Categories
আন্তর্জাতিক

মারা গেছে বিখ্যাত মিম কুকুর চিমস

ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার ১২ বছর বয়সে মারা গেছে ইন্টারনেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় মিম কুকুর ‘চিমস’।
চিমসের মালিকরা জানান, শুক্রবার অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয়। ৬ মাস ধরে ক্যানসারে ভুগছিল চিমস।

শনিবার চিমসের মালিক ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান।

ইনস্টাগ্রাম পোস্টে কুকুরটির মৃত্যুর খবর জানিয়ে মালিকরা লেখেন, মন খারাপ করবেন না। সে আমাদের কতটা আনন্দ দিয়েছে, তা মনে রাখুন। মনে করে দেখুন, করোনাকালে সে কীভাবে মানুষের মন ভালো রাখতে সাহায্য করেছে।

২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে জনপ্রিয় হয়ে ওঠে চিমস নামে বিখ্যাত কুকুরটি। ওই সময় অনলাইনে তার মজার মজার সব ছবি ভাইরাল হয়ে যায়। পরে বিশেষ বিশেষ পরিস্থিতিতে অস্বস্তি বা দুর্বলতা প্রকাশের দারুণ মাধ্যম হয়ে ওঠে তার ছবি।

মূলত করোনাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি ভাইরাল হয়ে ওঠে চিমস। তার গোল মুখ, সঙ্গে অদ্ভুত হাসি মন জিতে নিয়েছিল সবার। তার সত্যিকারের ছবি থেকে বানানো অ্যানিমেটেড ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এম.কে
২১ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শতাধিক অভিবাসী নিহত

সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শতাধিক অভিবাসী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সোমবার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এসব হত্যাকাণ্ডের ঘটনা সৌদি-ইয়েমেন সীমান্তে ঘটেছে। নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। তারা যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন হয়ে সৌদিতে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন। ওই সময় গুলিতে প্রাণ হারান তারা।

কয়েকজন অভিবাসীর ভাষ্য, গুলিতে অনেকের অঙ্গহানীও হয়েছে। এছাড়া গুলিতে নিহতদের অনেকের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেছেন অভিবাসীরা।

এর আগে এসব হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছে সৌদি। ‘বৃষ্টির মতো তারা আমাদের ওপর গুলি চালিয়েছে’ এই শিরোনামে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদনে কয়েকজন অভিবাসীর রোমহর্ষক অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে। অভিবাসীরা বলেছেন, তাদের ওপর গুলি করা হয়েছে এবং বিস্ফোরক অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সৌদির পুলিশ ও সেনারা। এসব ঘটনা ঘটেছে ইয়েমেনের উঁচুনিচু দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায়।

অভিবাসীরা জানিয়েছেন, রাতের বেলা তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়েছিলেন। ওই সময় ইথিওপিয়ার অসংখ্য অভিবাসন প্রত্যাশীদের ওপর নির্বিচারে গুলি ছোড়া হয়। যখন গুলি চালানো হয় তখন সেখানে নারী ও শিশুও ছিল। তারা মূলত তেল সমৃদ্ধ সৌদিতে কাজের উদ্দেশ্যে প্রবেশ করতে চেয়েছিলেন।

এম.কে
২১ আগস্ট ২০২৩

Categories
প্রবাসে বাংলাদেশ শীর্ষ খবর

যুক্তরাজ্যে সন্তান জন্মদানে ষষ্ঠ স্থানে বাংলাদেশিরা

দেশের বাইরে জন্ম নেওয়া মা‌য়ে‌রা জন্ম দিচ্ছেন যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ শিশু। নবজাতকদের মা ও বাবার দু‌টি তা‌লিকায় শীর্ষ দ‌শের মধ্যে ষষ্ঠ‌ স্থা‌নে রয়েছেন বাংলাদেশিরা। ২০২২ সালে বাংলাদেশি মায়েদের গর্ভে নেওয়া নবজাতকের সংখ্যা ৭ হাজার ৭ জন।

