রান্সে প্রবেশের চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে, এক চতুর্থাংশ দাবি তারা একাধিকবার এমন ঘটনার শিকার হয়েছেন।

এম.কে
০৮ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্য সরকারের সমালোচনার ঝড় বইছে হাউজ অব লর্ডসে

হাউজ অব লর্ডস হতে যুক্তরাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। রাষ্ট্রের মানবিক আচরণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে জানান হাউজ অব লর্ডসের একজন সদস্য।

হাউজ অব লর্ডের মেম্বার লর্ড ফ্যালকনার বলেছেন, সুয়েলা ব্র্যাভারম্যান অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বসবাসের ব্যবস্থায় তাঁবু নিয়ে যে ভাবনায় এগুচ্ছেন তা অমানবিক। সাধারণ নীতিমালায় কখনও তার ভাবনা গ্রহণযোগ্য হতে পারে না। যুক্তরাজ্যের সাধারণ জনগণ মানবিক, তারা অমানবিক এই নীতিকে কখনও মানবেন না।

তিনি আরও বলেন, শরণার্থীদের সাথে কারাবন্দিদের মতো আচরণ এবং দেশজুড়ে অব্যবহৃত সেনা ঘাঁটিকে শরণার্থী শিবির হিসেবে ব্যবহার করা আইনের পরিপন্থী। তার মতে, সরকার ধারনা করে অমানবিক আচরণ করে হলেও অবৈধ অভিবাসন বন্ধ করলেই সরকারের জনপ্রিয়তা বাড়বে। কিন্তু যুক্তরাজ্য মানবিক রাষ্ট্র এটা সকলের মাথায় রাখা উচিত, নারী ও শিশুদের সাথে অমানবিক আচরণ করে সাধারণ জনগণের সমর্থন পাওয়া কখনই যাবে না। বরং জাতি হিসেবে আমাদের প্রশ্নের সম্মুখীন করা হবে শুধু।

খবরে জানা যায় বৃহস্পতিবার হাইকোর্ট, হোটেলগুলিতে অভিবাসন প্রত্যাশী ছোট ছোট শিশুদের অনিয়মতান্ত্রিকভাবে আবাসনের জন্য নিন্দা জানায়। বিচারকদের মতে একটি উন্নত দেশ হিসাবে যুক্তরাজ্য বাচ্চাদের যত্নের জন্য ন্যূনতম মান নির্ধারণ করেছে। তাদের মতে আশ্রয়প্রার্থী শিশুদের ক্ষেত্রে এই ন্যূনতম মান ধরে রাখা উচিত।

যুক্তরাজ্য সরকারের সমালোচকদের মতে বর্তমান স্বরাষ্ট্রসচিব আইনী সীমাবদ্ধতা কিংবা মানবিকতার চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পৃথিবীর সবকিছু রাজনৈতিক দৃষ্টিতে দেখলে সমাধান সুন্দর হয় না বলেও মত জানান তারা। স্বরাষ্ট্র সচিবের অভিবাসন প্রার্থীদের জন্য তাঁবু কেনার ব্যবস্থা নিয়েও নিন্দার ঝড় বইছে যুক্তরাজ্যে।

হোম অফিসের সাথে যোগাযোগ করলে তারা এই বিষয়ের উপর মত প্রকাশ করতে অপারগতা জানায়।

এম.কে
০৮ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

অবৈধদের ঘর ভাড়া দিলে বাড়ির মালিককে দিতে হবে জরিমানা

যুক্তরাজ্য সরকার বাড়ির মালিকদের সতর্ক করেছে নতুন জরিমানার বিষয়ে। জেনেশুনে অবৈধ অভিবাসীদের বাসাভাড়া দিলে বাড়িওয়ালাদের উপর তিনগুণ জরিমানার বিধান রেখে সরকার নতুন বিধি আরোপ করতে যাচ্ছে।

যে প্রতিষ্ঠানগুলো বারবার অবৈধ অভিবাসীদের কাজে নিযুক্ত করছে তাদের প্রতিবার আইন লঙ্ঘনের কারণে ৬০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে।

হোম অফিস মনে করে অবৈধ অভিবাসীদের কাজ ও থাকার জায়গা তাদের অবস্থান ইউকেতে পাকাপোক্ত করতে সাহায্য করে। তাই এই দুই বিষয়ের উপর সরকারের খড়গ অবৈধ অভিবাসনকে বাঁধা প্রদান করতে পারে।

