Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

বৃদ্ধকে যুবকে পরিনত করার ঔষধ আবিষ্কার করেছে বিজ্ঞানীরা

হার্ভার্ডের বিজ্ঞানীরা এমন এক ওষুধ আবিষ্কার করেছেন, যা মানুষের শরীরে বয়সের ছাপকে ঠেকিয়ে দিতে পারে। এর ফলে বয়সে বৃদ্ধ হলেও দেখাবে যুবকের মতো। বিশ্ব সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। গত ১২ জুলাই এজিং জার্নালে ‘কেমিক্যালি ইনডিউসড রিপ্রোগ্রামিং টু রিভার্স সেলুলার এজিং’ নামের একটি সমীক্ষা প্রকাশিত হয়।

বিজ্ঞানী দলটি ছয়টি ‘রাসায়নিক ককটেল’ আবিষ্কার করেছেন, যা কয়েক বছর ধরে মানুষ ও ইঁদুরের ত্বকের কোষকে বয়স্ক থেকে সজীব করেছে।

হার্ভার্ড গবেষক ডেভিড সিনক্লেয়ারও টুইটার ও থ্রেডে একই ব্যাখ্যা দিয়ে লিখেছেন, ‘আমাদের সাম্প্রতিক গবেষণা শেয়ার করতে পেরে কৃতজ্ঞ। আমরা আগে দেখিয়েছি যে ভ্রূণের জিন চালু করতে জিন থেরাপি ব্যবহার করে বয়সের পরিবর্তন সম্ভব। এখন আমরা ‘রাসায়নিক ককটেল’ দিয়ে সেটি সম্ভব করে দেখালাম। সাশ্রয়ী মূল্যে পুনর্জীবন লাভে এটি আরেক পদক্ষেপ।’

ডেভিড আরও বলেন, প্রতিটি ‘রাসায়নিক ককটেলের’ পাঁচ থেকে সাতটি এজেন্ট রয়েছে, এগুলোর মধ্যে কয়েকটি অন্যান্য শারীরিক এবং মানসিক ব্যাধির চিকিৎসার জন্য পরিচিত। তিনি এবং তার হার্ভার্ড মেডিকেল স্কুল দল তিন বছরের বেশি সময় ধরে অণুগুলো খুঁজতে কাজ করেছে, যা বার্ধক্যের চাকাকে বিপরীত দিকে ঘুরিয়ে দেয় এবং মানবকোষগুলো পুনরুজ্জীবিত করতে পারে।

গবেষক আরও টুইট করেছেন, ‘অপটিক স্নায়ু, মস্তিষ্কের টিস্যু, কিডনি এবং পেশির ওপর অধ্যয়নগুলো ইঁদুরের উন্নত দৃষ্টি, বর্ধিত আয়ুসহ আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। সম্প্রতি এ বছরের এপ্রিলে বানরদের দৃষ্টিশক্তি উন্নত হয়েছে। মানুষের বয়স কমানোর জিন থেরাপি বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। প্রথম মানব ক্লিনিক্যাল ট্রায়ালগুলো আগামী বছরের শেষের দিকে শুরু হবে। আশা করছি সব ঠিকঠাক চলবে।

তবে হার্ভার্ডের একজন অধ্যাপকসহ অন্য বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, গবেষণাটিতে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এটি একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে।

এম.কে
১৭ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

বিদেশি শ্রমিক নিয়োগে ভিসা নীতি শিথিল করলো ব্রিটেন

কয়েকটি খাতে তীব্র শ্রমিক সংকট দেখা দেওয়ায় বিদেশি কর্মী নিয়োগের জন্য ভিসা নিয়ম কানুন শিথিল করেছে যুক্তরাজ্য। নির্মাণ খাতে শ্রমিক সংকট ভয়াবহ আকার ধারণ করায় নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগে দেশটির সরকার এই উদ্যোগ নিয়েছে।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্রিটেনের শ্রমিক ঘাটতি পেশার তালিকায় নির্মাণখাতের কিছু কাজকে যুক্ত করা হয়েছে। এর ফলে দেশটির নির্মাণ শিল্পের সাথে জড়িতরা বিদেশ থেকে আরও সহজে শ্রমিক আনতে পারবেন।

