TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ভাড়া দেওয়ার বাড়ি কমছে, চাহিদা বাড়ছে—ব্রিটেনে আবাসন সংকটে চাপে ভাড়াটিয়ারা

ব্রিটেনে বাড়ি কেনার খরচের তুলনায় ভাড়া বাসায় থাকার খরচ প্রায় দ্বিগুণ হারে বাড়তে পারে। বাড়িভাড়ার জন্য পর্যাপ্ত বাড়ি না থাকা এবং ভাড়াটিয়া হওয়ার চাহিদা বেড়ে যাওয়ায় ২০২৯ সাল পর্যন্ত ভাড়া বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবাসন খাতের প্রতিষ্ঠান হ্যাম্পটনস।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ থেকে ২০২৯ সালের মধ্যে নতুন করে চুক্তি করা বাড়ির ভাড়া ১৪ দশমিক ২ শতাংশ বাড়তে পারে। একই সময়ে বাড়ির দাম বাড়ার পূর্বাভাস ৭ দশমিক ২ শতাংশ। অর্থাৎ বাড়ি কেনার তুলনায় ভাড়া বাসায় থাকার খরচ প্রায় দ্বিগুণ গতিতে বাড়বে।

হ্যাম্পটনসের পূর্বাভাস অনুযায়ী, গ্রেট ব্রিটেনে বাড়িভাড়া বৃদ্ধির হার ২০২৭ সালে সর্বোচ্চ ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে। এরপর ২০২৮ সালে ভাড়া ৩ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ২ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভাড়া দেওয়ার জন্য বাড়ির সংখ্যা কমে যাওয়াই এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ। বাড়িওয়ালাদের পরিচালন ব্যয় বৃদ্ধি এবং আবাসন খাতে কঠোর নিয়ন্ত্রণের কারণে ভাড়ার বাজারে বাড়ির সরবরাহ আরও চাপে পড়তে পারে।

হ্যাম্পটনসের গবেষণায় দেখা গেছে, চলতি বছরের অক্টোবরে ভাড়া দেওয়ার জন্য বাজারে থাকা বাড়ির সংখ্যা ১০ বছর আগের তুলনায় ২৬ শতাংশ কম ছিল। লন্ডনে এই পতনের হার আরও বেশি—৩৯ শতাংশ।

অন্যদিকে, বাড়ি কেনার সামর্থ্য কমে যাওয়ায় অনেক মানুষ ভাড়া বাসার ওপর নির্ভর করছেন। গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে বাড়ি ভাড়া নিতে আগ্রহী মানুষের সংখ্যা ১০ শতাংশ বেড়েছে।

হ্যাম্পটনসের গবেষণা বিভাগের প্রধান আনেইশা বেভারিজ বলেন, ভাড়ার বাজারে সবচেয়ে বড় সমস্যা এখন বাড়ির সরবরাহ। ঐতিহাসিকভাবে বাড়িওয়ালাদের পক্ষে নিজেদের বাড়তি ব্যয় ভাড়াটিয়াদের ওপর চাপিয়ে দেওয়া সহজ ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে খরচ বেড়ে যাওয়া এবং ভাড়ার বাড়ির সংখ্যা কমে যাওয়ায় পরিস্থিতি বদলেছে। ফলে বাড়িওয়ালারা বাড়তি ব্যয়ের বড় অংশ ভাড়ার মাধ্যমে আদায় করতে পারছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভাড়াটিয়াদের অধিকারসংক্রান্ত নতুন আইন ‘রেন্টার্স রাইটস অ্যাক্ট’-এর আওতায় নিয়ন্ত্রণ বাড়ানোসহ বিভিন্ন পরিবর্তন ভাড়ার বাজারে বাড়ির সরবরাহ কমার পেছনে ভূমিকা রেখেছে বলে হ্যাম্পটনসের গবেষণায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গত এক দশকে ইংল্যান্ডে বাড়িওয়ালাদের ওপর বাড়তি কর ও বন্ধকী ঋণের সুদের কারণে প্রতি ভাড়ার চুক্তিতে বছরে প্রায় ৯০০ পাউন্ড অতিরিক্ত ব্যয় তৈরি হয়েছে। গত এক দশকে ভাড়া বৃদ্ধির ১৮ শতাংশের সমপরিমাণ এই ব্যয়।

এদিকে, ব্রিটেনের ১২টি বড় শহরের মধ্যে লন্ডনের বাইরে সাতটিতে বাড়ি ভাড়া নেওয়ার চেয়ে বাড়ি কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়ে উঠেছে বলে আলাদা এক গবেষণায় জানিয়েছে লয়েডস ব্যাংক।

ব্যাংকটির হিসাব অনুযায়ী, স্কটল্যান্ডের গ্লাসগোতে গড় বাড়িভাড়ার তুলনায় বাড়ির বন্ধকী ঋণের মাসিক কিস্তি ২৮৮ পাউন্ড কম। এই হিসাব করা হয়েছে ৯৫ শতাংশ ঋণ, ৫ দশমিক ৮২ শতাংশ সুদের হার এবং ৩০ বছরের ঋণ পরিশোধের মেয়াদ ধরে।

এ ছাড়া নিউক্যাসল, ব্রিস্টল, বেলফাস্ট, নটিংহ্যাম ও ম্যানচেস্টারেও বাড়ি ভাড়ার তুলনায় বন্ধকী ঋণের মাসিক কিস্তি কম হতে পারে। তবে এডিনবরায় বাড়ি কেনার ক্ষেত্রে সাশ্রয়ের পরিমাণ খুবই সামান্য।

অন্যদিকে, লিডস, লিভারপুল, বার্মিংহাম ও কার্ডিফের মতো শহরগুলোতে বাড়ি কেনার বন্ধকী ঋণের মাসিক কিস্তির তুলনায় ভাড়া দেওয়া এখনো সস্তা বলে লয়েডসের বিশ্লেষণে উঠে এসেছে।

লয়েডস ব্যাংকের বন্ধকী ঋণ বিভাগের পরিচালক অ্যান্ড্রু আসাম বলেন, ভাড়া বাসায় থাকা অব্যাহত রাখবেন, নাকি বাড়ি কিনবেন—এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাসিক ব্যয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধকী ঋণের সুদের হার বাড়ায় এ বছর ঋণ নেওয়ার খরচ বেড়েছে। ফলে বাড়ি কেনার সামর্থ্য হিসাব করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, কোনো কোনো ক্ষেত্রে বাড়ির ঋণের কিস্তি ভাড়ার চেয়ে কিছুটা বেশি হলেও প্রতিটি কিস্তি পরিশোধের মাধ্যমে ঋণের বকেয়া কমে এবং বাড়ির মালিকানায় নিজের অংশ বাড়ে। যারা কয়েক বছর একই বাড়িতে থাকার পরিকল্পনা করছেন, দীর্ঘমেয়াদে তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুবিধা হতে পারে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে বিদেশ ভ্রমণে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের জন্য কড়া সতর্কতা

যুক্তরাজ্যে রাজ্যাভিষেকের প্রেক্ষিতে নতুন মুদ্রা আসছে বাজারে

সহায়তাপ্রাপ্ত আবাসন আইন ঝুলে থাকায় ইংল্যান্ডে বাড়ছে মৃত্যু ও শোষণের অভিযোগ