Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

এয়ার ট্রাফিক কন্ট্রোল ইস্যুতে বাতিল হল যুক্তরাজ্যের ৫০০ টির বেশি ফ্লাইট

এয়ার ট্রাফিক কন্ট্রোল ইস্যুতে যুক্তরাজ্যের ৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রযুক্তিগত সমস্যা যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে আঘাত করায় হাজার হাজার লোক বিমানবন্দরে দীর্ঘ বিলম্বের সম্মুখীন হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

দেশটির ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (Nats) বলছে, প্রকৌশলীরা এয়ারলাইন্সের ফ্লাইট প্ল্যানের প্রক্রিয়াকরণকে প্রভাবিত করছে এমন একটি ত্রুটি সমাধান করার জন্য কাজ করছেন; এগুলো এখন ম্যানুয়ালি করা হচ্ছে।

নেটস জোর দেয় যে, যুক্তরাজ্যের আকাশসীমা বন্ধ করা হয়নি, তবে “নিরাপত্তা বজায় রাখার” জন্য এয়ারট্র্যাফিকে বিধিনিষেধ নিয়ে এসেছে। যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিমানবন্দর ফ্লাইট বিলম্ব এবং বাতিলের বিষয়ে সতর্ক করেছে।

পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজ, রায়নায়ার, ইজিজেট এবং ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্সের যাত্রীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা কীভাবে এই জটিলতার কারণে প্রভাবিত হয়েছেন। কিছুলোক পার্ক করা বিমানে অপেক্ষা করছেন বা টার্মিনালে দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হচ্ছেন বলেও সংবাদমাধ্যমের তথ্যে উঠে আসে।

এম.কে
২৯ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

অস্থায়ী কাজের ভিসা চালু করল সৌদি আরব

ভিশন-২০৩০-এর বাস্তবায়ন এবং বিপুল উন্নয়নকাজের অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্পে দক্ষ ও স্বল্পমেয়াদি শ্রমিকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একটি নতুন অস্থায়ী কাজের ভিসা চালু করেছে সৌদি আরব। পাশাপাশি ভিসা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকের যোগ্যতার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক ‘এমইপি’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে দেশটিতে কাজ করতে আগ্রহী শ্রমিকদের জন্য একটি ‘ওয়ার্ক ভিজিট ভিসা’ প্রদান করা হতো। তবে সেই ভিসার সুযোগগুলো শুধু প্রযুক্তিগত এবং নির্দিষ্ট ভূমিকার মধ্যে সীমাবদ্ধ ছিল। এ ক্ষেত্রে নতুন অস্থায়ী কাজের ভিসায় বহুমুখী পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সহজ করা হয়েছে এর আবেদন প্রক্রিয়াকেও।

প্রতিবেদনে বলা হয়, সৌদি ভিসা নিয়ে কাজ করেন—এমন একজন বিশেষজ্ঞ নতুন অস্থায়ী কাজের ভিসাকে দেশটির সরকার এবং সেখানে কাজ করতে যাওয়া মানুষের জন্য গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করেছেন।

বলা হচ্ছে, বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবের ওয়ার্ক ভিজিট ভিসা পদ্ধতির তুলনায় অস্থায়ী কাজের ভিসা পাওয়া আরও সহজ করা হয়েছে। এ ক্ষেত্রে সৌদি নিবন্ধিত প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় একজন কর্মীর জন্য ভিসার স্পনসরশিপ গ্রহণ করবে। এছাড়া স্পনসরকারী ওই প্রতিষ্ঠানটিকে সৌদি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত বা সৌদি আরবেরই প্রতিষ্ঠান হতে হবে। সৌদি আরবে এই প্রতিষ্ঠানের একক মালিকানাধীন কোনো কোম্পানি কিংবা কোনো কোম্পানির একটি শাখা অথবা স্বতন্ত্র আইনি পরিচয়সহ নিজের মালিকানাধীন একটি স্বাধীন কোম্পানি থাকতে হবে।