নিয়ম কানুন শিথিল করায় ইট প্রস্তুতকারী শ্রমিক, রাজমিস্ত্রি এবং ছাদ, ছাদের টাইলস ও স্লেটার্সের কাজ করা শ্রমিক, রং মিস্ত্রি, যোগালি এবং প্লাস্টারকারীরা সস্তার ভিসায় অধিক উপকৃত হবেন। এসব খাতে তীব্র শ্রম সংকটে ভুগছে ব্রিটেন। নিয়োগকর্তারা বিদেশ থেকে কর্মী নিয়োগের জন্যও আগ্রহী। যে কারণে দেশটির সরকার ভিসা নিয়ম কানুন শিথিল করেছে।

তবে ভিসা নিয়ম কানুন শিথিল করে বিদেশি শ্রমিক নিয়োগের এই উদ্যোগ দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ গত এক দশক ধরে দেশটিতে অভিবাসনের হার কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছে কনজারভেটিভ পার্টি।

সোমবার এক বিবৃতিতে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ভিসা বিধিতে শ্রমিকের নতুন কাজ যুক্ত করায় তা মূল জাতীয় অবকাঠামো সরবরাহে সহায়তা এবং সংশ্লিষ্ট শিল্পের বৃদ্ধিকে চাঙ্গা করবে।

দেশটির স্বতন্ত্র অভিবাসন উপদেষ্টা কমিটি গত মার্চে সব নির্মাণ কাজকে ঘাটতি পেশার তালিকায় যুক্ত করার সুপারিশ করেছিল। এই তালিকায় ইতোমধ্যে পরিচর্যা কর্মী, সিভিল ইঞ্জিনিয়ার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান ও স্বাস্থ্যসেবার সাথে জড়িত কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত মে মাসে প্রকাশিত দেশটির সরকারি এক পরিসংখ্যানে বলা হয়, ব্রিটেনে নেট অভিবাসন গত বছর রেকর্ড সর্বোচ্চ ৬ লাখ ৬ হাজারে পৌঁছেছে। অভিবাসীদের স্রোত কমাতে ঋষি সুনাক নেতৃত্বাধীন দেশটির সরকার নতুন করে প্রতিশ্রুতিও দিয়েছে।

ব্রেক্সিটের সমালোচকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের প্রস্থান শ্রমিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। কারণ ইইউ নাগরিকরা আর আগের মতো ব্রিটেনে কাজ করার জন্য ভিসা ছাড়া ঢুকতে পারেন না।

দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনে বিদেশি শ্রমিক হিসেবে আবেদনকারীদের একজন নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার এবং ইংরেজি ভাষার দক্ষতার শর্ত অবশ্যই পূরণ করতে হবে।

এম.কে
১৭ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

আমেরিকায় তৈরি আইফোন ব্যবহারের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা

রাশিয়া তাদের হাজার হাজার সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে আমেরিকায় তৈরি আইফোন মোবাইলসহ অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহার করতে নিষেধ করেছে। আমেরিকার এই প্রযুক্তি কোম্পানির সাথে বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় গুপ্তচরবৃত্তির উদ্বেগ তীব্রতর হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করছে, সোমবার থেকে ব্যবসায়িক কর্মকাণ্ডে যে-কোনো ধরনের আইফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রযুক্তি সংস্থা রুশ-টেক জানিয়েছে, মার্কিন নির্মিত আইফোন এবং অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশনা অনুসরণ করা হবে। ইতোমধ্যেই একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সংবাদমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে ।

রাশিয়ার গুরুত্বপূর্ণ অফিস-আদালতে আইফোন মোবাইল, আইপ্যাড ট্যাবলেটসহ অন্যান্য অ্যাপল ডিভাইসের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা থেকে প্রমাণ হয় সে দেশের ফেডারেল সিকিউরিটি সার্ভিস মার্কিন গোয়েন্দা সংস্থার ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তির ব্যাপারে খুবই উদ্বিগ্ন।

উল্লেখ্য যে, এই ডিভাইসগুলোর মাধ্যমে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগেুলো অনুপ্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এম.কে
১৭ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ব্রিটেনে গত দুই বছরে খাদ্য পণ্যের দাম শতকরা ১৭৫ ভাগ বেড়েছে

