বিশ্বজুড়ে আলোচিত ভিডিও গেম সিরিজ গ্র্যান্ড থেফট অটোর (জিটিএ) সর্বশেষ সংস্করণ জিটিএ সিক্সের নির্মাণে যুক্ত হয়েছেন বাংলাদেশের তরুণ ডিজাইনার সালমান রহমান অন্তর। কানাডার রকস্টার টরন্টোর ডিজাইন দলের সদস্য হিসেবে টানা চার বছর কাজ করেছেন তিনি। গেমটির চরিত্র নির্মাণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই বাংলাদেশি শিল্পী। বিশেষ করে গেমের বিশাল শহরকে জীবন্ত করে তোলা পটভূমির চরিত্রগুলোর নকশা তৈরিতে তার ভূমিকা ছিল।
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর গত ১৯ নভেম্বর ২০২৬ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জিটিএ সিক্স। ২০১৩ সালে সিরিজটির আগের সংস্করণ প্রকাশের পর থেকেই নতুন গেমটির জন্য অপেক্ষা করছিলেন কোটি কোটি ভক্ত। বহুল প্রতীক্ষিত এই গেমের নির্মাণ দলের সঙ্গে বাংলাদেশের সালমান রহমানের সম্পৃক্ততা দেশের গেমিং ও সৃজনশীল প্রযুক্তি খাতের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন।
সালমান রহমানের পেশাগত যাত্রা শুরু হয়েছিল স্থাপত্যবিদ্যা দিয়ে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন শিল্পী হওয়ার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করার পর চারুকলায় পড়ার ইচ্ছা থাকলেও বাবা-মায়ের অনিচ্ছায় তিনি ভর্তি হন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে।
স্থাপত্যে পড়াশোনা শেষ করে চার বন্ধুর সঙ্গে একটি স্থাপত্য প্রতিষ্ঠানও গড়ে তোলেন তিনি। তবে শিল্পকর্ম ও গেমের চরিত্র তৈরির প্রতি তার আগ্রহ কখনো কমেনি। পেশাগতভাবে স্থাপত্যের কাজ করার পাশাপাশি নিজের উদ্যোগে ভিডিও গেমের চরিত্র নকশা ও তৈরির দক্ষতা বাড়াতে থাকেন।
একপর্যায়ে গেম ডিজাইনকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন সালমান। সেই লক্ষ্যেই ২০১৯ সালে কানাডার জর্জ ব্রাউন কলেজে গেম আর্ট বিষয়ে ভর্তি হন। কিন্তু পড়াশোনা শুরুর পরপরই বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় সরাসরি ক্যাম্পাসে গিয়ে শিক্ষা নেওয়ার সুযোগ হয়নি। অনলাইনেই শেষ করতে হয় পুরো শিক্ষাজীবন।
এ সময় নিজের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন তিনি। সালমানের ভাষ্য অনুযায়ী, অনলাইনে পড়াশোনা করতে গিয়ে বুঝতে পারেন, আগে নিজে নিজে শেখা বিষয়গুলোর বাইরে আরও বেশি দক্ষতা অর্জনের প্রয়োজন রয়েছে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নিজের কাজের মান উন্নত করার চেষ্টা চালিয়ে যান।
২০২২ সালে পড়াশোনা শেষ হওয়ার পর শুরু হয় চাকরির সন্ধান। একপর্যায়ে জানতে পারেন, বিশ্বখ্যাত গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের একটি শাখায় ক্যারেক্টার ডিজাইনার নিয়োগ দেওয়া হচ্ছে। নিজের কাজের নমুনা বা পোর্টফোলিও জমা দেন তিনি। এরপর প্রতিষ্ঠানটি থেকে সাক্ষাৎকারের ডাক পান। সেই সুযোগ থেকেই শুরু হয় তার রকস্টার টরন্টোতে কাজের যাত্রা।
২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে রকস্টার টরন্টোতে যোগ দেন সালমান রহমান। এরপর জিটিএ সিক্সের চরিত্র নির্মাণের কাজে যুক্ত হন। টানা চার বছর ধরে তিনি এই প্রকল্পে কাজ করেছেন।
গেমটিতে তার দায়িত্ব ছিল মূলত পটভূমিতে থাকা বিভিন্ন চরিত্র তৈরি করা। এসব চরিত্রকে খেলোয়াড়েরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারেন না। তবে গেমের শহর, পরিবেশ ও সামগ্রিক গল্পকে বাস্তবসম্মত এবং প্রাণবন্ত করে তুলতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কোনো চরিত্র দেখতে কেমন হবে, কী ধরনের পোশাক পরবে, কীভাবে চলাফেরা করবে এবং পরিবেশের সঙ্গে কীভাবে মানিয়ে চলবে—এসব বিষয় নির্ধারণে দলের অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন তিনি।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে সালমান জানান, শুরুতে এত বড় প্রতিষ্ঠানে যোগ দিয়ে কী ধরনের কাজ করতে হবে, তা নিয়ে তার মধ্যে সংশয় ছিল। ধারণা করেছিলেন, হয়তো ছোটখাটো দায়িত্ব দেওয়া হবে। কিন্তু শুরুতেই জিটিএ সিক্সের চরিত্র নির্মাণের কাজে যুক্ত হওয়ার সুযোগ পান, যা তার কাছে ছিল বড় প্রাপ্তি।
তিনি আরও জানান, রকস্টারে কোনো কাজ এককভাবে সম্পন্ন হয় না। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিষ্ঠানের বিভিন্ন স্টুডিও ও বিভাগের কর্মীরা সমন্বিতভাবে কাজ করেন। একটি চরিত্র তৈরির পর সেটি নিয়ে অ্যানিমেশন দল কাজ করে। এরপর গেমের বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত বিভাগের সদস্যরা যুক্ত হন। এভাবেই সম্মিলিত প্রচেষ্টায় একটি পূর্ণাঙ্গ গেম তৈরি হয়।
ছোটবেলা থেকেই সালমান রহমান ভূমিকা-নির্ভর ভিডিও গেমের ভক্ত। জিটিএ সিরিজের আগের সব সংস্করণই খেলেছেন তিনি। এ ছাড়া ‘ডেভিল মে ক্রাই’ গেমের দান্তে চরিত্র তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। সেই চরিত্র দেখে একসময় নিজেরও এমন কিছু তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। জিটিএ সিক্সে কাজের সুযোগ পেয়ে তার সেই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।
গেম নির্মাণশিল্পে কাজ করতে আগ্রহী তরুণদের জন্যও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন সালমান রহমান। তার মতে, প্রযুক্তির পরিবর্তন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি যতই হোক না কেন, যেকোনো সৃজনশীল পেশায় সফল হতে হলে মৌলিক দক্ষতা শক্তিশালী করা জরুরি। ভিত্তিগত জ্ঞান ভালো না থাকলে উন্নত প্রযুক্তি ব্যবহার করেও দীর্ঘমেয়াদে ভালো করা সম্ভব নয়।
জিটিএ সিক্সের নির্মাণে সালমান রহমানের সম্পৃক্ততা বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক গেম নির্মাণশিল্পে কাজ করার সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা থেকে শুরু করে কানাডায় গেম আর্ট বিষয়ে উচ্চশিক্ষা এবং বিশ্বের অন্যতম আলোচিত গেম নির্মাণ প্রকল্পে কাজ করার সুযোগ—তার এই যাত্রা সৃজনশীল পেশায় আগ্রহী তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
সূত্রঃ রকস্টার গেমস
এমকে