নতুন ভিসা পদ্ধতিতে কোনো কর্মী তার কাজের জন্য সরাসরি আবেদন করতে পারবেন না। কারণ, স্পনসরকারী কোম্পানিই তার ভিসা সরবরাহ করবে।

প্রাথমিকভাবে এই ভিসা দিয়ে এক বছরের জন্য কাজের বৈধতা থাকবে। তবে স্পনসরকারী প্রতিষ্ঠান এই ভিসার মেয়াদ বছরে ৯০ দিন পর্যন্ত বাড়াতে পারবে।

এই ভিসার প্রধান সুবিধাটি হলো—এটি সহজেই এবং খুব দ্রুত পাওয়া যাবে। এ ছাড়া সৌদি আরবে চলমান বড় প্রকল্পগুলোতে কাজ করার জন্য একসঙ্গে বিপুলসংখ্যক কর্মীর জন্য দরজা খুলে যাবে।

স্পনসরকারী সৌদি প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমশক্তিকে বিশেষজ্ঞদের দ্বারা অভ্যন্তরীণভাবে আগের চেয়ে অনেক দ্রুত পদ্ধতিতে সহায়তা করতে পারবে।

আরেকটি বিষয় হলো—এই ব্যবস্থায় একজন শ্রমিক চুক্তির সময়সীমা বাড়ানোর আগে নতুন আরেকটি কাজ খুঁজে বের করার সুযোগ পাবেন।

এম.কে
২৯ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ব্রিটিশ মিউজিয়ামের কাছে পুরাকীর্তি ফেরত চাইছেন চীনারা

ব্রিটিশ মিউজিয়াম থেকে একের পর এক পুরাকীর্তি চুরি বা হারিয়ে যাচ্ছে। বিদেশিদের এসব মূল্যবান ঐতিহাসিক নিদর্শনের যথাযথ দেখভাল করতে না পারায় ব্রিটিশ মিউজিয়ামে থাকা নিজেদের পুরাকীর্তি ফেরত চাইছেন চীনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ব্রিটিশ মিউজিয়াম থেকে সম্প্রতি প্রায় ২ হাজার পুরাকীর্তি চুরি গেছে। এ ঘটনার জেরে চাপের মুখে রয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। চুরিকাণ্ড সামনে আসতেই জাদুঘরের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এমনকি গত সপ্তাহে ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশারও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এসব বিষয় নিয়ে গতকাল রোববার রাতে চীনের সরকারি গণমাধ্যম একটি সম্পাদকীয় প্রকাশ করে বিনামূল্যে চীনা সব সাংস্কৃতিক নিদর্শন ফেরত দেওয়ার আহ্বান জানায়। সম্পাদকীয় প্রকাশের পরপর এ বিষয়ে বেশ সোচ্চার হন চীনা নেটিজেনরা। এমনকি তাদের এই দাবি চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়েইবোতে সবচেয়ে ট্রেন্ডিং ইস্যুতে পরিণত হয়।

পশ্চিমাদের মধ্যে ব্রিটিশ মিউজিয়ামেই সর্বোচ্চ চীনা পুরাকীর্তি রয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, সেখানে নিওলিথিক যুগ থেকে বর্তমান পর্যন্ত প্রায় ২৩ হাজার চীনাসামগ্রী রয়েছে।

তবে এবারই প্রথম নয়, এর আগেও চীনা নেটিজেনরা তাদের পুরাকীর্তি ফিরিয়ে দিতে ব্রিটিশ মিউজিয়ামের প্রতি আহ্বান জানান। তবে এবার চীনের সরকারি গণমাধ্যমে সম্পাদকীয় প্রকাশ করায় এ দাবি আরও জোরদার হয়েছে।

এক চীনা নেটিজেন লেখেন, ‘পুরাকীর্তিগুলো তাদের প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিন।’ তার এ লেখায় ৩২ হাজার মানুষ লাইক দিয়েছেন।

আরেকজন লেখেন, ‘এখন আমাদের দেশ ধনী এবং জনগণ শক্তিশালী। তাই এসব মূল্যবান সম্পদ আমাদের দেশে ফিরিয়ে দেওয়ার এখনই সময়।’

