Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

জুনিয়র চিকিৎসকের ধর্মঘট, হুমকিতে ব্রিটেনের স্বাস্থ্যসেবা

যুক্তরাজ্যের রাষ্ট্রীয় অর্থায়িত ন্যাশনাল হেলথ সার্ভিস তার ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটের মুখে পড়তে যাচ্ছে। বেতন বাড়ানোর দাবিতে দেশটির জুনিয়র চিকিৎসকরা স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে। এতে স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুনিয়র চিকিৎসকদের ইউনিয়ন ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ৩৫ শতাংশ বেতনবৃদ্ধি চান। স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে বেতন সংক্রান্ত ভালো প্রস্তাব দিলে তারা এই ধর্মঘটের পথে যেতেন না। বার্কলে বলেছেন, ইউনিয়নের এই দাবি অযৌক্তিক।
চলতি বছর বিভিন্ন ক্ষেত্রের সরকারি কর্মীরা যুক্তরাজ্যে ধর্মঘটের ডাক দিয়েছে। জানুয়ারিতে নার্সরা ধর্মঘট করেন। অ্যাম্বুলেন্স কর্মী, শিক্ষক, বাসচালক, ডাক কর্মীরা ফেব্রুয়ারিতে ধর্মঘট করেছেন। সবার দাবিও এক। মুদ্রাস্ফীতির কারনে বেতন বাড়াতে হবে।
জুনিয়রদের ধর্মঘটের রেশ কাটতে না কাটতেই ইংল্যান্ডের হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা ধর্মঘটে যাচ্ছেন। ২০ জুলাই থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছেন তারা। ২৫ জুলাই থেকে একই পথে হাঁটবেন রেডিওগ্রাফাররা।
এম.কে
১৩ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

জানা গেলো কেলেঙ্কারির কেন্দ্রে থাকা বিবিসি উপস্থাপকের নাম

আপত্তিকর ছবিকে কেন্দ্র করে বিবিসির যে উপস্থাপককে নিয়ে গত কয়েকদিন ধরে যে নানা অনুমান ও জল্পনা-কল্পনা চলছিল, শেষ পর্যন্ত তার নাম প্রকাশ পেয়েছে। তিনি হলেন ব্রিটেনের অন্যতম হাই প্রোফাইল উপস্থাপক হিউ এডওয়ার্ডস।
যে কোন বড় জাতীয় ঘটনার খবরের প্রধান পরিবেশনায় বিবিসির প্রথম পছন্দ হিসেবে কাজ করে আসছিলেন তিনি, অর্থাৎ বিবিসির কাছে তার গুরুত্ব অনেক।
দর্শকদের কাছে বিশ্বস্ত হিউ এডওয়ার্ডস পর্দায় তার শান্ত ও বিশ্বাসযোগ্য সংবাদ উপস্থাপনার খ্যাতি গত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তৈরি করেছেন।
তিনি গত বুধবার এডিনবরা থেকে রাজা চার্লসকে স্বাগত জানাতে স্কটল্যান্ডের প্রস্তুতি নিয়ে সংবাদ পরিবেশনা করছিলেন, যেটি এই স্ক্যান্ডাল আলোচনায় আসার আগে বিবিসি নিউজে ছিল তার শেষবার অন এয়ারে থাকা। এরপর এক সপ্তাহের মধ্যেই ৬১ বছর বয়সী এই ব্রডকাস্টারের ক্যারিয়ারই পড়ে গেল ভয়াবহ চাপের মুখে, যখন তার স্ত্রী এক বিবৃতিতে এই বিবিসি প্রেজেন্টারের নাম প্রকাশ করে জানালেন তিনি এক বড়সড় মানহানিকর অভিযোগের মুখে পড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দাবি করেছে যে তিনি যৌন উত্তেজক ছবির জন্য অল্প বয়সী একজনকে অর্থ প্রদান করেছেন। পুলিশ বলছে, এডওয়ার্ডসের বিরুদ্ধে কোনো পুলিশি পদক্ষেপ নেয়া হবে না।
তার স্ত্রী ভিকি ফ্লিন্ড জানিয়েছেন বর্তমানে হিউ এডওয়ার্ডস ‘মারাত্মক মানসিক স্বাস্থ্যগত সমস্যা’ নিয়ে হাসপাতালে আছেন। তিনি যথেষ্ট সুস্থ হয়ে উঠলে নিজেই এ সমস্ত অভিযোগের জবাব দেবেন।
উল্লেখ্য যে, হিউ এডওয়ার্ডস ১৯৮৪ সালে ট্রেইনি হিসেবে বিবিসি নিউজে যোগদান করেন এবং সেখান থেকে বিবিসি ওয়েলসে রাজনৈতিক রিপোর্টার হিসেবে চাকরি পাকা করেন। আর এর দুই বছরের মাথায় তিনি বিবিসি ওয়েলসের পার্লামেন্ট বিষয়ক সংবাদদাতায় পরিণত হন।
এম.কে
১৩ জুলাই ২০২৩
Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

