Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে ব্যাংক জালিয়াতির ঘটনা বৃদ্ধি পেয়েছে

যুক্তরাজ্যের ব্যাংক এবং বিল্ডিং সোসাইটির কর্মীরা ব্যাংকের গ্রাহকদের টাকা রক্ষা করার জন্য সদা তৎপর থাকা সত্ত্বেও ঘটছে বিভিন্ন জালিয়াতির ঘটনা। জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কয়েক মিলিয়ন পাউন্ড গচ্ছা যাওয়া হতে বাঁচাতে ব্যাংক এবং বিল্ডিং সোসাইটির কর্মীরা সার্বক্ষণিক সহায়তা করেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে প্রকাশ পায়।

ব্যাংকের নতুন নিরাপত্তা ব্যবস্থা ‘ব্যাংকিং প্রোটোকল’ ব্যবহার করে বিভিন্ন জালিয়াতি রুখে দিয়েছেন বলে জানায় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন। কোনো লেনদেনে সন্দেহের উদ্রেক হলে গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও ব্যাংকের কর্মীরা পরিস্থিতির মোকাবেলা করেন এবং ব্যবহার করেন ‘ব্যাংকিং প্রোটোকল’।

জরুরী এই জালিয়াতি বন্ধের পদ্ধতিটি ২০২২ সালে ১১,৬৪৩ বার ব্যবহৃত হয়েছিল। ইউকে ফিনান্স জানায়, এরমধ্যে ৫৫ মিলিয়ন পাউন্ড সমপরিমাণ মূল্যের লেনদেন ছিল যা পুলিশ এবং ব্যাংক কর্মীরা প্রতারণামূলক বলে মনে করে। জালিয়াতির ঘটনায় প্রায় ২০০ জনকেও গ্রেপ্তার করা হয়েছিল।

ব্যাংকিং শিল্পের বাণিজ্য সংস্থা যুক্তরাজ্যের ফিনান্স অনুসারে, ২০১৭ সালে এই ব্যবস্থা চালু হওয়ার পর থেকে প্রোটোকলটি মোট ২৫৮ মিলিয়ন পাউন্ড জালিয়াতি হতে রক্ষা করেছে।

প্রোটোকলটি ব্যবহার করতে সক্ষম হওয়ার জন্য, একজন ব্যাংক কর্মীকে ধারনা করতে হয় কোন লেনদেন সন্দেহজনক। যদিও বেশিরভাগক্ষেত্রে জালিয়াতি অনলাইনে বা ফোনে পরিচালিত হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়।

উল্লেখ্য যে, যুক্তরাজ্যে অন্য কোনো অপরাধের চেয়ে জালিয়াতির শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। গত বছর £১.২ বিলিয়ন অর্থ জালিয়াতি দ্বারা আত্মসাৎ করা হয়েছিল বলেও সংবাদপত্রের তথ্যানুযায়ী জানা যায়।

এম.কে
২৯ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্য সরকার আশ্রয়প্রার্থীদের জন্য হাতে নিতে যাচ্ছে তাঁবু ব্যবস্থাপনা

যুক্তরাজ্যে হোম অফিস এসাইলাম প্রার্থীদের জন্য নিতে যাচ্ছে নতুন সিদ্ধান্ত। তারা তাঁবু কেনার পরিকল্পনা হাতে নিয়েছে বলে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

হোটেলগুলিতে আশ্রয়প্রার্থীদের থাকার ব্যবস্থা এড়ানোর প্রয়াসে পরিকল্পনা করেছেন স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যান। এই পরিকল্পনার অধীনে অব্যবহৃত সামরিক সাইটগুলিতে প্রায় ২,০০০ অভিবাসীর জন্য তাঁবু ব্যবহার করা হতে পারে বলে জানা যায়।

আগস্টে ছোট নৌকায় এসাইলাম প্রার্থীদের জোয়ার মোকাবেলায় হোম অফিস তাঁবুর সিদ্ধান্ত নেয় বলে জানায় হোম অফিসের একজন মুখপাত্র। তবে চিকিৎসা ও অন্যান্য মৌলিক অধিকারের যথাযথ ব্যবস্থা না থাকলেও সমস্যা বাড়তে পারে তাঁবুর কেনা পরিকল্পনার সমালোচকেরা মন্তব্য করেছেন।