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন সরকার। এ ছাড়া ব্রিটিশ মিউজিয়ামের সঙ্গে যোগাযোগ করা হলে এখনো তাদের মন্তব্য পাওয়া যায়নি বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম।

চুরিকাণ্ডের পরপর আরও বেশ কয়েকটি দেশ তাদের পুরাকীর্তি ফিরিয়ে দিতে ব্রিটিশ মিউজিয়ামের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের মধ্যে অন্যতম গ্রিস ও নাইজেরিয়া।

এম.কে
২৯ আগস্ট ২০২৩

Categories
বাংলাদেশ শীর্ষ খবর

ডঃ ইউনুসকে বারাক ওবামার খোলা চিঠি

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন।

গত রোববার মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি শেয়ার দেওয়া হয়েছে।

বারাক ওবামা ওই চিঠিতে বলেছেন, দীর্ঘদিন ধরে লোকেদের তাদের পরিবার এবং সম্প্রদায়কে দারিদ্র্য থেকে বের করে আনার উপায় বের করার মাধ্যমে জনগণকে ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি।

চিঠিতে বারাক ওবামা উল্লেখ করেন, ২০০৯ সালে হোয়াইট হাউজে আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কাজ লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনা কল্পনা করতে অনুপ্রাণিত করেছে।

বারাক ওবামা বলেন, আমি আশা করি এটি আপনাকে জানার শক্তি দেবে যে, আপনি যাদের সম্ভাবনায় বিনিয়োগ করেছেন এবং আমরা যারা সকলের জন্য আরও ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভবিষ্যতের বিষয়ে চিন্তা করি, তারা আপনার সম্পর্কে ভাবছেন। আমি আশা করি, আপনার গুরুত্বপূর্ণ কাজ করার স্বাধীনতা অব্যাহত থাকবে।

এম.কে
২৯ আগস্ট ২০২৩

Categories
বাংলাদেশ শীর্ষ খবর

বাংলাদেশি দর্শনার্থীদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এভারেস্ট কন্যা নেপাল ভ্রমণে বাংলাদেশি দর্শনার্থীদের জন্য ইলেক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন সিস্টেম চালু করা হয়েছে।

রোববার ঢাকার নেপাল দূতাবাসের ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৪ আগস্ট ইটিএ সংক্রান্ত সিস্টেম চালু নিয়ে চি‌ঠি ইস্যু করে নেপাল দূতাবাস।

এতে বলা হয়েছে, নেপাল যেতে আবেদনকারী সব ব্যক্তির জন্য ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা প্রতিস্থাপন করেছে। রোববার থে‌কে দূতাবাস নতুন ইটিএ জারি শুরু করেছে।

ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া এবং অন্যান্য পূর্বশর্ত, যেমন শারীরিক পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধ‌তি অপরিবর্তিত থাকবে ব‌লে জানায় দূতাবাস।

এম.কে
২৮ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

ফ্রান্সের স্কুলে বোরকা নিষিদ্ধ করেছে সরকার

ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে মেয়েদের আবায়া বা বোরকা পরা নিষিদ্ধ। আগামী ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এ নিষেধাজ্ঞা। সোমবার দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল দেশটির টেলিভিশন চ্যানেল টিএফওয়ানকে বলেন, ‘একটি ক্লাসে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের দিকে তাকিয়েই তাদের ধর্ম শনাক্ত করার বিষয়টি গ্রহণযোগ্য নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলে আর আবায়া বা বোরকা পরা যাবে না।’

ফ্রান্সের স্কুলগুলোতে বোরকা পরা নিয়ে দীর্ঘ সময় ধরে বিতর্কের পর দেশটির শিক্ষামন্ত্রী নতুন এ সিদ্ধান্ত নিলেন।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সের স্কুলগুলোতে বোরকা পরা মুসলিম মেয়েদের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দেখা দিয়েছে। ডানপন্থি দলগুলো মুসলিম নারীদের এ পোশাক নিষিদ্ধের পক্ষে অবস্থান নিলেও বামপন্থি দলগুলো এ ক্ষেত্রে মুসলিম নারী ও মেয়েদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