ইমিগ্রেশন মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, কাজ ও থাকার জায়গার উপর কঠিন ব্যবস্থা গ্রহণ করলেই ছোট নৌকা দ্বারা অবৈধ অভিবাসন বন্ধ হবার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের শুরুতে কার্যকর হওয়া নতুন শাস্তির বিধান অনুযায়ী অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগের জন্য জরিমানা ১৫,০০০ পাউন্ড থেকে বেড়ে ৪৫,০০০ পাউন্ডে উন্নীত হতে পারে।

পূণরায় একই অপরাধ সংগঠিত হলে ২০,০০০ পাউন্ড থেকে ৬০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে বলে সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

এদিকে বাড়িওয়ালারা প্রতি ভাড়াটের জন্য ৮০ পাউন্ড এবং অবৈধ লিজ হোল্ডারদের জন্য ১,০০০ পাউন্ড হতে বাড়িয়ে প্রতি অবৈধ ভাড়াটের জন্য ৫,০০০ পাউন্ড এবং লিজ হোল্ডারদের জন্য ১০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে যাচ্ছে বলে জানা যায় ।

মিঃ জেনরিক এক বিবৃতিতে জানান, ” অবৈধদের সুবিধা দিয়ে বাড়ির মালিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান নিজেরা লাভবান হচ্ছে তবে তা দেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই আইন লঙ্ঘনকারীরা আরো কঠোর শাস্তির মুখোমুখি হওয়া উচিত।”

অবৈধভাবে যুক্তরাজ্যে কতজন লোক বাস করে তা অজানা। গ্রেটার লন্ডন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ২০২০ সালের একটি সমীক্ষায় দেখা যায় যুক্তরাজ্যে আনুমানিক ৫,৯৪,০০০ হতে ৭,৪৫,০০০ জন অনিবন্ধিত মানুষ বসবাস করে। যারা মোট জনসংখ্যার প্রায় ১%।

২০১৮ সাল থেকে অনিবন্ধিত শ্রমিকদের নিয়োগের
কারণে প্রায় ৪,০০০ এর বেশি নিয়োগকর্তাদের জন্য জরিমানার চিঠি ইস্যু করা হয়। যা থেকে ৭৪ মিলিয়ন পাউন্ড জরিমানা আদায় হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার সরকারের পাঁচটি প্রধান অগ্রাধিকারের মধ্যে অনিবন্ধিত অভিবাসী বন্ধকরণকে একটি অন্যতম চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছেন। তিনি যে কোনো উপায়ে ছোট নৌকায় করে আসা অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বাঁধা প্রদান করতে বদ্ধপরিকর।

এম.কে
০৭ আগস্ট ২০২৩

Categories
শীর্ষ খবর সারাদেশ

ইউরোপের বাজারে পোষাক রফতানিতে শীর্ষে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রফতানির পরিমাণে চীনকে প্রথমবারের মতো টপকে শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। ইইউর বাজারে গত বছর অন্য যেকোনও দেশের তুলনায় বাংলাদেশ সর্বোচ্চ ১৩৩ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক রফতানি করেছে। অন্যদিকে চীন রফতানি করেছে ১৩১ কোটি কেজির সমপরিমাণ তৈরি পোশাক।

ইউরো স্ট্যাটের তথ্য হতে জানা যায়, ইইউ গত বছর বিভিন্ন দেশ থেকে ১০ হাজার ৩১০ কোটি ডলারে তৈরি পোশাক আমদানি করেছে।

যদিও চীনের চেয়ে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি মূল্য কেজি প্রতি ৫ ডলার ৮২ সেন্ট কম। তাতে এই বাজারে চীনের তৈরি পোশাক রফতানি বাংলাদেশের তুলনায় ৭২৬ কোটি ডলার বেশি।

ইইউর বাজারে গত বছর বাংলাদেশ ও চীনের পর তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ১৯৮ কোটি ডলারের পোশাক রফতানি করেছে তুরস্ক। এ ছাড়া ভারত ৪৮৪, ভিয়েতনাম ৪৫৭, পাকিস্তান ৩৯৪, কম্বোডিয়া ৩৮১, মরক্কো ৩১২, শ্রীলঙ্কা ১৬২ ও ইন্দোনেশিয়া ১৩৬ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে।

