19.4 C
London
September 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ পাসপোর্টে ইউরোপে প্রবেশে বাধাঃ ৩০ দেশে নতুন অনুমোদন ছাড়া ফিরিয়ে দেওয়া হতে পারে

ব্রিটিশ নাগরিকদের ইউরোপ ভ্রমণে শিগগিরই নতুন বাধ্যবাধকতা কার্যকর হতে যাচ্ছে। পোস্ট-ব্রেক্সিট নতুন ব্যবস্থার আওতায় স্পেন, ফ্রান্স, ইতালি এবং ইউরোপের আরও কয়েকটি দেশে প্রবেশের আগে ব্রিটিশ ভ্রমণকারীদের ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম বা ইটিআইএএস অনুমোদন নিতে হবে। বৈধ অনুমোদন ছাড়া সংশ্লিষ্ট সীমান্তে প্রবেশ প্রত্যাখ্যান করা হতে পারে।

ডেইলি মিররের ১৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা ছাড়াই স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ পাওয়া নির্দিষ্ট ইউরোপীয় দেশগুলোতে যেতে ব্রিটিশ নাগরিকদের জন্য ইটিআইএএস বাধ্যতামূলক হতে যাচ্ছে। ব্যবস্থাটি চালুর সময়সীমা নিয়ে এর আগে একাধিকবার বিলম্ব হলেও আগামী কয়েক মাসের মধ্যে এটি কার্যকর হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

ইটিআইএএস অনুমোদন থাকলে ব্রিটিশ ভ্রমণকারীরা সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোতে একাধিকবার প্রবেশ করতে পারবেন। সাধারণ নিয়ম অনুযায়ী, স্বল্পমেয়াদি ভ্রমণে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।

প্রথমে ইটিআইএএস আবেদনের জন্য প্রায় ৭ ইউরো ফি নির্ধারণের কথা বলা হয়েছিল। তবে পরে সেই ফি বাড়িয়ে যোগ্য প্রত্যেক ভ্রমণকারীর জন্য ২০ ইউরো করা হয়েছে। ১৮ বছরের কম বয়সী এবং ৭০ বছরের বেশি বয়সীদের এই ফি থেকে অব্যাহতি দেওয়া হবে।

ফলে দুই শিশু ও দুই প্রাপ্তবয়স্কের একটি পরিবার ইউরোপ ভ্রমণ করলে প্রাপ্তবয়স্ক দুজনের জন্য মোট ৪০ ইউরো ফি দিতে হবে। ইটিআইএএস অনুমোদন ভ্রমণকারীর পাসপোর্টের সঙ্গে ইলেকট্রনিকভাবে যুক্ত থাকবে।

ইটিআইএএস কার্যকর হওয়ার পর বৈধ অনুমোদন ছাড়া ভ্রমণ করলে অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিশটেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ডে প্রবেশে বাধা দেওয়া হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ ইটিআইএএস আবেদন প্রায় তাৎক্ষণিকভাবে অনুমোদিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। তবে আবেদনপত্রে কোনো সমস্যা শনাক্ত হলে সেটি প্রত্যাখ্যাত হতে পারে।

অবৈধ পাসপোর্ট থাকা, নিরাপত্তাজনিত ঝুঁকি হিসেবে বিবেচিত হওয়া, শেনজেন ইনফরমেশন সিস্টেম বা এসআইএসে সতর্কতা থাকা, অসম্পূর্ণ আবেদন জমা দেওয়া কিংবা প্রয়োজনীয় সাক্ষাৎকারে উপস্থিত না হওয়াসহ বিভিন্ন কারণে আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।

তবে ইটিআইএএস আবেদন প্রত্যাখ্যান করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির আপিল করার অধিকার থাকবে। নতুন এই ব্যবস্থা চালু হলে ইউরোপের তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণের আগে ব্রিটিশ নাগরিকদের বৈধ ইটিআইএএস অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

বাজার থেকে নিরামিষ বার্গার প্রত্যাহার করল টেসকো

যুক্তরাজ্যে ভুয়া নাম্বার প্লেট ব্যবহারে বাড়ছে অপরাধ

যুক্তরাজ্যে কঠোর হচ্ছে ইমিগ্রেশন আইন

নিউজ ডেস্ক