ঋষি সুনাকের “নৌকাগুলি থামানোর” ব্রত সত্ত্বেও, এই বছর ইতিমধ্যে ১৪,০০০ এরও বেশি লোক অননুমোদিত উপায়ে বর্ডার ক্রস করে ইউকেতে প্রবেশ করেছে। তাছাড়া গ্রীষ্মকাল বর্ডার ক্রসিংয়ের জন্য সবচেয়ে ব্যস্ততম সময় বলে হোম অফিস মনে করছে বিধায় তারা প্রস্তুতি সম্পন্ন করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়। পরিসংখ্যান অনুযায়ী গত বছর আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরে ছোট নৌকা নিয়ে ৪৭,৭৭৫ জন যুক্তরাজ্যে প্রবেশ করে।

উল্লেখ্য যে, গত গ্রীষ্মে হোম অফিস ম্যানস্টন প্রসেসিং সেন্টারে বেশ কয়েকটি অস্থায়ীভাবে তাঁবু তৈরি করেছিল। একটি প্রাক্তন সেনা ব্যারাকের মাঠে আশ্রয়প্রার্থীরা মেঝেতে ম্যাট বিছিয়ে আশ্রয় নিয়েছিল। যেখানে ছিল না স্বাস্থ্যবিধি সুবিধা কিংবা বিছানাপত্র। যা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হয় কনজারভেটিভ সরকারের।

একটি সরকারী সূত্র সংবাদপত্রকে কানায়, বরিস জনসনের সরকারের অধীনে তাঁবু ব্যবহারের অনুরূপ প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এটি আইনী চ্যালেঞ্জের মুখোমুখি হবার আশঙ্কার কারণে প্রত্যাখ্যান করা হয়।

এম.কে
২৯ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

যুক্তরাজ্যে চিকিৎসা সেবায় জড়িতরা মানসিকভাবে বিপর্যস্ত

সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, শুধু ২০২০ সালেই চিকিৎসাসেবায় জড়িত চিকিৎসক, নার্স ও থেরাপিস্ট অন্তত ৭২ জন আত্মহত্যা করেছেন। এ হিসাবে প্রতি সপ্তাহে গড়ে একজনের বেশি আত্মহত্যা করেছেন। এছাড়া ২০২২ সালে চিকিৎসাক্ষেত্রে জড়িতদের মধ্যে ৩৬০টি আত্মহত্যা চেষ্টার ঘটনাও ঘটেছে।

পরিসংখ্যান আরও বলছে, গড়পড়তায় সাধারণ মানুষের তুলনায় যুক্তরাজ্যের নারী চিকিৎসকদের মধ্যে আত্মহত্যার হার চার গুণ বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যে চিকিৎসা পেশায় জড়িতদের মধ্যে আত্মহত্যার এমন উচ্চহারের জন্য প্রথমেই দায়ী অত্যধিক কাজের চাপ এবং এ থেকে সৃষ্ট বিষণ্নতা। কঠোর নিয়মশৃঙ্খলের এই পেশায় রয়েছে নানা ধরনের প্রতিযোগিতা, দলাদলি, গুন্ডামির মতো বিষয়ও। এ ছাড়া হয়রানি, ঘুমের অভাবজনিত কারণেও কর্মীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

গেইল কিনম্যান নামের এক চিকিৎসাবিজ্ঞানী বলেন, যুক্তরাজ্যে কয়েকজন মাত্র চিকিৎসক, চিকিৎসা উপকরণ ও জনশক্তিও কম। কিন্তু অসীম কাজের চাপ। স্বাস্থ্যকর্মীদের কাঁধে রোগীদের জন্য আত্মত্যাগ ও আপন জীবন উজাড় করার ভার চাপিয়ে দেওয়া হয়।

প্রচণ্ড কাজের চাপে চিকিৎসকরা রোগী বনে যাওয়ার ঘটনাও কম নয়। আর অধিকাংশ ক্ষেত্রে তুলনামূলক জুনিয়র চিকিৎসরাই এ অতিরিক্ত কর্মঘণ্টার শিকার হন। সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কাজ করেও কাজ শেষ করতে পারেন না, এমন নজিরও আছে।

প্রথম বর্ষে শিক্ষার্থী হয়ে হাসপাতালে ভর্তির তিন-চার বছর পর মানসিক রোগী হয়ে চিকিৎসার জন্য একই হাসপাতালের বিছানায় পড়ে থাকার দৃষ্টান্তও রয়েছে।

