20.3 C
London
October 2, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ২০২৭ থেকে সেটেলমেন্টে ইংরেজির মান বাড়ছেঃ আগেভাগে প্রস্তুতির সুযোগ

যুক্তরাজ্যে স্থায়ী বসবাস বা সেটেলমেন্টের জন্য ইংরেজি ভাষার দক্ষতার শর্ত আরও কঠোর করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। নতুন নিয়মে স্থায়ী বসবাসের আবেদনকারীদের ইংরেজি ভাষার দক্ষতা বি-১ থেকে বাড়িয়ে বি-২ পর্যায়ে উন্নীত করতে হবে। নতুন এই শর্ত আগামী ২৬ মার্চ ২০২৭ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ সরকারের হালনাগাদ ইমিগ্রেশন রুলস অনুযায়ী, কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস বা সিইএফআর-এর আওতায় ইংরেজি ভাষার এই নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। বি-২ পর্যায়কে আপার-ইন্টারমিডিয়েট বা মধ্যমের চেয়ে উচ্চতর ইংরেজি দক্ষতার স্তর হিসেবে বিবেচনা করা হয়।

নতুন নিয়মের আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিবাসন রুটের আবেদনকারীরা পড়বেন। এর মধ্যে রয়েছে স্কিলড ওয়ার্কার, গ্লোবাল ট্যালেন্ট, স্কেল-আপ, ইনোভেটর ফাউন্ডার, ইন্টারন্যাশনাল স্পোর্টসপারসন, ইউকে অ্যানসেস্ট্রি এবং রিপ্রেজেন্টেটিভ অব অ্যান ওভারসিজ বিজনেস রুট।

এ ছাড়া লং রেসিডেন্স, বারিভড পার্টনার, প্রাইভেট লাইফ, সেটেলমেন্ট ফ্যামিলি লাইফ এবং চাইল্ড রিলেটিভ রুটেও নতুন ভাষাগত শর্ত প্রযোজ্য হবে।

তবে স্কিলড ওয়ার্কার ও স্কেল-আপের মতো রুটে যারা ইতোমধ্যে সীমিত মেয়াদের ভিসা নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে বি-২ ইংরেজির শর্তটি মূলত সেটেলমেন্টের পর্যায়ে প্রযোজ্য হবে। অর্থাৎ, ভিসা পাওয়ার সময় যে ইংরেজি ভাষার শর্ত পূরণ করতে হয়েছিল, তার পাশাপাশি স্থায়ী বসবাসের আবেদনের সময় উচ্চতর ভাষাগত দক্ষতা দেখাতে হবে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, অভিবাসন ব্যবস্থায় ইংরেজি ভাষার দক্ষতার মান বাড়ানোর পরিকল্পনা ‘রিস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম’ শীর্ষক হোয়াইট পেপারে দেওয়া প্রতিশ্রুতির অংশ। সরকারের বক্তব্য অনুযায়ী, যারা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের ব্রিটিশ সমাজ ও জীবনের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় ইংরেজি ভাষার দক্ষতা থাকা গুরুত্বপূর্ণ।

নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ২৬ মার্চ ২০২৭ পর্যন্ত সময় থাকায় বর্তমানে সেটেলমেন্টের পথে থাকা অভিবাসীরা নতুন শর্ত পূরণের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।

বিশেষ করে স্কিলড ওয়ার্কার ভিসায় থাকা যেসব অভিবাসী ভবিষ্যতে স্থায়ী বসবাসের আবেদন করবেন, তাদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। যারা এখনও সেটেলমেন্টের আবেদন করার কয়েক বছর দূরে রয়েছেন, তারা আগে থেকেই বি-২ পর্যায়ের ইংরেজি দক্ষতা অর্জনের প্রস্তুতি নিতে পারবেন।

অন্যদিকে, যারা তুলনামূলকভাবে শিগগিরই সেটেলমেন্টের জন্য আবেদন করবেন, তাদের নতুন ভাষাগত শর্ত পূরণের বিষয়টি এখন থেকেই বিবেচনায় রাখতে হবে।

সূত্রঃ গভ.ইউকে/ লিজিট.এনজি

এমকে

আরো পড়ুন

আশ্রয়প্রার্থীদের আপিলে বিচারকদের ক্ষমতা বাতিলের টোরিদের প্রস্তাবে তীব্র সমালোচনা

যুক্তরাজ্য সরকার আশ্রয়প্রার্থীদের জন্য হাতে নিতে যাচ্ছে তাঁবু ব্যবস্থাপনা

লন্ডনে অনুমোদিত নতুন বাড়ির মাত্র ৩% প্রবেশযোগ্যঃ গবেষণায় প্রকাশ