দেশটির শিক্ষামন্ত্রী বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে হলো স্কুলের মাধ্যমে নিজেকে মুক্ত করার স্বাধীনতা, যেখানে বোরকা হলো একটি ধর্মীয় নিদর্শন।’ তিনি জানান, গ্রীষ্মের ছুটির পর স্কুল পুনরায় খোলার আগেই জাতীয় পর্যায়ে সবার কাছে তিনি নতুন নিয়মটি সুস্পষ্ট করবেন।

উল্লেখ্য, দেশটির সরকারি স্কুলগুলোতে ২০০৪ সাল থেকে মেয়েদের মাথায় স্কার্ফ বা হিজাব পরা নিষিদ্ধ ছিল। এরপর ২০১০ সালে দেশটিতে নিকাব বা পুরো মুখ ঢেকে রাখা বোরকা পরা নিষিদ্ধ করা হয়। সে সময় সরাকারের এমন সিদ্ধন্তে দেশটির ৫০ লাখের মুসলিম সম্প্রদায় ক্ষুদ্ধ হয়ে উঠেছিল।

উনিশ শতক থেকেই ফ্রান্সে সরকারি স্কুল ও ভবনগুলোতে ধর্মীয় প্রতীক বা নিদর্শন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে দেশটির যুক্তি হচ্ছে: ধর্মীয় প্রতীক বা নিদর্শনের ব্যবহার ধর্মনিরপেক্ষতার আইন লঙ্ঘন করে। এমনকি স্কুল শিক্ষার্থীদের ক্যাথলিক প্রভাব থেকে মুক্ত রাখতে খ্রিষ্টান ধর্মের প্রতীকে গলায় বড় ধরনের ক্রুশ পরাও নিষিদ্ধ।

শিক্ষক ইউনিয়নের নেতা ব্রুনো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘আগে বিষয়টি স্পষ্ট ছিল না। এখন একেবারে স্পষ্ট। আমরা স্বাগত জানাচ্ছি।’

দক্ষিণপন্থি বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতা এরিক সিয়োতো জানিয়েছেন, তারা আগে বহুবার স্কুলে বোরকা নিষিদ্ধ করার জন্য আবেদন জানিয়েছিলেন। তবে ফ্রান্সের বামপন্থি দলের নেত্রী এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, সরকার পোশাক-পুলিশের ভূমিকা নিতে পারে না।

এম.কে
২৮ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

নাগরিকদের কাছ থেকে দূর্নীতিবাজদের তথ্য চাচ্ছে সৌদিআরব

সৌদি আরব সরকার দুর্নীতি দমনে বিশেষ অভিযান শুরু করেছে। দেশটির দুর্নীতি দমন সংস্থা নাজাহ সন্দেহভাজন যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য দিতে নাগরিকদের উৎসাহিত করছে। যে কেউ চাইলে এ ধরনের ব্যক্তি ও সংস্থার ব্যাপারে ফোন কল, ই–মেইলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিতে পারবেন।

দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নাজাহ উল্লেখ করেছে, দুর্নীতির মামলা আছে কি না তা ভাবতে হবে না অভিযানকারীকে। অভিযানকারী শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবেন এবং তদন্তের আলামত সংগ্রহ করবেন।

যে কেউ নাজাহর ওয়েবসাইটে সন্দেহভাজন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে অভিযোগ দাখিল করতে পারবেন। সংস্থার ওয়েবসাইট, একটি টোল–ফ্রি হটলাইন, টেক্সট মেসেজ, ই–মেইল বা সশরীরে উপস্থিত হয়েও অভিযোগ দেওয়া যাবে।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব বড় দুর্নীতির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। কয়েক ডজন রাষ্ট্রীয় কর্মচারী এবং উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে নাজাহ জানায়, কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে এক মাসের অভিযানে দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুষ, প্রভাব বিস্তার, মানি লন্ডারিং এবং জালিয়াতির সঙ্গে তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