আমরা আমাজন নইঃ ইউক্রেনকে বলেছে যুক্তরাজ্য

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতি আরও সাহায্যের অনুরোধ জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কোটি কোটি ডলারের অস্ত্র সহযোগিতা পাওয়ার জন্য আরও কৃতজ্ঞতা প্রকাশে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী এ প্রসঙ্গে গত বছরের একটি ঘটনা স্মরণ করেছেন। সে সময় ইউক্রেনের কাছ থেকে আরও অস্ত্র সহায়তার জন্য নতুন তালিকা পেয়েছিলেন। জবাবে বেন ওয়ালেস বলেছিলেন, ‘আমরা আমাজন নই।’

তবে ইউক্রেনিয়ানদের যুদ্ধকে ‘মহান লড়াই’ অভিহিত করে বেন ওয়ালেস বলেছেন, ‘তারা শুধু নিজেদের জন্য নয়, আমাদের স্বাধীনতার জন্যও লড়ছে।’

এই সম্মেলনে ন্যাটো জোটে ইউক্রেনের যোগদানের বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করায় ইউক্রেনের প্রেসিডেন্ট হতাশা প্রকাশ করেন। এরপর ইউক্রেনের অস্ত্র সহায়তার অনুরোধ এবং জবাবে ওই কথা বলার বিষয়টি উল্লেখ করেন বেন ওয়ালেস।

সাংবাদিকদের ব্রিফিংয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনের এটা মনে রাখা দরকার যে তারা দেশগুলোকে নিজেদের মজুত খালি করে অস্ত্র দেওয়ার অনুরোধ করছে। তিনি বলেন, ‘এখানে ছোট একটা বিষয় আছে, তা আমরা পছন্দ করি আর না করি, সেটা হলো এ জন্য মানুষ কৃতজ্ঞতা দেখতে চায়।’

এম.কে
১৩ জুলাই ২০২৩

← Back

Thank you for your response. ✨

Categories
আন্তর্জাতিক

ভারতের চিপ প্রকল্পে থাকছে না ফক্সকন

তাইওয়ানের ইলেকট্রনিক-সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন ভারতের বেদান্ত লিমিটেডের সঙ্গে যৌথভাবে সেমিকন্ডাক্টর বা চিপ কারখানা করার প্রকল্প হতে সরে এসেছে। প্রায় ১ হাজার ৯৫০ কোটি ডলারের প্রকল্প থেকে সরে আসার কথা বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

এ প্রকল্প নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ উচ্ছ্বসিত ছিলেন।

বিশ্বে সবচেয়ে বড় ইলেকট্রনিক-সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন গত বছর বেদান্তের সঙ্গে চিপ তৈরির জন্য চুক্তি করেছিল। এ জন্য তারা নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটকে বেছে নিয়েছিল। ফক্সকন এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের এই সেমিকন্ডাক্টর প্রকল্পে তারা থাকছে না। ফক্সকন এ যৌথ উদ্যোগ থেকে তাদের নাম প্রত্যাহার করার কাজ শুরু করেছে।