প্রসঙ্গত, ইইউর বাজারে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ কম দামে পোশাক রফতানি করে। গত বছর বাংলাদেশের রফতানি হওয়া প্রতি কেজি পোশাকের গড় মূল্য ছিল ১৭ দশমিক ২৭ ডলার, যা এক বছর আগে অর্থাৎ ২০২১ সালে ছিল ১৫ দশমিক ৪২ ডলার। অর্থাৎ গত বছর বাংলাদেশের রফতানি হওয়া পোশাকের গড় মূল্য প্রায় ১২ শতাংশ বেড়েছে। গত বছর বাংলাদেশের চেয়ে কম মূল্যে পোশাক রফতানি করেছে পাকিস্তান। তাদের রফতানি হওয়া তৈরি পোশাকের প্রতি কেজির গড় মূল্য সাড়ে ১৪ ডলার।

এম.কে
০৭ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যের রুয়ান্ডা নীতি কি অবশেষে টিকবে?

যুক্তরাজ্য সরকারের একজন মন্ত্রী নিশ্চিত করেছেন, ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশকারীদের দক্ষিণ আটলান্টিকের একটি দ্বীপে রাখার পরিকল্পনাও বিবেচনায় নেয়া হয়েছে।

যদিও এই পরিকল্পনা ২০২০ সালে অকার্যকর হিসাবে প্রত্যাখ্যান করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায় রবিবার নতুনভাবে পরিকল্পনাটি পুনরুত্থিত করা হয়।

সোমবার হোম অফিস মন্ত্রণালয়ের মন্ত্রী সারা ডাইনস বলেছেন, ছোট নৌকায় করে আসা অনুপ্রবেশকারীদের রুয়ান্ডায় নির্বাসনে দেওয়ার সরকারের পরিকল্পনা নীতিটি ব্যর্থ হলে অ্যাসেনশন আইল্যান্ডে অবৈধ অভিবাসীদের প্রেরণের প্রস্তাবটি গ্রহণ করা হবে।

সারা ডাইনস ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, আমরা বেশ আত্মবিশ্বাসী রুয়ান্ডা নীতি নিয়ে। আমাদের মূল ফোকাসও এদিকে কিন্তু আমরা আইনী দিক নিয়েও পর্যালোচনা করে যাচ্ছি। তাছাড়া হাইকোর্টের বিচারকরাও রুয়ান্ডা নীতি সঠিক বলে রায় দিয়েছেন।

রুয়ান্ডা নীতির সমালোচকেরা জানান, হাইকোর্ট রুয়ান্ডা নীতিটি আইনী ছিল বলে রায় দিলেও আপিল কোর্ট রায়টিকে অমানবিক বলে আখ্যা দেন। সরকার ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ই চূড়ান্ত বলে গণ্য করা হবে যেহেতু সুপ্রিমকোর্ট দেশের সর্বোচ্চ আদালত।

সরকারের একজন মুখপাত্র প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ” অবৈধ অপরাধী গ্যাংদের যুক্তরাজ্যে নিয়ে আসা ঠেকানোই আমাদের মূল লক্ষ্য। সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে যারা কাজ করছে তাদের উপরও সরকার কড়া নজরদারি করে যাচ্ছে।”

উল্লেখ্য যে যুক্তরাজ্য সরকারের তৎকালীন স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল তিন বছর আগে হোয়াইটহলে অ্যাসেনশন দ্বীপ নীতিটি প্রস্তাব করেছিলেন। তৎকালীন শ্যাডো হোম সেক্রেটারি নিক থমাস-সিমন্ডস এই প্রস্তাবের প্রতিবাদ করে বলেছিলেন, “ এই প্রস্তাবটি হাস্যকর এবং ধারণাটি অমানবিক, সম্পূর্ণ অবৈধ।”

এম.কে
০৭ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

দুই গবেষকের দাবিতে অমরত্ব প্রত্যাশা

স্প্যানিশ জ্যোতিষীবিদ হোসে লুইস কর্দেরো এবং ব্রিটিশ গণিতজ্ঞ ডেভিড উড বছর পাঁচেক আগে ‘দ্য ডেথ অব ডেথ’ বা মরণের মৃত্যু নামে একটি বই লিখেছিলেন। অতিমারি পার করে এসে, গত মাসেই প্রকাশিত হয়েছে সেটির আন্তর্জাতিক সংস্করণ।

কর্দেরো এবং উডের পর্যবেক্ষণে ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন করে কলা-কোষ তৈরির পদ্ধতি, স্টেম সেল চিকিৎসা, অর্গ্যান প্রিন্টিং, ঠান্ডায় অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণের প্রযুক্তি আর জেনেটিক থেরাপির অগ্রগতি ২০৪৫ সালের মধ্যেই সভ্যতাকে রোগের বিরুদ্ধে যুদ্ধে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে।