ব্রিটেনের একটি ভোক্তা গোষ্ঠী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গত দুই বছরে দেশে খাদ্য পণ্যের দাম শতকরা ১৭৫ ভাগ বেড়েছে। জীবনযাত্রার ব্যয় নজিরবিহীনভাবে বেড়ে যাওয়ার কারণে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সরকারি পদক্ষেপ বিশেষভাবে জরুরি উল্লেখ করেছে ওই ভোক্তা গোষ্ঠী।

গত রোববার ‘হুইচ’ নামে একটি ভোক্তা গোষ্ঠী তাদের এক প্রতিবেদনে জানায়, ২০২১ সাল থেকে ব্রিটেনে কিছু কিছু পণ্যের দাম শতকরা ১৭৫ ভাগ বেড়েছে। সেই সাথে বেড়েছে মারাত্মক রকমের মুদ্রাস্ফীতি।

২০২১ সালের জুন থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত এই দুই বছরে গড়পড়তা প্রতিটি পণের দাম শতকরা ২৫.৮ ভাগ বেড়েছে। এই গ্রুপ ভিন্ন ভিন্ন ৮টি ডিপার্টমেন্টাল স্টোরে জরিপ চালিয়ে এই তথ্য জানিয়েছে। ২১ হাজার খাদ্যপণ্য ও পানীয়ের দাম বিশ্লেষণের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

কৃষিজাত পণ্য, জ্বালানি এবং শ্রমমূল্য বেড়ে যাওয়াকে সামগ্রিকভাবে পণ্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী করা হয়েছে। তবে অনেকেই বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাপী যে প্রভাব পড়েছে তার অংশ হিসেবে ব্রিটেনে পণ্য মূল্য ব্যাপকভাবে বেড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলো সবচেয়ে অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে বিভিন্ন দেশে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ মিছিল হয়ে আসছে।

এম.কে
১৭ জুলাই ২০২৩

Categories
ইউরোপ শীর্ষ খবর

ইউরোপ জোরে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার শঙ্কা

ইউরোপে বার্ড ফ্লু ভাইরাস দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে ইউকের বিভিন্ন জায়গায় প্রাথমিক লক্ষণও প্রকাশ পেয়েছে বলে জানায় ইউকের স্বাস্থ্যসেবা অধিদপ্তর। বার্ড ফ্লু ভাইরাসটি এইচ৫এন৮ নামেও পরিচিত।

এনএইচএসের একজন মুখপাত্র জানান ইতিমধ্যে বার্ড ফ্লুয়ের প্রাথমিক লক্ষণ নিয়ে যুক্তরাজ্যের হাসপাতালে এসেছেন দুইজন রোগী। আরও বিভিন্ন এলাকায় একই লক্ষণের বিভিন্ন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন রিপোর্ট করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর বিস্তার ঠেকাতে এরই মধ্যে ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশ ব্যবস্থা নেয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে। এ রোগের কারণে ইউরোপে পোলট্রি ব্যবসায়ও বড় ধস নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বার্ড ফ্লু সাধারণভাবে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু জাতীয় একটি রোগ। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে ভাইরাসের সংক্রমণ থেকে এই রোগ হয়। এটি মূলত পাখিদের সংক্রমিত করে।

পাখিরা দ্রুত একস্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে বলে এই রোগও দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণের সম্ভাবনা কম থাকলেও তা একেবারে অসম্ভব নয়। সাধারণত সংক্রমণের এক থেকে তিন দিন পর রোগীর অসুস্থতার লক্ষণ প্রকাশ পায়।

এর মধ্যে রয়েছে- জ্বর, শরীরে ব্যথা, শরীর মেজমেজ করা, ঠাণ্ডা লাগা, হাঁচি, কাশি, মাথাব্যথা, মাংসপেশি ব্যথা, বমি ইত্যাদি।

উল্লেখ্য যে করোনাভাইরাস পরবর্তী নতুন ভাইরাস নিয়ে শঙ্কা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এর প্রেক্ষিতে বার্ড ফ্লু নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ইউরোপীয় দেশগুলোর স্বাস্থ্য সেক্টরে।