ন‌্যাশনাল অফিস ফর স্ট্যাটিসটিকসের (ওএনএস) সর্বশেষ ত‌থ্যে জানা গে‌ছে, ২০২২ সা‌লে ব্রিটে‌নে জন্ম না নেওয়া মা‌য়ে‌দের গ‌র্ভে জন্ম হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩০৯ নবজাত‌কের। এ তা‌লিকায় আফগানিস্তানকে পেছ‌নে ফে‌লে ভারত এখন সবার শী‌র্ষে। এরপ‌রেই আছে পা‌কিস্তান ও রোমা‌নিয়া।

ওএনএস-এর নতুন তথ্য থেকে জানা গেছে, ব্রিটে‌নের বাইরে জন্ম নেওয়া মা‌য়ে‌দের সন্তান জন্মদা‌নের সংখ‌্যা ২০২১ সালে ছিল ১ লাখ ৭৯ হাজার ৭২৬। ২০২২ সা‌লে তা বে‌ড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩০৯ জ‌ন।

বিপরীতে, ইংল্যান্ড এবং ওয়েলসে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী নারীদের সন্তান জন্মদানের সংখ‌্যা ২০২১ সা‌লে ৪ লাখ ৪৫ হাজার ৫৫ থাক‌লেও ২০২২ সা‌লে তা কমে হয়েছে ৪ লাখ ২২ হাজার ১০৯।

পরিসংখ্যানে দেখা গে‌ছে, গত বছর লন্ডনে জন্ম নেওয়া দুই-তৃতীয়াংশ নবজাত‌কের (৬৬.৫ শতাংশ) পিতামাতার একজন বা উভয়েই যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছিলেন।

এর আগে এক গবেষণায় দেখা গেছে, ব্রিটে‌নে সব‌চে‌য়ে বে‌শি বিয়ের হার বাংলা‌দেশি ক‌মিউনি‌টিতে। শ্বেতাঙ্গ ব্রিটিশ‌দের তুলনায় বাংলা‌দেশি ক‌মিউনি‌টিতে বি‌য়ের হার ৪৫ গুণ বে‌শি। আর দেশ‌টি‌তে বসবাসরত ক‌্যা‌রি‌বীয় অশ্বেতাঙ্গদের তুলনায় এই হার ৭১ গুণ বে‌শি।

এম.কে
২১ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

হিলারির আঘাতে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া

হিলারি আসছে আঘাত করতে ক্যালিফোর্নিয়ায় তা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘হিলারি’ রোববার মেক্সিকো থেকে ধেয়ে এসে ক্যালিফোর্নিয়ার উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। যুক্তরাষ্টের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় ব্যাপক প্রাণহানির ও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।

ইতোমধ্যেই উপকূলীয় জনগণকে নিরাপদস্থানে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ ক্যালিফোর্নিয়ার ওজাই শহরের কাছে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প ও অনুভূত হয়েছে। তবে ঘূর্ণিঝড় ও ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রোববার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া থেকে হিলারি ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে উপদ্বীপের দিকে ধেয়ে আসছিল। রোববার বিকেলে ঘণ্টায় ৬০ মাইল বেগে ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ‘সোমবার পর্যন্ত বাজা ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের কিছু অংশে বিপর্যয়ের এবং প্রাণনাশের সতর্কতা জারি করা হয়েছে।’

লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস সতর্ক করেছেন, ‘এটি একটি নজিরবিহীন আবহাওয়ার ঘটনা। সমুদ্র সৈকতগুলো আগে থেকেই বন্ধ করে দেয়ার এবং লোকজনকে প্রয়োজনীয় পানি ও শুকনো খাবার মজুত রাখার ও নির্দেশ দেয়া হয়েছিল। কিছু এলাকায় আকস্মিক বন্যা এমনকি টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।’

এম.কে
২১ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

হ্যারির সঙ্গে বিচ্ছেদের পথে এগুচ্ছেন ম্যাগান

মেগান মার্কেল কৌশলে প্রিন্স হ্যারির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। এমনটা দাবি করেছেন রাজকীয় জীবনী লেখক ও বিশ্লেষক অ্যাঞ্জেলা লেভিন।

