TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে মাদক ব্যবসার দায়ে দুই বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের কারাদণ্ড

ব্রিটেনের ইস্ট ল্যাঙ্কাশায়ারের বার্নলি ও ব্রিয়ারফিল্ড এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে দুই বাংলাদেশি বংশোদ্ভূত যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। পুলিশের দীর্ঘ তদন্তে দুই যুবকের পরিচালিত মাদক সরবরাহের একটি সংগঠিত নেটওয়ার্কের সন্ধান পাওয়ার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ৩০ বছর বয়সী মোহাম্মদ মিয়া, যিনি ব্রিয়ারফিল্ডের বাসিন্দা এবং ২৪ বছর বয়সী ফারহান উদ্দিন, যিনি বার্নলির বাসিন্দা।

সোমবার প্রেস্টন ক্রাউন কোর্টে তাদের সাজা ঘোষণা করা হয়। আদালতে তারা হেরোইন ও ক্র্যাক কোকেন সরবরাহের উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার অভিযোগ এবং এসব শ্রেণি-এ মাদক সরবরাহের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেন।

ল্যাঙ্কাশায়ার পুলিশের সাধারণ পোশাকের কর্মকর্তারা এ মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ ও সতর্ক তদন্তের মাধ্যমে বার্নলি ও ব্রিয়ারফিল্ডজুড়ে বিস্তৃত মাদক সরবরাহের কার্যক্রম শনাক্ত করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডন জানিয়েছে, এই দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতের রায় স্থানীয় এলাকায় মাদকসংক্রান্ত অপরাধ দমনে পুলিশের চলমান অভিযানে একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

তবে দুই আসামিকে কত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সূত্রঃ ডেইলি ড্যাজলিং ডন

এমকে

আরো পড়ুন

২০৩০ সালের মধ্যে ভাড়া বাড়িতে নতুন নিয়মঃ বাড়িওয়ালাদের মানতে হবে ইপিসি ব্যান্ড-সি

লন্ডনে সম্প্রসারিত হচ্ছে বেকারলু আন্ডারগ্রাউন্ড লাইনঃ নতুন স্টেশন হবে বার্গেস পার্ক ও ওল্ড কেন্ট রোডে

নিখোঁজ মায়ের নামে অ্যালকোহল আসক্ততার বদনাম

নিউজ ডেস্ক