বেদান্তের সঙ্গে যৌথ উদ্যোগে এ কারখানা নির্মাণে ফক্সকনের যে প্রণোদনা পাওয়ার কথা ছিল, ভারতের কেন্দ্রীয় সরকার তা ছাড় করতে দেরি করায় ফক্সকন এ প্রকল্প থেকে সরে আসছে। প্রতিষ্ঠানটি ব্যয়ের যে হিসাব করে প্রণোদনার জন্য সরকারের কাছে আবেদন করেছিল, নয়াদিল্লি তা নিয়ে আপত্তি জানিয়েছিল। সেই আপত্তি শেষমেশ নিষ্পত্তি না হওয়ায় ফক্সকন এ প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এতে ভারতের চিপ নির্মাণের আকাঙ্খা বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতের তথ্যপ্রযুক্তি উপমন্ত্রী রাজিব চন্দ্রশেখর বলেন, ফক্সকনের এ সিদ্ধান্তে ভারতের চিপ নির্মাণের পরিকল্পনায় প্রভাব ফেলবে না। ফক্সকন ও বেদান্ত উভয়েই ভারতের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী। সেই সঙ্গে বেসরকারি খাতের কোনো কোম্পানি কার সঙ্গে জুটি বাঁধবে বা জুটি ভাঙবে, তার মধ্যে নাক গলানো সরকারের কাজ নয়।

ফক্সকন মূলত আইফোন ও অ্যাপলের অন্যান্য পণ্য তৈরির জন্য বিখ্যাত। তবে কয়েক বছর ধরে তারা চিপও তৈরি করে যাচ্ছে।

এম.কে
১২ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে নবজাতকদের চিকিৎসা পদ্ধতি চলছে মান্ধাতার আমলের ব্যবস্থায়

এনএইচএস রেস অ্যান্ড হেলথ অবজারভেটরি অনুসারে নবজাতক শিশুদের স্বাস্থ্যের মূল্যায়ন পরীক্ষাগুলি শেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, এশিয়ান কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ভিন্ন ভিন্ন হওয়া উচিত। বর্তমান নবজাতক স্বাস্থ্যসেবা সংখ্যালঘুদের জন্য  কার্যকর নয় এবং এটি প্রতিস্থাপন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
যুক্তরাজ্যে, কালো এবং এশিয়ান নবজাতকদের মৃত্যুর হার শেতাঙ্গ নবজাতকদের তুলনায় অনেক বেশি।
রেস অ্যান্ড হেলথ অবজারভেটরি কর্তৃক কমিশন করা শেফিল্ড হাল্লাম বিশ্ববিদ্যালয়ের নবজাতক পরীক্ষার  পর্যালোচনাতে দেখা গেছে নবজাতকের স্বাস্থ্যের মূল্যায়নের জন্য জন্মের সময় ব্যবহৃত অ্যাপগার স্কোরটি সংখ্যালঘু, এশিয়ান,কৃষ্ণাঙ্গ নবজাতকদের জন্য বিভ্রান্তিকর স্কোর দিতে পারে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন ১৯৫২ সালে পরীক্ষাটি শেতাঙ্গ ইউরোপীয় শিশুদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
অ্যাপগার স্কোরটি জন্মের কয়েক মিনিটের মধ্যে শিশুর ত্বকের স্বর, হার্ট রেট, রিফ্লেক্সেস, পেশীর গঠন  এবং শ্বাস প্রশ্বাসের উপাত্তের উপর নির্ভর করে তৈরি করা হয়।
অ্যাপগার স্কোরটি পরীক্ষা করতে প্রায় ২০০ জন নবজাতক শিশুদের স্বাস্থ্যের মূল্যায়ন সম্পর্কে বিশ্লেষণ করা হয়। গবেষকরা ৩৩ জন স্বাস্থ্যসেবা পেশাদার এবং ২৪ জন পিতামাতার সাক্ষাৎকার গ্রহণ করেন।
গবেষণাকালে তারা দেখতে পান একটি স্বাস্থ্যকর নবজাতকের ত্বকের বর্ণনা লিখে রাখতে গাইডেন্সে গোলাপী, নীল,ফ্যাকাশে’র মতো রংয়ের কথা উল্লেখ থাকলেও কৃষ্ণাঙ্গ বা এশিয়ান নবজাতকদের জন্য অন্যান্য ধরণের বিকল্প রংয়ের কোনো উল্লেখ নেই।
পর্যালোচনাটি হতে গবেষকরা সিদ্ধান্তে উপনীত হন কৃষ্ণাঙ্গ বা এশিয়ান কিংবা সংখ্যালঘু নবজাতকদের ক্ষেত্রে বাচ্চাদের স্বাস্থ্যের পরিস্থিতি বা অসুস্থতার লক্ষণ চিহ্নিত করার সুযোগ না থাকায় সমস্যার সৃষ্টি হতে পারে।
জন্ডিসের মতো রোগ ত্বক এবং চোখের সাদা অংশগুলির হলুদাভ ভাব দেখে চিহ্নিত করা যায়। তাড়াতাড়ি চিহ্নিত করা হলে ফোটোথেরাপির মাধ্যমে চিকিৎসা দ্রুত শুরু করা সম্ভব। দ্রুত চিকিৎসা শুরু না করলে অনেক সময় জন্ডিস হতে খিঁচুনি কিংবা শ্রবণ সমস্যার সৃষ্টি হয়।
রান্নিমেড ট্রাস্টের সহ-প্রধান নির্বাহী ডাঃ শাবনা বেগম বলেছেন, কোনও সন্তানের জন্মের মুহুর্ত থেকেই, কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘু জাতিগত শিশুদের যে স্বাস্থ্যসেবা সরবরাহ করা হয় তা শেতাঙ্গ বা  ইউরোপীয় ব্যবস্থাগুলির উপর ভিত্তি করে ডিজাইন করা। যার ফলে সংখ্যালঘু বা কৃষ্ণাঙ্গ বাচ্চাদের যত্নের ব্যবস্থা অপর্যাপ্ত এবং অনুপযুক্ত।
স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগের একজন মুখপাত্র জানান, “ আমরা একেবারে পরিষ্কার যে প্রসূতি যত্ন সবার জন্য একই মানের হওয়া উচিত। সকলের সমান অধিকার রয়েছে বিধায় এই বিষয়ে যত্নবান হওয়া উচিত।”
এম.কে
১২ জুলাই ২০২৩
Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