দুই গবেষকের বক্তব্য, মানুষ রোগাক্রান্ত হলে ক্রোমোজমের টেলোমিয়ার বলে একটি অংশ হ্রাস পেতে থাকে। সেটিকে দীর্ঘায়িত করে বয়সকে উল্টো পথে হাঁটানোও সম্ভব। বার্সেলোনায় বই প্রকাশের অনুষ্ঠানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি-র প্রৌঢ় গবেষক কর্দেরোর দাবি ছিল, তিরিশ বছর পরে চাইলে তিনি তরতাজা যুবক হয়ে উঠতে পারেন।

২০১৫ সালের সেপ্টেম্বরে আমেরিকার একটি জৈবপ্রযুক্তি সংস্থার কর্ণধার, ৪৪ বছর বয়সি এলিজ়াবেথ প্যারিশ নিজে দু’টি জেনেটিক ট্রায়ালে অংশ নিয়েছিলেন। তার সংস্থার তৈরি দু’টি ওষুধ তিনি নিজেই নেন। সংস্থাটির দাবি, তার মধ্যে ‘মায়োস্ট্যাটিন ইনহিবিটর’ পেশির বয়সজনিত দুর্বলতা কাটিয়ে তুলতে পারে আর ‘টেলোমারেস জিন থেরাপি’র সাহায্যে কোষের বয়স কমিয়ে দেওয়া সম্ভব। ২০১৫ সালের পরে ২০২২ সালে ফের এই চিকিৎসা করান তিনি। প্যারিশের দাবি, প্রতি বছর গড়ে ৫ বছর করে বয়স কমছে তার। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, জন্মসূত্রে ৫২ বছর বয়সী প্যারিশের এখন শারীরিক বয়স মাত্র ২৫।

কর্দেরোরা স্মরণ করিয়েছেন, ১৯৫১ সালে মৃত্যু হয়েছিল ক্যানসারে আক্রান্ত হেনরিয়েটা ল্যাকসের। অস্ত্রোপচারে বার করে আনা তার টিউমারটি গবেষণাগারে এখনও সজীব। তাদের মতে, ক্যানসারের মতো ব্যাধি সারিয়ে দেওয়া এক দশকের মধ্যেই সম্ভবপর হতে পারে।

গুগলের মতো আন্তর্জাতিক সংস্থা অদূর ভবিষ্যতে চিকিৎসাক্ষেত্রে প্রবেশ করতে পারে বলে মনে করেন কর্দেরো এবং উড। তাদের মতে, প্রাথমিক ভাবে এমন চিকিৎসা খরচবহুল হলেও বাজারের চাহিদা অনুযায়ী তা ক্রমে নাগালে আসতে শুরু করবে। একটা পর্যায়ে নতুন স্মার্টফোন ও নতুন অঙ্গ-প্রত্যঙ্গের দামের বিশেষ ফারাক না-ও থাকতে পারে।

মানুষ অমর হতে শুরু করলেও জায়গার সঙ্কুলানে সমস্যা হবে না বলে মনে করেন কর্দেরো। জাপান বা কোরিয়ার মতো দেশে জন্মহার কমার দিকে দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি তিনি দাবি করেছেন, অদূর ভবিষ্যতে মহাকাশে বসত গড়ে তোলাও শুরু হয়ে যাবে।

এম.কে
০৭ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে রাশিয়া

কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছে রাশিয়া। দেশটির সরকারের কোনো কোনো কর্মকর্তা এ ব্যাপারে মস্কোকে পরামর্শ দিচ্ছেন যাতে সরকার এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।

সিটিবিটি চুক্তির আওতায় আন্তর্জাতিক অঙ্গনের সব পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে।

তবে ১৯৯৬ সালে সই হওয়া এই চুক্তি কখনো কার্যকর হয়নি কারণ, আমেরিকা সহ বেশ কয়েকটি দেশের সরকার এই চুক্তিকে কখনো অনুমোদন দেয়নি।

রাশিয়ার একটি দৈনিক বলছে, এই চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়া অনেকটা প্রতীকী হবে। এর মধ্যদিয়ে সিটিবিটি চুক্তির প্রশ্নে রাশিয়া ও আমেরিকার অবস্থান একই হবে। এ ব্যাপারে আলোচনা এখনো খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিটিবিটি চুক্তি মাটির নিচে ছাড়া সব ধরনের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করেছে।