এক চিকিৎসক জানান, অতিরিক্ত সময় কাজ করেও সিনিয়র ডাক্তারের দেওয়া কাজ শেষ করতে না পারায় শুনতে হয় অকথ্য ভাষায় গালিগালাজ।

এম.কে
২৮ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

এবার গোমূত্র ও গোবর থেকে তৈরি হবে শ্যাম্পু

গোমূত্র থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরি করতে গবেষণা শুরু করেছে ভারতের নামকরা বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি।

এই গবেষণাটির নাম দেয়া হয়েছে সায়েন্টিফিক ক্যারাকটারাইজেশন মেথডস ফর বেটার ইউটিলাইজেশন অব ক্যাটল ডাং অ্যান্ড ইউরিন: এ কনসাইস রিভিউ। সম্প্রতি এটি ‘ট্রপিক্যাল অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন’ (স্প্রিংগার) নামে এক জার্নালে প্রকাশিত হয়েছে। ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে বলে খবর বের হয়েছে ভারতীয় গণমাধ্যমে।

আইআইটির বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় শাখায় গবেষণাটি পরিচালিত হয়েছে। এই গবেষণা সফল হলে গ্রামীণ ভারতের অর্থনৈতিক চালচিত্র বদলে যাবে বলে জানিয়েছেন গবেষকরা।

এম.কে
২৮ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

ডিউক অফ সাসেক্সের ক্ষতিপূরণ দাবীর মামলা যুক্তরাজ্যের হাইকোর্টে

যুক্তরাজ্যের একটি সংবাদপত্র গ্রুপের বিরুদ্ধে বেআইনী আচরণের অভিযোগ এনে করা মামলায় গত জুন মাসে সাক্ষ্য দিয়েছেন প্রিন্স হ্যারি। উচ্চ আদালতের বিচারক রায় দিয়েছেন, ডিউক অফ সাসেক্সের ক্ষতিপূরণের দাবী খুব শীঘ্রই বিচারী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।

মিরর গ্রুপ নিউজপেপারসের (এমজিএন) বিরুদ্ধে মামলার শুনানিতে ব্রিটিশ রাজা চার্লসের ছোট ছেলে হ্যারিকে লন্ডনের হাই কোর্টে সাক্ষ্য দানকারী বক্সে দেখা গিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

এমজিএন-ই ডেইলি মিরর, সানডে মিরর ও সানডে পিপলের প্রকাশক। হ্যারি ছাড়াও শতাধিক খ্যাতনামা ব্যক্তি গ্রুপটির বিরুদ্ধে বেআইনী আচরণের অভিযোগ এনেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এমজিএনের বিরুদ্ধে শতাধিক ব্যক্তি মামলা করার পর গত মাস থেকে এ নিয়ে শুনানি শুরু হয়েছে। অভিযোগকারীরা বলছেন, তাদের সম্বন্ধে তথ্য পেতে এমজিএনের সাংবাদিক বা তাদের দ্বারা নিয়োগকৃত বেসরকারি গোয়েন্দারা ‘বিপুল মাত্রায়’ ফোন হ্যাক ও অন্যান্য বেআইনি কাজ করেছিল।

এমজিএনের ‍ঊর্ধ্বতন সম্পাদক এবং নির্বাহীরাও এসব বেআইনি কার্যকলাপ সম্বন্ধে অবগত ছিল, বলছেন অভিযোগকারীদের আইনজীবীরা।

অন্যদিকে এমজিএন বলছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোন হ্যাক বা বেআইনি কোনো কর্মকাণ্ড সম্বন্ধেই জানতেন না।

বৃহস্পতিবার এক রায়তে বিচারক এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে হ্যারি ফোন হ্যাকিংয়ের সাথে সম্পর্কিত তার দাবি যথাযথ ভাবে আনতে পারেননি। তবে বেসরকারী তদন্তকারীদের ব্যবহার সহ অন্যান্য অভিযোগের বিষয়ে প্রিন্স হ্যারির দাবিটি একটি বিচারের দিকে এগিয়ে যাবে। আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিক ট্রায়াল শুরু হতে পারে বলে খবরে জানা যায়।

রাজ পরিবার এবং মিডিয়া অধিপতি রুপার্ট মারডোকের এক্সিকিউটিভদের মধ্যে একটি কথিত “গোপন চুক্তি”র উপর হ্যারির নির্ভরতা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন উচ্চ আদালতের বিচারক।