আমেরিকান মডেল বেলা হাদিদের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিশেষজ্ঞ প্রিন্স হ্যারি সম্পর্কে মেগান মার্কেলের এমন উদ্দেশ্যের কথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রিন্স হ্যারির স্ত্রী হওয়ার পর মেগান মার্কেলকে অনেক বেদনা সইতে হয়েছে। সেই কথা বিবেচনা করেই তিনি ভবিষ্যতের পরিকল্পনা করছেন।

ওই লেখক জানান, অতীতে নানাভাবে অপমানিত হয়েছেন মেগান মার্কেল। তিনি বলেন, বিশেষ করে রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু এবং রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সময় চরমভাবে অপমান করা হয়েছে মেগান মার্কেলকে।

মিস লেভিন দাবি করেন, মেগান মার্কেল হুট করে বিচ্ছেদ না ঘটিয়ে ধীরে ধীরে এগোচ্ছেন।

এম.কে
২১ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

একবিংশ শতাব্দীতে ১৮ শতকের জীবন কাটাচ্ছে যুক্তরাজ্যের লাখের উপর শিশু

একবিংশ শতাব্দীতে থেকেও ১৮ শতকের জীবন কাটাচ্ছে যুক্তরাজ্যের ১ লাখ ২০ হাজার শিশু।’ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত দাতব্য সংস্থা ‘বাটল ইউকে’র এক জরিপে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে।

জ্বালানি, খাদ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে জীবনযাত্রার মানে ভয়ংকর পতন ঘটেছে যুক্তরাজ্যে। বিশেষ করে ব্রিটেনের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত সমাজে। ফলে দারিদ্র্যসীমার চরম নিচে পড়ে মানবেতর দিন কাটছে এসব পরিবারের প্রায় ১ লাখ ২০ হাজার শিশুর।

ক্ষুধার পাশাপাশি বাড়ছে তাদের মানসিক চাপও। প্রায় দুই-তৃতীয়াংশ পরিবারই শিশুদের মৌলিক চাহিদাগুলোই পূরণ করতে পারছে না। দৈনন্দিন খাবার, বাসাভাড়া, ইন্টারনেট সুবিধা এমনকি ঘরের জন্য বাতিও কিনতে পারছে না কেউ কেউ। ক্ষুধার্ত, দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশে ক্লান্ত শিশুরা শ্রেণিকক্ষে মন দিতে পারছে না।

সঙ্গত কারণেই চরম ব্যাঘাত ঘটছে তাদের পড়ালেখায়। নতুন প্রজন্মের এমন বেহালে দেশটির ‘ভবিষ্যৎ অন্ধকার’ বলেও মন্তব্য করা হয়েছে জরিপটিতে।

যুক্তরাজ্যের মতো উন্নত দেশে ২০২৩ সালে এমন করুণ পরিস্থিতি অবিশ্বাস্য। ১,২৪০ জন কর্মী-কর্মকর্তার এই জরিপে দেখা যায়, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং উত্তর স্কটল্যান্ড জুড়ে প্রায় ৬০ শতাংশ শিশু অত্যন্ত দারিদ্র্যে দিন কাটাচ্ছে। জরিপের এক কর্মকর্তা জানান, কিছু কিছু শিশু জানিয়েছে-স্কুলে তাদের কোনো বন্ধু নেই এবং বাইরের কোনো আগ্রহ নেই। তারা একটি ঠান্ডা, অন্ধকার বাড়িতে সময় কাটায়। যখন আমি এ কথাগুলো শুনছিলাম তখন ১৮০০ সালের গল্পের মতো লাগছিল। এটা মেনে নেওয়া কষ্টকর যে, যুক্তরাজ্যে ২০২৩ সালে এমন শিশুরা বাস করছে।’

বাটল ইউকে-এর প্রধান নির্বাহী জোসেফ হাউস বলেছেন, ‘শিশু ও যুবক-যুবতীদের মধ্যে ক্রমবর্ধমান বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক। তবে লাখ লাখ শিশুকে দারিদ্র্যের ধ্বংসাত্মক কবল থেকে বের করে আনতে এখনই পরিবর্তন আনা প্রয়োজন।’