এ বিষয়টি গণমাধ্যমকে স্মরণ করিয়ে দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ১৯৯৬ সালে এই চুক্তি সইয়ের মধ্য দিয়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করার যে চেষ্টা চালানো হয়েছে তা ব্যর্থ হয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্রের ‘ধ্বংসাত্মক ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডকে’ দায়ী করেন তিনি।

এম.কে
০৭ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

২৬ বছর পর প্রকাশ্যে ডায়নার ৬ ঘন্টার টেপ

১৯৯৭ সালে এক আকস্মিক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা মারা গেলেও এখনও আছে বাকিংহাম প্যালেসে তার ‘ছায়া’ উপস্থিতি। প্রিন্সেস ডায়ানা রাজা চার্লসের সাবেক স্ত্রী, নতুন করে ফের সংবাদের শিরোনামে এসেছেন তিনি।

ব্রিটিশ রাজপরিবার-সংক্রান্ত গবেষক সাংবাদিক কিন্সলে স্কফিল্ডের দাবি, ডায়নার সাক্ষাৎকারের একটি ছয় ঘণ্টার অতিরিক্ত টেপ পাওয়া গেছে। যা নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা।

আজ থেকে প্রায় ২৬ বছর আগে ১৯৯৭ সালের ৩১ আগস্ট মারা যান ডায়না। কিন্তু এত বছরেও তার উপর থেকে রহস্যের কুয়াশা সরেনি। প্রিন্সেস ডায়ানা তার আত্মজীবনী নিয়ে অ্যান্ড্রু মর্টনকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারেরই নতুন ছয় ঘণ্টার টেপ পাওয়া গিয়েছে বলে খবরে জানা যায়। স্কফিল্ডের দাবি, ‘পরিবারের সাথে ডায়নার সম্পর্ক নিয়ে অনেক কিছু রয়েছে ওই টেপে।’

উল্লেখ্য, পাপারাৎজিদের হাত থেকে বাঁচতে দ্রুতবেগে গাড়ি চলার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে প্যারিসের একটি টানেলেই দুর্ঘটনার শিকার হন প্রিন্সেস ডায়ানা। ঘটনাস্থলেই প্রাণ হারান তার দেহরক্ষী ও চালক। শোনা যায়, ডায়নার খুব বেশি ক্ষোভ ছিল রাজপরিবারের প্রতি। অনেক কথাই প্রকাশ্যে বলে দিতে চাইতেন তিনি। নতুন জল্পনায় আলোচনায় এসেছে গোপন কোনো না জানা কথা রয়ে গিয়েছে কিনা ৬ ঘন্টার সেই টেপে। আপাতত এই উত্তরই জানতে মুখিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

এম.কে
০৭ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

জেরেমি কর্বিন লন্ডন মেয়র নির্বাচনে প্রার্থী হতে পারেন

প্রাক্তন লেবার নেতা জেরেমি কর্বিন বলেছেন, সতন্ত্র প্রার্থী হিসেবে তিনি লন্ডনের মেয়র নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছেন। পরবর্তী লন্ডনের মেয়র নির্বাচন ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত হবে বলে খবরে জানা যায়।

৭৪ বছর বয়সী জেরেমি কর্বিন নর্থ ইসলিংটনের বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য। তিনি ১৯৮৩ সাল থেকে এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন।

মিঃ কর্বিনকে এই বছরের শুরুতে লেবার দল হতে বহিষ্কার করা হয়। তিনি ২০১৫ সালে যুক্তরাজ্য লেবার দলের নেতা নির্বাচিত হয়েছিলেন যদিও সাধারণ নির্বাচনে পরাজয়ের পরে ২০১৯ সালে পদত্যাগ করেন।

এক অনুষ্ঠানে মিঃ কর্বিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি পরবর্তী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াবেন কিনা।

তিনি জবাবে বলেন, ” আমি ইসলিংটন উত্তরের সংসদ সদস্য হতে পেরে আনন্দিত এবং গর্বিত। আমি এলাকায় থাকি, আমি এই অঞ্চলের বিপুল সংখ্যক লোককে জানি। আমি যে লোকদের প্রতিনিধিত্ব করি তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি  সমাজের পরিবর্তন দেখতে চাই, সমাজের জন্য কাজ করতে চাই। “

এম.কে
০৬ আগস্ট ২০২৩