এম.কে
১৭ জুলাই ২০২৩

Categories
ইউরোপ শীর্ষ খবর

মোবাইলে ব্যাটারি পরিবর্তন সুবিধা বাধ্যতামূলক করছে ইউরোপ

২০২৭ সাল নাগাদ আইফোন’সহ সকল স্মার্টফোনে বদলযোগ্য ব্যাটারি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এই সপ্তাহে, অ্যাপল, স্যামসাং ও গুগলের মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যাটারি বর্জ্য কমিয়ে আনার পাশাপাশি তাদের একচেটিয়া অভ্যাসগুলো বন্ধ করার লক্ষ্যে নতুন এই নীতিমালায় সম্মতি দিয়েছে ইউরোপীয় কাউন্সিল।

ফোনের যন্ত্রাংশ প্রতিস্থাপনের প্রয়োজন হলে একেবারে নতুন ফোন কেনা ছাড়া বিকল্প ব্যবস্থা না রাখার অভিযোগও রয়েছে কোম্পানিগুলোর বিরুদ্ধে।

ইউরোপীয় নিয়ন্ত্রকদের এই সিদ্ধান্তকে ‘রাইট-টু-রিপেয়ার’ আন্দোলনের জন্য বড় বিজয় বলে আখ্যা দিয়েছে প্রযুক্তিবিষয়ক ব্লগ সাইট ম্যাশএবল। এই নীতিমালা কেবল ইইউ সদস্যভুক্ত দেশগুলোর বেলায় প্রযোজ্য হলেও গোটা বিশ্বেই এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইউরোপ ও বিশ্বের অন্যান্য জায়গার জন্য দুটি ভিন্ন নকশার স্মার্টফোন তৈরির জটিলতা ও খরচে সম্ভবত মোবাইল ফোন নির্মাতারা যাবে না। ফলে, সকল ব্যবহারকারীর জন্যেই স্মার্টফোনের নকশা বদলে যেতে পারে।

২০২২ সালে ইইউ-এর পাশ করা অপর একটি আইনে সকল মোবাইল ফোনে ‘ইউএসবি-সি’ পোর্ট রাখার বাধ্যবাধকতা রয়েছে। ওই সিদ্ধান্তের ফলেও বিশ্বজুড়ে একই ধরনের প্রভাব দেখা যেতে পারে।

স্মার্টফোন অবশ্যই “ব্যবহারকারীর মাধ্যমে অপসারণ ও প্রতিস্থাপনযোগ্য” শ্রেণির হতে হবে। এর মানে হচ্ছে, কোনো বিশেষ কারিগরি জ্ঞান ছাড়াই ব্যাটারি বদলানোর সহজ উপায় থাকতে হবে। ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে চলার জন্য স্মার্টফোনের নকশা বদলাতে ২০২৭ সাল পর্যন্ত সময় পেয়েছে উৎপাদকরা।

এই নীতিমালা কেবল স্মার্টফোন নয়, বরং ইভি ও ই-বাইকের মতো সব ধরনের পণ্যের ব্যাটারিতেও প্রযোজ্য। এর লক্ষ্য এমন ‘বৃত্তাকার অর্থনীতি’ বানানো, যেখানে নষ্ট হওয়া ব্যাটারি বিভিন্ন পণ্যে পুনর্ব্যবহারের সুবিধা পাওয়া যায়।

এই নীতিমালায় বিভিন্ন স্মার্টফোন উৎপাদকের ২০২৭ সালের মধ্যে পুনর্ব্যবহার করা ব্যাটারি থেকে ৫০ শতাংশ লিথিয়াম সংগ্রহের বাধ্যবাধকতাও রয়েছে, যা ২০৩১ সাল নাগাদ ৮০ শতাংশে নিয়ে যেতে হবে।

উৎপাদকদের ব্যাটারির ভেতর থাকা পুনর্ব্যবহারযোগ্য উপাদানের পরিমাণ একটি কিউআর কোডের মাধ্যমে লেবেল করার শর্তও রয়েছে নীতিমালায়। ফলে, ব্যবহারকারীরা পাঁচ বছরের মধ্যেই নির্দ্বিধায় ব্যাটারি বদলানোর সুবিধা পাবেন বলে প্রতিবেদনে লিখেছে ম্যাশএবল।