একজন সরকারি মুখপাত্র বলেছেন, ‘২০১০ সাল থেকে দারিদ্র্যের মধ্যে ৪০০,০০০ কম শিশু বাস করছে। তবে আমরা জানি মুদ্রাস্ফীতির পরিবারের বাজেটকে চাপের মুখে ফেলছে।’

প্রতিবেদন জানা যায়, প্রায় ৫৭ শতাংশ পরিবার পর্যাপ্ত খাদ্য ও পুষ্টির অভাবে ভুগছে। গ্যাস এবং বিদ্যুতের সামর্থ্য নেই ৫৮ শতাংশ পরিবারের। মৌলিক আসবাবপত্র যেমন-বেড, সোফা এবং যন্ত্রপাতির নেই ৬৩ শতাংশ মানুষের শিক্ষা বা কর্মসংস্থানের জন্য আইটি সরঞ্জাম নেই ৬৫ শতাংশ বাড়িতে এবং কিছু ৪৯ শতাংশ পরিবার তাদের বাসাভাড়া বহন করতে সক্ষম নয়।

 

এম.কে

২১ আগস্ট ২০২৩

Categories
ইউরোপ শীর্ষ খবর

৮ বছরে ইইউতে গোল্ডেন ভিসায় নাগরিক হয়েছেন ১ লাখ ৩২ হাজার অভিবাসী

২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ইউরোপীয় রেসিডেন্সি এবং সিটিজেনশিপ ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা গোল্ডন ভিসার আওতায় এক লাখ ৩২ হাজারেরও বেশি অভিবাসী ইইউভুক্ত দেশগুলোতে নাগরিকত্ব পেয়েছেন৷ অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷

ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পর্তুগাল, গ্রিস, ইটালি এবং স্পেনের মতো ইউরোপীয় দেশগুলোতে রেসিডেন্সি এবং সিটিজেনশিপ ইনভেস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক লাখ ৩২ হাজারেরও বেশি অভিবাসী নাগরিকত্ব পেয়েছেন।

এছাড়া ২০২২ সালে পর্তুগাল কর্তৃপক্ষ এক হাজার ২১৮টি গোল্ডেন ভিসা জারি করেছে। চলতি বছররে প্রথম ছয় মাসে দেশটির কাছে আরও ৮৬১টি আবেদন জমা পড়ে৷ গত বছরের একই সময়ে সংখ্যাটি ছিল ৬২৪৷

গ্রিস ২০২২ সালে মোট চার হাজার ৩৬৫টি গোল্ডেন ভিসার আবেদন পেয়েছে। যার মধ্যে দুই হাজার ৪৩২টি আবেদন বছরের শেষ প্রান্তিকে জমা পড়েছে।

ইটালিতে গত বছর ৭৯টি গোল্ডেন ভিসা মঞ্জুর করা হয়েছে। এসব ব্যক্তিদের বেশিরভাগই রাশিয়ান, অ্যামেরিকান এবং ব্রিটিশ নাগরিক। এই সংখ্যাটি আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

অপরদিকে, স্প্যানিশ কর্তৃপক্ষ গত বছর মোট দুই হাজার ৪৬২টি গোল্ডেন ভিসা মঞ্জুর করেছে। যা ২০২১ সালের পরিসংখ্যানের তুলনায় ৬০ শতাংশ বেশি।

ইইউভুক্ত দেশ আয়ারল্যান্ড ২০২২ সালে গোল্ডেন ভিসা প্রোগ্রামের জন্য এক হাজার ১৬টি আবেদন পেয়েছিল। পাশাপাশি দেশটি ২০২৩ সালের জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত এক হাজার ৩৫০টি আবেদন নথিভুক্ত করা হয়েছিল।

ইইউতে গোল্ডেন ভিসা কার্যক্রমের ভবিষ্যত অনিশ্চিত। পর্তুগালসহ অনেক দেশ ইতিমধ্যে এ ধরনের ভিসার ওপর কড়াকড়ি আরোপ করা শুরু করেছে।