জন্মহার বাড়াতে জাপানে নজিরবিহীন প্যাকেজ

জাপান সরকার দেশটিতে জন্মহার বাড়াতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের প্যাকেজের ঘোষণা করেছে সরকার। সরকারের দেয়া প্যাকেজ গ্রহণ করছে না তরুণ-তরুণীরা। তারা বিয়ে কিংবা সন্তান নিতে রাজি নয়। আর এতে দিন দিন উদ্বেগ বাড়ছে জাপান সরকারের।

কারণ যে হারে জনসংখ্যা কমছে তাতে উদ্বিগ্ন হওয়াই কথা। শিক্ষার্থী সংকটে বন্ধ হয়ে যাচ্ছে স্কুল। দেখা দিয়েছে জাপানে জনবল সংকট। অন্যদিকে বিদেশী শ্রমিকের উপর নির্ভরতা বাড়ছে ক্রমাগত। এদিকে সন্তান জন্মদানে জনগণকে উৎসাহিত করতে নজীরবিহীন প্যাকেজ ঘোষণা করেছে জাপান সরকার। সন্তান জন্মদান এবং লালন-পালন বাবদ দেশটির ইতিহাসে সর্বোচ্চ প্রণোদনা ঘোষণা করেছে ফুমিও কিশিদা প্রশাসন।

আগামী তিন বছরের জন্য শিশুর জন্ম ও পালনসংক্রান্ত বার্ষিক বাজেট সাড়ে তিন ট্রিলিয়ন ইয়েনে উত্তীর্ণ করা হয়েছে। সন্তান জন্মদান, লালন-পালন ও শিক্ষা খাতে নানা আর্থিক প্রনোদনা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এছাড়া চাইল্ড কেয়ার ছুটিতে থাকাকালে বাবা-মাদের দেয়া হবে বিশেষ ভাতা। রয়েছে সাপ্তাহিক ছুটি বাড়ানোর পরিকল্পনাও।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, নিম্নমুখী জন্মহার জাপানের সমাজব্যবস্থা ও অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ। বিষয়টি কোনোভাবেই অগ্রাহ্য করার সুযোগ নেই।