এম.কে
১৭ জুলাই ২০২৩

Categories
বাংলাদেশ স্পোর্টস

জাপানের সুমাইয়া এখন বাংলাদেশের

বাংলা ভালো বলতে পারলেও লিখতে পারেন না। তবে বাংলা ভাষা বা বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটা এখন বেশ নিবিড়। জন্ম ও বেড়ে ওঠা জাপানের নাগোয়া শহরে হলেও মাতসুশিমা সুমাইয়া এখন পুরোদস্তুর বাংলাদেশি।

বাংলাদেশ দলের হয়ে সুমাইয়ার আন্তর্জাতিক অভিষেক হয়েছে গত পরশু। কমলাপুর স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে বদলি হিসেবে মাঠে নামান কোচ। তাতেই পূরণ হয়ে যায় সুমাইয়ার একটা স্বপ্ন। ‘ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বাংলাদেশের হয়ে খেলব। আমার স্বপ্নটা পূরণ হয়েছে। বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছি। আমি ভীষণ খুশি,’ কমলাপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে গতকাল বলছিলেন ২৩ বছরে পা দেওয়া সুমাইয়া।

বাংলাদেশের নারী ফুটবলে সুমাইয়াই প্রথম প্রবাসী ফুটবলার, যিনি জাতীয় দলে সুযোগ পেলেন। ছেলেদের ফুটবলের জামাল ভূঁইয়া ও তারিক কাজীর কথা সবাই জানেন। ডেনমার্ক আর ফিনল্যান্ড থেকে এসে এ দুজন বাংলাদেশের জার্সিতে খেলছেন। মেয়েদের জাতীয় দলে এবার যোগ হলেন সুমাইয়া। বাংলাদেশ ও জাপানের দ্বৈত পাসপোর্ট তার। ফলে বাংলাদেশের হয়ে খেলতে কোনো জটিলতা হয়নি। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র নিতে হয়েছে বাফুফেকে, এই যা।

সুমাইয়ার ফুটবল–দক্ষতা বেশ ভালো। ফুটবল নিয়ে নিজের কারিকুরির কিছু ছবি দিয়েছিলেন ফেসবুকে। সেটি দেখে ২০২১ সালে তাকে ডাকে বাফুফে। বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের সঙ্গে সুমাইয়া তখন ঢাকাতেই থাকতেন। মা মাতসুশিমা তোমোমিকে নিয়ে একদিন আসেন বাফুফে ভবনে। বাফুফে তখন তার কাছে জানতে চেয়েছিল, বাংলাদেশ দলে সুযোগ পেলে খেলবেন কি না। সুমাইয়াও সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন, খেলবেন। এরপরই তাকে দলভুক্ত করেছে বসুন্ধরা কিংস। কিংসের জার্সিতে মেয়েদের গত লিগে খেলেছেন সুমাইয়া, গোলও আছে কয়েকটি।

গত বছর মালদ্বীপে দিভেহি সিফাইঙ্গে ক্লাবে সুমাইয়া খেলেছেন সাবিনা খাতুনের সঙ্গে। এ দুটি পর্বের পর বয়সভিত্তিক কোনো স্তরে না খেলেই সরাসরি জাতীয় দলে এসেছেন সুমাইয়া, পেয়েছেন ২০ নম্বর জার্সি। সুমাইয়া এমনিতে ‘নাম্বার ৯’ বা ‘নাম্বার ১০’ পজিশনের খেলোয়াড়। পরশু কোচ তাকে ফরোয়ার্ডেই নামিয়েছেন।