যার ফলে গোল্ডেন ভিসায় আগ্রহীদের অনেকেই ডিজিটাল চাকুরি ভিসার মতো বিকল্প পথের দিকে আগ্রহী হচ্ছেন। বাসা থেকে কাজ করতে সক্ষম ব্যক্তিদের জন্য স্পেন ডিজিটাল ভিসা কার্যক্রম চালু করেছে।

এদিকে, গোল্ডেন ভিসা কার্যক্রম বন্ধ কর দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন৷

গোল্ডেন ভিসা এবং গোল্ডেন পাসপোর্ট প্রোগ্রামের মাধ্যমে মূলত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ এবং অন্যান্য শর্তপূরণ করার মধ্য দিয়ে একজন বিদেশিকে বসবাস ও নাগরিকত্বের অধিকার দেয়া হয়৷

তবে এই ধরনের রেসিডেন্সি এবং নাগরিকত্বের ভবিষ্যত অনেকটাই অনিশ্চিত৷ কারণ এই প্রোগ্রামগুলো মাধ্যমে অর্থ পাচারকারী এবং দুর্নীতিগ্রস্তদের সুবিধা দেয়া হয় বলে অভিযোগ রয়েছে৷

‘‘সাইপ্রাস পেপারস’’ নামের একটি বহুল আলোচিত অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, যেসব দেশ গোল্ডেন ভিসা প্রোগ্রামটি বন্ধ করতে বাধ্য হয়েছিল তাদের মধ্যে সাইপ্রাস অন্যতম। দেশটি এই প্রোগ্রামের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি বেআইনি বিষয়ের প্রমাণ পেয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড ঘোষণা করেছে, তারা বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামটির মাধ্যমে আর কোন আবেদন গ্রহণ করবেন না। একই মাসে আবাসন সংকটের কারণে পর্তুগালও গোল্ডেন ভিসা প্রোগ্রামের মাধ্যমে বসবাসের দুটি রুট বন্ধ ঘোষণা করেছে।

আয়ারল্যান্ড এবং পর্তুগালের সিদ্ধান্তের পর ধনী বিদেশি অভিবাসীরা গ্রিস এবং স্পেনের মতো অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন।

এম.কে
২১ আগস্ট ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

সিঙ্গাপুরে বিপুল অর্থ সম্পদসহ ১০ বিদেশি গ্রেফতার

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে মুদ্রা পাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। অভিযানে ১০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ১০০ কোটি সিঙ্গাপুরিয়ান ডলারের সম্পদও জব্দ করেছে পুলিশ।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্বের বিভিন্ন বার্তাসংস্থা।

প্রতিবেদনে বলা হয়েছে, মানি লন্ডারিং এবং জালিয়াতি অপরাধের অভিযোগে ১০০ কোটি সিঙ্গাপুরিয়ান ডলার বা ৭৩৭ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করার পাশাপাশি নারীসহ ১০ বিদেশিকে গ্রেপ্তার করে সিঙ্গাপুরের পুলিশ। জব্দকৃত সম্পদের মধ্যে নগদ অর্থ, সম্পত্তি, বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য সম্পদও রয়েছে।

বুধবার দেওয়া সিঙ্গাপুর পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পুলিশ গত মঙ্গলবার দেশটিজুড়ে একযোগে অভিযান চালায়।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত এই সব বিদেশিদের বয়স ৩১ বছর থেকে ৪৪ বছরের মধ্যে এবং তাদের মধ্যে চীনা, তুর্কি, সাইপ্রাস, কম্বোডিয়ান এবং নি-ভানুয়াতুর নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে জালিয়াতি, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এছাড়া বিদেশিদের এই দলটি ভালো মানের বাংলো ও উন্নত কনডোমিনিয়ামে থাকতেন। তাদের সবারই বিলাসবহুল গাড়িও আছে।

সংবাদমাধ্যম জানায়, ৯৪টি সম্পত্তি এবং ৫০টি গাড়ির মালিকানাও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যার মোট আনুমানিক মূল্য ৮১৫ মিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলারেরও বেশি। তদন্তের জন্য এবং অর্থপাচার রোধে পুলিশ ৩৫টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। যার আনুমানিক মূল্য ১১০ মিলিয়ন ডলারের বেশি।