এম.কে
১২ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে প্রতি মাসের মর্গেজ বাড়তে পারে ৫০০ পাউন্ড বা তারো বেশি

ব্যাংক অফ ইংল্যান্ড সতর্ক করে দিয়েছে, সারা দেশে প্রায় এক মিলিয়নের বেশি মর্গেজে কেনা প্রপার্টি মালিকদের মাসিক কিস্তি আগামী বছরে প্রায় ৫০০ পাউন্ড বা তারও বেশি বাড়তে পারে।

ব্যাংক বলেছে উচ্চতর সুদের হারের প্রভাবে সারা দেশে অনেক পরিবারের বন্ধকী ঋণের মাসিক কিস্তির এই উচ্চলম্ফন ঘটতে যাচ্ছে।

ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার প্রতিবেদন থেকে জানা যায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্যই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে যা পরিবারগুলোকে চাপের মুখে ফেলেছে।

বছরের শুরুতে বেশিরভাগ অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে ব্যাংকের সরকারী সুদের হার বেড়ে ৫% দাঁড়িয়েছে।

তথ্য উপাত্ত হতে জানা যায়, বন্ধকী ঋণের এই তীব্র চাপ সত্ত্বেও তা ২০০৮ এর অর্থনৈতিক খারাপ পরিস্থিতির চেয়ে ভালো অবস্থায় আছে।

উল্লেখ্য যে, বাজার-ভিত্তিক ফিনান্সের সাথে জড়িত অনেক সংস্থাগুলি ব্যাংক অফ ইংল্যান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তাই ব্যাংক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছে বলে জানা যায়।

এম.কে
১২ জুলাই ২০২৩

 

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ব্রিটিশ রাজার সঙ্গে দেখা করে তালগোল পাকালেন বাইডেন

প্রায়ই নিজের কাজে তালগোল পাকিয়ে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আমেরিকা সফরে গেলে তাকে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করে বসেন তিনি। এবার তালগোল পাকালেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে।

রবিবার ব্রিটেনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এটি ছিল ২৪ ঘণ্টার একটি সংক্ষিপ্ত সফর। রাতটুকু লন্ডনের মার্কিন দূতাবাসে কাটিয়ে পরদিনই ন্যাটো সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফরে তিনি সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে।
সফরসূচির ছোট্ট এই অংশটিতেই ফের তালগোল পাকিয়ে ফেলেন বাইডেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, রাজকীয় প্রোটোকল ভেঙে রাজা তৃতীয় চার্লসকে স্পর্শ করছেন বাইডেন। তার আগে রাজাকে দাঁড় করিয়ে রেখে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বেশ কিছুক্ষণ বাক্যালাপ চালিয়ে যেতে দেখা যায় তাকে।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে উইন্ডসর ক্যাসেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাইডেন অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। এরপর তারা মাঠের অন্যপাশে যেতে হাঁটতে শুরু করেন।

কিন্তু একপর্যায়ে রাজাকে পেছনে দাঁড় করিয়ে রেখে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলতে শুরু করেন বাইডেন। এসময় ব্রিটিশ রাজা বারবার তাকে ফের হাঁটা শুরু করতে তাগাদা দিচ্ছিলেন। কিন্তু ‘দ্বিধান্বিত’ মার্কিন প্রেসিডেন্ট যেন তার কথা বুঝতেই পারছিলেন না।
একপর্যায়ে ওই নিরাপত্তারক্ষীর প্রতি বিরক্তি প্রকাশ করতে দেখা যায় রাজা তৃতীয় চার্লসকে।