জাতীয় দলে অভিষেক হলেও একটু যেন অতৃপ্ত সুমাইয়া, ‘ম্যাচে ভালো পারফর্ম করতে পারিনি। প্রথমবার খেলতে নামায় একটু নার্ভাস লাগছিল।’ কিছুটা লাজুক সুমাইয়া কথা বলতে স্বাচ্ছন্দ্য নন সংবাদমাধ্যমের সঙ্গে। তারপরও কমলাপুর স্টেডিয়ামে নারী দলের অনুশীলনের ফাঁকে বললেন, ‘২০০৯-১০ সালের দিকে আমি প্রথম আসি বাংলাদেশে। বাফুফে ভবনে জাতীয় দলের ক্যাম্পে আছি ছয় মাস ধরে। এর আগে বসুন্ধরা কিংসে খেলেছি যখন, বাসা থেকেই অনুশীলনে যেতাম। কিন্তু জাতীয় দলের ক্যাম্প একটু আলাদা। এই অভিজ্ঞতা আমাকে এগিয়ে দিয়েছে।’ সুমাইয়ার প্রিয় খেলোয়াড় সাবিনা।

মেয়েদের দলে আছেন কৃষ্ণা, তহুরা, সানজিদারা। তাদের টপকে সুমাইয়ার পক্ষে একাদশে সুযোগ পাওয়া সহজ নয়। সুমাইয়া বলেন, ‘ওদের অনেক বছরের অভিজ্ঞতা। আমার তো নাগোয়ায় ফুটবল তেমন খেলা হয়নি।

ফুটবল খেলতেই বাংলাদেশে আসি। অনুশীলনে আরও ভালো করতে হবে। ক্যাম্পে আরও থাকতে হবে আমাকে। আমার ইচ্ছা বাংলাদেশকে লম্বা সময় সেবা দেওয়ার।’

এম.কে
১৭ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

জার্মানির নতুন ‘চীন নীতি’

ক্ষমতাসীন জোটের মধ্যে ব্যাপক আলোচনার পর জার্মানি নতুন চীন কৌশল জানিয়েছে। এই নীতিতে বেইজিংকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসাবে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সঙ্কট সমাধানে পারস্পরিক সহযোগিতা জরুরি।

পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বৃহস্পতিবার বার্লিনে মার্কেটর ইনস্টিটিউট ফর চায়না স্টাডিজে বেইজিংয়ের সাথে বার্লিনের সম্পর্কের বিস্তারিত তুলে ধরেন।

সমালোচকরা বলছেন, চীন এবং রাশিয়ার মতো কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর নতুন বৈশ্বিক হুমকির বিপরীতে জার্মানি আত্মতুষ্টিতে ভুগছে।

বেয়ারবক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ক্রমশ কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশটি অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেছে, তবে সেই সাথে দেশটির কর্তৃত্ববাদী প্রভাবও প্রায় দ্বিগুণ হয়েছে। বিশেষ করে দেশটির অভ্যন্তরে পশ্চিমের জিনজিয়াং প্রদেশ এবং হংকং- এবং এশিয়ায় আঞ্চলিক পরিসরেও ক্রমবর্ধমানভাবে দেশটি শক্তি প্রতিষ্ঠা করছে।

তিনি বলেন, ‘চীন বদলে গেছে এবং সেজন্য চীনের প্রতি আমাদের নীতিতেও পরিবর্তন আনতে হবে। আমরা চীন থেকে বিচ্ছিন্ন হচ্ছি না, আমরা কেবল ঝুঁকি কমাতে চাই।’ রুশ জীবাশ্ম জ্বালানির ওপর খুব বেশি নির্ভর করে জার্মানি যে ভুল করেছিল, সেটিও উল্লেখ করেন তিনি।

বেয়ারবক বলেন, ‘আমরা চীনের বা নিজেদের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাই না।’ তবে জার্মানির অর্থনৈতিক সম্পর্ককে বৈচিত্র্যময় করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, ‘যেসব কোম্পানি নিজেদের চীনের বাজারের ওপর বিশেষভাবে নির্ভরশীল করে তুলছে, তাদের এই ঝুঁকির আর্থিক ভার ক্রমবর্ধমানভাবে বহন করতে হবে।’

বেয়ারবক বলেন, এই নীতি কেবল মানবাধিকার নয়, জার্মানির অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ।

চীনের জবরদস্তি মোকাবেলা করার প্রয়োজনও বিবেচনা করা হয়েছে বলে জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এ ব্যাপারে লিথুয়ানিয়ার তাইওয়ান নীতি বদলানোর জন্য চীনের অর্থনৈতিক চাপের কথাও তুলে ধরেন তিনি।