এছাড়া ২৩ মিলিয়নের বেশি নগদ অর্থ, ২৫০টিরও বেশি বিলাসবহুল ব্যাগ এবং ঘড়ি, কম্পিউটার এবং মোবাইল ফোনের মতো ১২০টিরও বেশি ইলেকট্রনিক ডিভাইস, ২৭০টিরও বেশি গয়না, দু’টি সোনার বার এবং ভার্চুয়াল সম্পদের তথ্যসহ ১১টি নথি জব্দ করা হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সাইপ্রাসের নাগরিক রয়েছেন। ৪০ বছর বয়সী এই ব্যক্তি সিঙ্গাপুরের বুকিত তিমাহের ইওয়ার্ট পার্কের জিসিবিতে বসবাস করতেন। পুলিশ অভিযান চালাতে গেলে তিনি দ্বিতীয় তলা থেকে নিচে লাফ দেন এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

গ্রেপ্তারকৃত এই ব্যক্তির কাছে চীন এবং কম্বোডিয়া থেকে ইস্যু করা বিদেশি পাসপোর্ট ছিল বলে অভিযোগ রয়েছে।

সিঙ্গাপুরের কমার্শিয়াল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডিরেক্টর ডেভিড চিউ বলেছেন, সিঙ্গাপুরকে এই ধরনের অপরাধের কেন্দ্র হওয়া থেকে রক্ষা করতে পুলিশ আইন প্রয়োগকারী সংস্থা এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের সঙ্গে কাজ করবে।

অপরাধীরা সিঙ্গাপুরকে তাদের আশ্রয়স্থল বানাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে পৃথক এক বিবৃতিতে সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘যেসব আর্থিক প্রতিষ্ঠানে (এফআই) দুর্নীতি ও জালিয়াতির তববিল চিহ্নিত হয়েছে, সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে তারা। একইসঙ্গে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তদারকির কাজও চলছে।’

তবে ওই বিবৃতিতে নির্দিষ্ট কোনও আর্থিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেনি সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক।

এম.কে
২০ আগস্ট ২০২৩

Categories
বাংলাদেশ শীর্ষ খবর

এমএলএম এমটিএফই বন্ধ, চলে গেলো কয়েক হাজার কোটি টাকা

আবারও এমএলএম কোম্পানির প্রতারণায় জড়িয়ে সর্বস্বান্ত হলো বাংলাদেশের লক্ষাধিক যুবক। হঠাৎ করে বন্ধ হয়ে গেছে অবৈধ অনলাইন গ্যাম্বলিং ক্রিপ্টো ট্রেডিং করা এমএলএম কোম্পানি এমটিএফই।

ধারণা করা হচ্ছে, এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে অন্তত ২০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। একইসঙ্গে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিদেশি একটা অ্যাপের ফাঁদে অনলাইনে বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন হাজারও মানুষ।

দুবাইভিত্তিক এই প্রতিষ্ঠানটি মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম পঞ্জি মডেলে ব্যবসা করতো। ভারত ও বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী ছিল। তবে অধিকাংশই বাংলাদেশি বিনিয়োগকারী বলে অভিমত সাইবার বিশ্লেষকদের।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন একাধিক সাইবার বিশ্লেষক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।

একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, অনেকদিন থেকেই আমরা এই প্ল্যাটফর্মটি নিয়ে সতর্কতা দিয়ে আসছিলাম। কিন্তু মানুষ লোভের ফাঁদে পড়ে এখানে টাকা দিচ্ছিল। তিন দিন আগে জানতে পারি যে, এখানে যারা টাকা দিচ্ছিলেন তারা আর টাকা উঠাতে পারছিলেন না। আজ পুরোপুরিভাবে এমটিএফই তাদের সিস্টেম বন্ধ করে দিয়েছে।

জানা গেছে, অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা টাকা নিতো। পরে স্থানীয় এজেন্টরা সেটি বাইরে পাচার করতো। বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের মুনাফার লোভ দেখিয়ে টার্গেট করা হতো।

