যুক্তরাজ্যে বিবিসির টিভি লাইসেন্স ফি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ক্ষমতাসীন লেবার সরকার। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাসসহ বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের গ্রাহকদেরও বিবিসির লাইসেন্স ফির জন্য অর্থ দিতে হতে পারে। এমনকি যারা বিবিসির কোনো অনুষ্ঠান দেখেন না, তাদেরও এই ফি দিতে হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত পরিকল্পনায় নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস, ডিসকভারি প্লাস, প্যারামাউন্ট প্লাস, নাও এবং এইচবিও ম্যাক্সের গ্রাহকদের লাইসেন্স ফি ব্যবস্থার আওতায় আনার কথা বিবেচনা করা হচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লিসা ন্যান্ডি বড়দিনের আগেই এ বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরতে পারেন বলে দ্য সানডে টাইমস জানিয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বর্তমানে যুক্তরাজ্যে বিবিসির বার্ষিক টিভি লাইসেন্স ফির পরিমাণ ১৮০ পাউন্ড। অন্যদিকে অ্যামাজন প্রাইমের বেসিক সাবস্ক্রিপশনের বার্ষিক খরচ ৯৫ পাউন্ড। নতুন পরিকল্পনা কার্যকর হলে বিভিন্ন স্ট্রিমিং পরিষেবার গ্রাহকদের নিয়মিত সাবস্ক্রিপশন ফির পাশাপাশি বিবিসির লাইসেন্স ফিতেও অবদান রাখতে হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮০ বছরের মধ্যে বিবিসির লাইসেন্স ফি ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে এই উদ্যোগ। ২০২৮ সাল থেকে নতুন ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
তবে ইউটিউবকে এই ফি থেকে অব্যাহতি দেওয়ার কথা রয়েছে। একইভাবে ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও লাইসেন্স ফি দিতে হবে না। বিবিসির রেডিও এবং সংবাদ ওয়েবসাইটের ব্যবহারকারীদের ক্ষেত্রেও নতুন ফি প্রযোজ্য হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবিসির লাইসেন্স ফি প্রদানকারীর সংখ্যা ক্রমাগত কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির অর্থায়ন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিবিসির কর্মসংস্থান ও পরিচালন ব্যয়ের ওপর। প্রতিষ্ঠানটিতে বড় ধরনের কর্মী ছাঁটাই এবং ব্যয় সংকোচনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
সরকারের একজন সূত্র দ্য টেলিগ্রাফকে বলেছেন, বিবিসি একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। বর্তমান অর্থায়ন ব্যবস্থায় পরিবর্তন না আনলে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। বিবিসিকে টেকসই আর্থিক ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের লক্ষ্য।
তবে পরিকল্পনাটি নিয়ে বিরোধী কনজারভেটিভ পার্টি সমালোচনা করেছে। দলটির ছায়া সংস্কৃতিমন্ত্রী রেবেকা পল বলেছেন, জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে সাধারণ পরিবারের ওপর নতুন আর্থিক বোঝা চাপানোর উদ্যোগ সরকারের ঘোষিত লক্ষ্যগুলোর সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, বিবিসির সঙ্গে সরাসরি সম্পর্ক নেই এমন স্ট্রিমিং পরিষেবার গ্রাহকদের ওপর লাইসেন্স ফি সম্প্রসারণ জনপ্রিয় হবে না।
এদিকে নতুন ফি আরোপের সম্ভাবনায় স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, অতিরিক্ত খরচের কারণে গ্রাহকরা সাবস্ক্রিপশন বাতিল করতে পারেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিবিসি কর্তৃপক্ষের একটি প্রস্তাব ছিল সব পরিবারের নিয়মিত বিলের সঙ্গে অতিরিক্ত অর্থ যুক্ত করে লাইসেন্স ফির অর্থায়ন করা। তবে লিসা ন্যান্ডি সেই বিকল্প বাদ দিয়েছেন বলে জানা গেছে। একইভাবে বিবিসির জন্য সম্পূর্ণ সাবস্ক্রিপশনভিত্তিক অর্থায়ন ব্যবস্থাও আপাতত বিবেচনায় নেই।
যুক্তরাজ্যের ডিজিটাল, সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিভাগ (ডিসিএমএস) জানিয়েছে, বিবিসির সনদ পর্যালোচনার অংশ হিসেবে লাইসেন্স ফি সংস্কারসহ বিভিন্ন বিকল্প বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এমকে