বিশ্ব বাণিজ্য সংস্থায় চীন এখনো উন্নয়নশীল দেশ হিসাবে নিজেকে উপস্থাপন করে। অথচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। এই অবস্থান বদলাতে জার্মানি চীনকে চাপ দেবে বলেও জানান বেয়ারবক।

এম.কে
১৭ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর নির্ভরতা বাড়ছে

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির হতে প্রাপ্ত তথ্যানুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত টিউশন ফিস প্রায় এক পঞ্চমাংশ অর্থাৎ প্রতি ৫ পাউন্ডের ১ পাউন্ড আন্তর্জাতিক স্টুডেন্টদের টিউশন ফি হতে প্রাপ্ত। ব্রিটিশ সংবাদমাধ্যমের বিশ্লেষণ অনুসারে, আর্থিক দিক বিবেচনায় বিদেশী টিউশন ফি’র উপর খাতটির ক্রমবর্ধমান নির্ভরতা বাড়ছে।

পরবর্তী শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়গুলো আসন বরাদ্দের হার স্থানীয়দের জন্য কম রাখার পরিকল্পনা করতে যাচ্ছে বলে খবরে জানা যায়। এতে যুক্তরাজ্যের স্থানীয় শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষার্থীদের চেয়ে কম আসন বরাদ্দ পাওয়ার শঙ্কা করেছে বিশেষজ্ঞ মহল। কারণ হিসেবে তারা বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চতর টিউশন ফিস বিশ্ববিদ্যালয়ের বাজেটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত টিউশন ফি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট আয়ের প্রায় এক তৃতীয়াংশ বা তার বেশি পরিমাণে রয়েছে। তাই অনেক বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক বছরগুলিতে বিদেশী শিক্ষার্থীদের দিকে বেশি ঝুঁকতে দেখা গিয়েছে।

যুক্তরাজ্যের প্রায় ৮০% বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে খবরে জানা যায়।

রয়্যাল কলেজ অফ আর্ট (আরসিএ) এবং আর্টস লন্ডন বিশ্ববিদ্যালয় মতো খ্যাতিমান প্রতিষ্ঠানেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের হতে প্রাপ্ত টিউশন ফি মোট আয়ের প্রায় ৫৪% বলে জানা যায়।

এদিকে, ইউনিভার্সিটি ফর ক্রিয়েটিভ আর্টস এবং হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক টিউশন ফি হতে আয় ১৩% থেকে বেড়ে ৩৩% এ উন্নীত হয়েছে।

হার্টফোর্ডশায়ারের উপাচার্য অধ্যাপক কুইন্টিন ম্যাককেলার বলেন, “ বিদেশী শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ততা এবং শক্তি নিয়ে আসে। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ব্যাপকভাবে প্রভাব রাখে। ”

উচ্চশিক্ষা পরিসংখ্যান কর্তৃপক্ষের (এইচইএসএ) সর্বশেষ তথ্যমতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের আয়ের উপর যুক্তরাজ্য বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান নির্ভরতা উদ্বেগের জন্ম দিয়েছে।

উল্লেখ্য যে, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি বিদেশী শিক্ষার্থীদের নিকট হতে উচ্চতর টিউশন ফি নিয়ে থাকে। ব্রিটিশ কাউন্সিল হতে প্রাপ্ত তথ্যানুযায়ী একজন বিদেশী শিক্ষার্থী স্নাতক কোর্সের জন্য বছরে গড়ে ২২,০০০ পাউন্ড প্রদান করে থাকে যা স্থানীয় শিক্ষার্থীদের টিউশন ফিসের তুলনায় প্রায় দ্বিগুণ বা তারো বেশি।

এম.কে
১৬ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্য মেট্রোপলিটন পুলিশের কর্মকাণ্ড নিয়ে আবারো সমালোচনা

