19.2 C
London
October 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পূর্ব লন্ডনের এশিয়ান সুপারমার্কেটে নারী-পুরুষের আলাদা সারি নিয়ে স্যোশাল মিডিয়াতে আলোচনা

পূর্ব লন্ডনের রোমফোর্ডে একটি এশিয়ান সুপারমার্কেটে নারী ও পুরুষ ক্রেতাদের আলাদা সারিতে দাঁড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে সুপারমার্কেট কর্তৃপক্ষের দাবি, নারী ও পুরুষকে আলাদা সারিতে দাঁড়ানোর কোনো নির্দেশ তারা দেয়নি।

জিবি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোমফোর্ডের মসালা বাজার-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের সময় গত ২৮ আগস্ট ঘটনাটি ঘটে। ওই সময় ক্রেতাদের বিনামূল্যে বিভিন্ন পণ্য দেওয়া হচ্ছিল। ভিডিওতে দেখা যায়, পুরুষ ও নারী ক্রেতারা পৃথক সারিতে দাঁড়িয়ে রয়েছেন।

২৬ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজনেও একই ধরনের সারি দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সময় ক্রেতাদের বিনামূল্যে রান্নার তেল, মাংসের প্যাকেট ও হিমায়িত মাছসহ বিভিন্ন পণ্য দেওয়া হয়।

তবে দোকানে নারী ও পুরুষের জন্য আলাদা সারিতে দাঁড়ানোর কোনো নির্দেশনা বা সাইনবোর্ড ছিল না।

মসালা বাজারের ব্যবস্থাপক জাইউবার বলেন, তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দোকানে প্রচণ্ড ভিড় হয়েছিল। বিনামূল্যে পণ্য দেওয়ার সময় সবাই একসঙ্গে সেগুলো সংগ্রহ করতে এগিয়ে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ক্রেতাদের শুধু লাইনে দাঁড়াতে বলা হয়েছিল। কিন্তু নারী ও পুরুষ আলাদা হয়ে দাঁড়ানোর বিষয়টি দোকান কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল না।

দোকানের আরেক কর্মীও একই বক্তব্য দিয়েছেন। তার দাবি, অতিরিক্ত ভিড়ের মধ্যে দ্রুত পণ্য বিতরণের সুবিধার্থে ক্রেতারাই নিজেদের মধ্যে দুটি সারি তৈরি করেছিলেন। প্রায় এক মিনিট পর দুটি সারি আবার একসঙ্গে হয়ে যায় বলেও তিনি জানান।

প্রতিবেদনে এক ক্রেতার বক্তব্যও তুলে ধরা হয়েছে। তার দাবি, কিছু বিবাহিত দম্পতি প্রচারমূলক পণ্য সংগ্রহের জন্য ইচ্ছাকৃতভাবেও আলাদা দাঁড়িয়েছিলেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্যকারী বলেন, ইংল্যান্ডে নারী-পুরুষের আলাদা সারি চালুর বিষয়ে কোনো আইন করা হয়নি।

প্রতিবেদনে রোমফোর্ডের জনসংখ্যাগত পরিবর্তনের কথাও উল্লেখ করা হয়েছে। ২০০১ সালের আদমশুমারির তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের তুলনা করে সেখানে শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর অনুপাত কমেছে এবং এশীয় পরিচয় দেওয়া বাসিন্দাদের অনুপাত বেড়েছে বলে জিবি নিউজ জানিয়েছে।

মসালা বাজার হলো ইউরো ফুডস গ্রুপ-এর একটি প্রতিষ্ঠান। প্রতিবেদনে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী শেলিম হোসাইনের নাম উল্লেখ করা হয়েছে। ইউরো ফুডস গ্রুপের বার্মিংহাম, ব্রিস্টল, কার্ডিফ, সোয়ানসি ও নিউপোর্টেও দোকান রয়েছে।

তবে পুরো ঘটনায় দোকান কর্তৃপক্ষের বক্তব্য হলো—নারী ও পুরুষের আলাদা সারি তৈরি করা তাদের কোনো নীতিগত সিদ্ধান্ত ছিল না; বরং অতিরিক্ত ভিড়ের মধ্যে ক্রেতারাই সাময়িকভাবে আলাদা দুটি সারি তৈরি করেছিলেন।

সূত্রঃ জিবি নিউজ

এমকে

আরো পড়ুন

৩ পাউন্ডে মুরগি কেনার দিন শেষ: ব্রিটিশ পোলট্রি মালিক

অনলাইন ডেস্ক

ব্রিটিশ শিশুরা অলসতায় বিশ্বসেরাঃ গবেষণা

যুক্তরাজ্যে বাজেটকে ঘিরে ঝড়ঃ র‍্যাচেল রিভসের বিরুদ্ধে ‘মিথ্যা বলার’ অভিযোগে রাজনীতি উত্তপ্ত