উল্লেখ্য যে, সাধারণ বিনিয়োগকারীদের জন্য ‌এই কোম্পানির লেনদেন বা ট্রেড হতো সপ্তাহে ৫ দিন বাংলাদেশি সময় রাত ৭ থেকে রাত ১টা পর্যন্ত। সোমবার থেকে শুক্রবার সাধারণ বিনিয়োগকারীদের ট্রেড হলেও সিইওদের জন্য লেনদেন হতো শনিবারসহ সপ্তাহে ৬ দিন। রবিবার বন্ধ থাকতো।

এম.কে
২০ আগস্ট ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে লোভনীয় ভিসায় আবেদন করেছেন ২ বছরে মাত্র ৩ জন

শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও প্রযুক্তি খাতের সেরা মেধাবিদের জন্য যুক্তরাজ্য গ্লোবাল ট্যালেন্ট ভিসা দিচ্ছে। কিন্তু, চালুর পর থেকেই অনাকাঙ্ক্ষিত কিছু প্রতিকূলতায় পড়েছে এই উদ্যোগ। নোবেল, অস্কার ও গ্র্যামিজয়ীদের যুক্তরাজ্যে আকর্ষণের লক্ষ্য থাকলেও- এর সুযোগ নিতে আগ্রহ বেশ কমই দেখা যাচ্ছে। গত দুই বছরে এ ভিসার জন্য আবেদন করেছেন মাত্র তিনজন।

ভিসার সুযোগ এত কম ব্যক্তি নেওয়ায়– যুক্তরাজ্যের এই মেধা আকর্ষণের কৌশল প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্ববিখ্যাতদের যুক্তরাজ্যে আনার বিশেষ এ প্রচেষ্টা আদৌ কতোটা কার্যকর বা প্রত্যাশা পূরণে ব্যর্থ কি-না উঠছে সে প্রশ্ন।

দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ২০২১ সালে এই ভিসা সুবিধার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, ‘এসব পুরস্কারজয়ীরা তাদের ক্যারিয়ারের শিখরে পৌঁছেছেন, যুক্তরাজ্যকে তারা অনেক কিছুই দিতে পারবেন। ভিসা নীতিতে গুরুত্বপূর্ণ এসব পরিবর্তনের ফলে- তারা এদেশে আসার স্বাধীনতা পাবেন। আমাদের বিশ্বমানের শিল্পকলা, বিজ্ঞান, সঙ্গীত ও চলচ্চিত্র শিল্পে কাজ করতে পারবেন– যা আমরা আরো উন্নত করার চেষ্টা করছি।’

গবেষণা ও অর্থায়নের বৈশ্বিক তথ্য তুলে ধরে ব্রিটিশ সংবাদমাধ্যম, চলতি সপ্তাহে এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের এই ভিসা স্কিমে দুই বছরে মাত্র তিনজন আবেদন করেছে। এদের মধ্যে দুজন ২০২২ সালে এবং অপরজনকে ২০২৩ সালে ভিসা দেওয়া হয়েছে।

লন্ডন-ভিত্তিক একজন অভিবাসন আইনি পরামর্শক বলেন, যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা এদেশে স্থায়ীভাবে বসবাসের সবচেয়ে দ্রুততম উপায়। অস্কার, গ্রামি ও নোবেল জয়ীদের জন্য যা চালু করা হলেও – সেখানে অণু-পরিমাণ আগ্রহের ঘটনা সত্যিই বিস্ময়কর।

কেন এই সুযোগ নেওয়ার আগ্রহ কম বিখ্যাতজনদের তার ব্যাখ্য দিয়ে তিনি বলেন, ‘দ্রুত সময়ে ভিসার এই সুযোগ খুবই সীমিতসংখ্যক এক বিশেষ শ্রেণির মানুষের জন্য, যাদের বেশিরভাগেরই অনন্য মেধা, দক্ষতা তো আছে, চাইলেই তারা বিশ্বের যেকোনো দেশে যাওয়ার বা কাজের সুযোগ পান। তাই এই ভিসায় আগ্রহ লোকেদের কম।

এম.কে
২০ আগস্ট ২০২৩