এছাড়া পাশাপাশি হাঁটার একপর্যায়ে ৭৪ বছর বয়সী ব্রিটিশ রাজার পিঠে হাত দিয়ে স্পর্শ করেন মার্কিন প্রেসিডেন্ট।
রাজকীয় প্রোটোকল অনুসারে সাধারণত ব্রিটিশ রাজ পরিবারের কাউকে স্পর্শ করা নিষেধ, যদি না তারা নিজ থেকে উদ্যোগী হন।

যদিও বাকিংহাম প্যালেসের একটি সূত্র জানিয়েছে, রাজাকে স্পর্শ করে মার্কিন প্রেসিডেন্ট কোনো প্রোটোকল ভঙ্গ করেননি। এ ঘটনায় রাজা ‘পুরোপুরি স্বস্তিতে’ ছিলেন।

সূত্রের দাবি, রাজার পিঠে বাইডেনের স্পর্শ করার ঘটনাটি ছিল দুই ব্যক্তি ও জাতির মধ্যকার ‘উষ্ণ ও স্নেহপূর্ণ সম্পর্কের দুর্দান্ত প্রতীক’।

এম.কে
১২ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক

রাজনীতি হতে অবসরের ঘোষণা থাই প্রধানমন্ত্রী প্রাউতের

রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচা। মঙ্গলবার তার রাজনৈতিক দল ইউনাইটেড থাই নেশন পার্টির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

২০১৪ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের ক্ষমতায় আসেন সাবেক সেনাপ্রধান প্রাউত চান-ওচা। ৯ বছর ক্ষমতায় থাকার পর এবার দিলেন অবসরের ঘোষণা।
তবে নতুন সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত প্রাউত চান-ওচাই পালন করবেন সরকারপ্রধানের দায়িত্ব।

প্রধানমন্ত্রী প্রাউতের রাজনৈতিক দল ইউনাইটেড থাই নেশন পার্টির বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘এখন থেকে আমি রাজনীতিতে আর থাকছি না। দলের সদস্য থাকছি না।’

এম.কে
১২ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

অষ্টম সন্তানের বাবা হলেন বরিস জনসন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন অষ্টমবারের মতো বাবা হলেন। তার স্ত্রী ক্যারি আজ মঙ্গলবার ইনস্টাগ্রামে নবজাতককে কোলে নিয়ে আছেন, এমন একটি ছবি পোস্ট দিয়ে তিনি এ তথ্য জানান।

ক্যারি জনসন তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ফ্র্যাঙ্ক আলফ্রেড ওডিসিয়াস জনসন, তোমাকে এই পৃথিবীতে স্বাগত। ৫ জুলাই সকাল সোয়া নয়টার দিকে সন্তানের আগমন ঘটে।’ সেখানে তিনি আরও লিখেছেন, ‘আমি আমার ঘুমন্ত সন্তানের প্রতিটি মুহূর্ত উপভোগ করি। ওই সময়টায় তার মুখের বুদবুদ উঠে। আমার বড় দুই সন্তান তাদের ছোট ভাইকে পেয়ে আনন্দ উত্তেজনায় জড়িয়ে ধরে, যা সবচেয়ে সুন্দর দৃশ্য।’

৫৮ বছরের বরিস জনসন ও ৩৫ বছরের ক্যারির ৩ ও ২ বছর বয়সী দুটি সন্তান আছে।
বরিস ও ক্যারির প্রথম সন্তান উইলফ্রেড ২০২০ সালের এপ্রিলে জন্ম নেয়। আর পরের সন্তান মেয়ে রোমির জন্ম হয় ২০২১ সালের ডিসেম্বরে।

কনজারভেটিভ পার্টির সাবেক মিডিয়া উপদেষ্টা ক্যারিকে দুই বছর আগে বিয়ে করেন বরিস।

২০২১ সালের সেপ্টেম্বরে রোমির জন্মের আগে এক সাক্ষাৎকারে বরিস জানিয়েছিলেন, ওই সময় পর্যন্ত তার ছয় সন্তান রয়েছে।

২০২১ সালের মে মাসে এ যুগল বিয়ে করেন। ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। ওই সংসারে বরিসের চারটি সন্তান আছে। এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি কন্যাসন্তান আছে। তবে তার প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই।

এম.কে
১২ জুলাই ২০২৩