নাজাহ আরও জানায়, গত মহররম মাসে অভিযান চালানো সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিচার, স্বাস্থ্য, শিক্ষা এবং পৌরবিষয়ক মন্ত্রণালয়।

গত মে মাসে নাজহা জানিয়েছিল, ঘুষ, চাকরির অপব্যবহার, অর্থ পাচার এবং জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে ৮৪ জন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মার্চে কয়েক মিলিয়ন সৌদি রিয়ালের দুর্নীতি রহস্য উন্মোচন করে। এতে শ্রম ভিসায় কূটনীতিক, নিরাপত্তা কর্মী এবং প্রবাসীরা জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ সময় বাংলাদেশে সৌদি দূতাবাসে কর্মরত দুই কূটনীতিকসহ ১৩ সন্দেহভাজনের নাম প্রকাশ করে সংস্থাটি।

অভিযানের অংশ হিসেবে গত মার্চে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও ছিলেন।

এম.কে
২৮ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

নিউইয়র্কে প্রকাশ্যে আযানের অনুমতি

চার দেয়ালের ভেতরে আর নয়, আজান এবার প্রকাশ্যে। নিউইয়র্কে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মুসলিমদের। শনিবার শহরের মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেওয়ার অনুমোদন দেয়। মুসলিম কমিউনিটির আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের এই ঘোষণায় আনন্দের জোয়ার বইছে মুসলিম সমাজে।

রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতীত কোথায়ও উচ্চ আওয়াজে মাইক ব্যবহার করা যাবে না। সেই কারণে ফজর এবং এশা ব্যতীত এখন থেকে জোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজানের জন্য আর অনুমতি লাগবে না।

তবে এই তিন সময়ের আজানেও সাউন্ড লিমিট মানতে হবে। সেই সঙ্গে প্রতিবেশী কমিউনিটির সুবিধা-অসুবিধার বিষয়টিকেও দৃষ্টি রাখতে হবে।

এম.কে
২৮ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যের আন্ডারগ্র‍্যাজুয়েট শিক্ষার্থীরা খরচের জন্য ধুঁকছে

যুক্তরাজ্যে জীবনযাত্রার সংকট থেকে বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকার জন্য বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার কথা ভাবছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের সুবিধা করে দেয়ার জন্য সপ্তাহে দুই বা তিনদিন একটানা ক্লাসের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

সপ্তাহ জুড়ে ক্লাস থাকার চেয়ে কমপ্যাক্ট টিচিং সময়সূচীর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে বক্তৃতা এবং সেমিনার সপ্তাহ জুড়ে না করে এক নাগাড়ে দুই বা তিন দিনের মধ্যে সপ্তাহের ক্লাস সমাপ্ত করার পক্ষপাতী কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ধারনা অনুযায়ী অর্ধেকেরও বেশি শিক্ষার্থী এখন তাদের অধ্যয়নের পাশাপাশি কাজ করে থাকে। পরিসংখ্যান অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে ২০২২ সালে ৪৫% এবং ২০২১ সালে ৩৪% পড়ালেখার সাথে সাথে খণ্ডকালীন চাকুরির সাথে যুক্ত।

শিক্ষার জন্য ঋণ, খাবারের খরচ সহ নানা সমস্যার কারণে বর্তমান সময়ে তরুণ শিক্ষার্থীরা অনিশ্চয়তার মুখোমুখি হয়ে পড়েছে। নিজেদের ব্যয় নির্বাহের জন্য বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকুরীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থীরা নিজের ব্যয় নির্বাহের জন্য ক্রেডিট কার্ডের দ্বারস্থ হয়ে পড়েছে।

উচ্চশিক্ষানীতি ইনস্টিটিউট (এইচপিআই) দ্বারা পরিচালিত জরিপে দেখা যায়, শিক্ষার্থীদের অভিজ্ঞতা জরিপে শীর্ষস্থানীয় উদ্বেগের বিষয় হিসাবে স্থান পেয়েছে জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় অর্থ। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যেভাবে রেন্ট বৃদ্ধি পাচ্ছে, খাদ্যের দামও আওতার বাইরে প্রায়।