ব্রিটেনের বৃহত্তম পুলিশ ফোর্স মেট্রোপলিটন পুলিশ যৌন অপরাধ, পারিবারিক নির্যাতন এবং অন্যান্য অপরাধের সংবেদনশীল তথ্য তাদের একটি ওয়েবসাইট ব্যবহার করে সংগ্রহ করার পরিকল্পনা গ্রহণ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের একটি  প্রতিবেদনে এই গোপন তথ্য পাওয়া যায়। খবরে জানা যায় নিজেদের ওয়েবসাইট ব্যবহার করে সংবেদনশীল তথ্য সংগ্রহ করে তারা ফেসবুকের একটি পেইজের মাধ্যমে প্রচার করার উদ্যোগ নিয়েছে।
মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় গোপন, ঘৃণাযুক্ত অপরাধের রিপোর্টের জন্য আহ্বান করে নোটিশ লেখা রয়েছে।
একটি ঘটনার কথা উল্লেখ করে ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ফেসবুক পেইজে ধর্ষণ ও যৌন নির্যাতনের বিষয়ে একজন তথ্য জানান। তথ্য জানাতে পেইজের একটি লিংকে ক্লিক করতে হয় ভুক্তভোগীকে। প্রমাণসহ তথ্য জানানোর পর একটি কোড প্রদান করা হয় ভুক্তভোগীকে।
মেটা পিক্সেল নামে পরিচিত ট্র্যাকিং সরঞ্জাম ব্যবহার করে পুলিশের সাথে যোগাযোগের একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যেখানে ফেসবুকে ধর্ষণ, আক্রমণ, লাঞ্ছনা এবং জালিয়াতি সহ অপরাধের জন্য একটি বাটনে ক্লিক করে তথ্য জানানোর ব্যবস্থা রাখা হয়েছে।
গত সপ্তাহে পর্যবেক্ষকরা অনুসন্ধান কালে মেট পুলিশের মুখোমুখি হলে দেখা যায়, মেট তাদের ওয়েবসাইট থেকে মেটা পিক্সেল ট্র্যাকারটিকে সরিয়ে দেয়। মেট পুলিশ জানায় আসলে কারো ব্যক্তিগত তথ্য শেয়ার করা আমাদের মূল উদ্দেশ্য নয় যদিও পর্যবেক্ষকরা জানান ব্যক্তিগত তথ্য প্রদান ডাটা প্রটেকশন আইনে অবৈধ।
উল্লেখ্য যে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের পুলিশ ওয়েবসাইটগুলি নিয়ে একটি পর্যবেক্ষক দল বিশ্লেষণ কালে এমইটি পিক্সেলের ব্যবহার উন্মোচিত হয়। গত সপ্তাহে পর্যবেক্ষক দলের দেয়া তথ্যানুযায়ী এমইটি পিক্সেলের ব্যবহার করে যাচ্ছে পুলিশ বাহিনী।
একটি দাতব্য সংস্থার বিশেষজ্ঞরা জানান, সাধারণত তথ্য শেয়ার করা একটি “আস্থার লঙ্ঘন” যাতে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা হ্রাস পাবে।
অনলাইন গবেষক মার্ক রিচার্ডস বলেন, অপরাধ প্রতিবেদনে পিক্সেল ব্যবহার করার অর্থ হল কোনো  অপরিচিত ব্যক্তি ঘরে থাকার মতো বিষয়। যা তথ্য চুরির মতো ঘটনার জন্য বিশেষ উপাদান।
অ্যালান টিউরিং ইনস্টিটিউটের নীতিশাস্ত্রের পরিচালক অধ্যাপক ডেভিড লেসলি বলেছেন, ডেটা শেয়ার করা নিয়ে প্রশাসনের এই কাজকে “বেপরোয়া” বলে মনে হয়েছে। জনগণ তাদের ওয়েব ব্রাউজিংয়ের মাধ্যমে ডেটা কীভাবে ব্যবহৃত হবে তা নিয়ে ছিল বিভ্রান্ত।
উল্লেখ্য যে মেটা পিক্সেল – ফেসবুকের দেওয়া একটি নিখরচায় ব্যবহৃত সরঞ্জাম। যা অনলাইন ব্যবসায়ি দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভবিষ্যতের বিপণন প্রচারে যারা ওয়েবসাইটগুলি পরিদর্শন করেছে এমন লোকদের কাছে পৌঁছাতে কাজ করে মেটা পিক্সেল।
এম.কে
১৬ জুলাই ২০২৩