জরিপে অংশগ্রহণকারী তিন-চতুর্থাংশেরও বেশি শিক্ষার্থী বলেছেন, জীবন চালোনোর জন্য খরচ তাদের পড়াশোনাকে প্রভাবিত করছে এবং এটি প্রধান কারণ পড়াশোনা বাদ দেয়ার।

এইচপিআইয়ের পরিচালক নিক হিলম্যান বলেছেন,” শিক্ষার্থীরা বেশি ঘন্টা কাজ করতে চায় তাদের জীবনকে পড়ালেখার সাথে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য।

বিশ্ববিদ্যালয় মন্ত্রী সম্প্রতি বলেছেন, ফি বৃদ্ধি একজন শিক্ষার্থীর পড়ালেখা স্তব্ধ করে দিতে পারে। কারণ ব্যয়ের চাপের মুখোমুখি হয়েছে প্রত্যেকটি নাগরিক। তবে জীবনযাত্রার ব্যয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের মূল সমস্যা হল বাসা ভাড়া এবং সুপারমার্কেটের আকাশচুম্বী জিনিসপত্রের দাম।

লেবার নেতা কেয়ার স্ট্যামার বলেন,বর্তমান পরিস্থিতিতে আমি পড়ালেখা করতে সক্ষম হয়ত হতাম না। আমাদের সময়ে মেইনটেন্যান্স ফান্ড ব্যবহার করে খাবার বিল,থাকার ভাড়া সহ পড়ালেখার খরচ চালিয়ে যেতে সক্ষম হয়েছিলাম।

উল্লেখ্য যে, দরিদ্র শিক্ষার্থীদের জন্য মেইনটেন্যান্স ফান্ড কনজারভেটিভ পার্টি বাতিল করে দেয় ২০১৫ সালে। যদিও লেবার দল মনে করে এই ফান্ড ব্যবহার করাই ছিল দরিদ্র ছাত্রদের টিকে থাকার একমাত্র সম্বল।

এম.কে
২৮ আগস্ট ২০২৩

Categories
বাংলাদেশ

গরু’র মাংস আমদানি হলে কেজি হবে ৩৫০ থেকে ৪০০ টাকা

বিদেশ থেকে গরুর মাংস আমদানি করলে দেশে তা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। তবে দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতে গরুর মাংস আমদানি করা হচ্ছে না বলে জানান তিনি।

গত শুক্রবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গরুর মাংসের দাম নিয়ে কথা বলেন বাণিজ্যসচিব।

অনুষ্ঠানে বাণিজ্যসচিব বলেন, ব্রাজিল-আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানি করা গেলে ভোক্তারা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে গরুর মাংস খেতে পারবে। এখন হয়তো ৮০০ টাকায় তাদের এই মাংস কিনতে হচ্ছে। বাড়তি দামের দায় দেওয়া হচ্ছে দেশীয় উৎপাদনকারীদের সুরক্ষা ও সহযোগিতা করার জন্য। ডিম, মুরগিসহ অনেক পণ্যের ক্ষেত্রেও একই কথা বলা যায়।

সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘ভোক্তাদের সুবিধা দিতে হলে আমদানিকে উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলো আমদানিতে কোনো বিধি-নিষেধ দেয় না। কিন্তু আমরা বিভিন্ন পণ্যে আমদানিতে অনেক বিধি-নিষেধ দিয়ে রেখেছি। কারণ দেশে প্রচুর মানুষ বেকার।

তপন কান্তি ঘোষ বলেন, বাজারে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা যাচ্ছে না। এ জন্য বুঝেশুনে নীতি গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন। কেননা কাঁচামালসহ বিভিন্ন স্তরের পণ্যে কী পরিমাণে শুল্ক আরোপ করা হচ্ছে এবং এর প্রভাব কোথায় হচ্ছে তাও খতিয়ে দেখা দরকার।

এম.কে
২৮ আগস্ট ২০২৩