উল্লেখ্য যে, হ্যারি সাম্প্রতিক মাসগুলিতে হাইকোর্টে ছয়টি আইনী লড়াইয়ে জড়িত ছিলেন। তার নাগরিক মামলার মধ্যে রয়েছে বেআইনীভাবে তথ্য সংগ্রহের অভিযোগ। তাছাড়া হ্যারি ব্যক্তিগত সুরক্ষার ক্ষেত্রে হোম অফিসের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।

এম.কে
২৮ জুলাই ২০২৩

Categories
যুক্তরাজ্য (UK) শীর্ষ খবর

নাইজেল ফ্যারেজের ঘটনায় মুখ খুলেছেন যুক্তরাজ্য প্রধানমন্ত্রী

নাইজেল ফ্যারেজের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কারণে ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অ্যালিসন রোজ পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঘটনার পর প্রথম এই ব্যাপারে মন্তব্য করেছেন।

নাইজেল ফ্যারেজের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে ন্যস্টওয়েস্ট গ্রুপ বড় ঝাঁকুনি খায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে নেটওয়েস্ট গ্রুপের চেয়ারম্যানের প্রতি আস্থা আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে প্রথমে রাজি হননি।

নেটওয়েস্ট গ্রুপের চেয়ারম্যান স্যার হাওয়ার্ড ডেভিস ব্যাংকের প্রধান নির্বাহী হিসাবে ডেম অ্যালিসন রোজের পদত্যাগের পরে চাপের মধ্যে রয়েছেন বলে খবরে জানা যায়।

বুধবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে স্যার হাওয়ার্ড নিশ্চিত করেছেন যে ডেম অ্যালিসন পদত্যাগ করছেন। পদত্যাগের ঘটনার পর ডেম অ্যালিসন স্বীকার করেন নাইজেল ফ্যারেজের সাথে এই ধরনের আচরণ অনুচিত ছিল। ব্যাংকের গ্রাহকদের সাথে এই আচরণ নিয়ে তিনি লজ্জিত।

যদিও স্যার হাওয়ার্ড প্রাথমিকভাবে বলেছিলেন বোর্ডের সদস্যরা ডেম অ্যালিসনের উপর তাদের আত্মবিশ্বাস ধরে রেখেছে। তবে পরবর্তীতে চ্যান্সেলর এবং ডাউনিং স্ট্রিট ডেম অ্যালিসনের আচরণের বিষয়ে “গুরুতর উদ্বেগ” প্রকাশ করলে
অ্যালিসনের অবস্থান ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ে।

মিঃ ফারেজ ডেম অ্যালিসনের পদত্যাগকে স্বাগত জানিয়ে বলেন এটা একটি সূচনা মাত্র। তবে ন্যাটওয়েস্ট বোর্ডের আরও বিস্তৃত ঝাঁকুনির প্রয়োজন রয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকেরা স্যার হাওয়ার্ডের প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আস্থা আছে কিনা জানতে চাইলে মিঃ সুনাক বলেন, “রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ ব্যাংকিংয়ের মতো বেসিক পরিষেবা থেকে বঞ্চিত হওয়া ঠিক নয়। এই ধরনের আচরণ বৈষম্যের পর্যায়ে পড়ে যায়। তাই এইসব ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া উচিত। ”

এম.কে
২৮ জুলাই ২০২৩

Categories
ইউরোপ শীর্ষ খবর

ইউরোপে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে দুঃসংবাদ

ইউরোপিয়ান ইউনিয়নের ভ্রমণ বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বর্তমানে ভিসামুক্ত প্রবেশাধিকার পাচ্ছে এমন ৬০টিরও বেশি দেশের নাগরিকদের ২০২৪ সাল থেকে ইউরোপ ভ্রমণের আগে ইউরোপীয় ভ্রমণ তথ্য ও অনুমোদন ব্যবস্থায় (ইটিআইএএস) অনুমতির জন্য আবেদন করতে হবে। এই আবেদনের জন্য খরচ হবে প্রায় আট মার্কিন ডলার।

ইইউ জানায়, ইউরোপে ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির মধ্যে সীমান্ত রক্ষা ও শক্তিশালী করার জন্য নতুন এই ভ্রমণ অনুমোদন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ইইউর ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ইউরোপ ভ্রমণের নিয়ম বদলে গেছে। ২০২৪ সাল থেকে ভিসামুক্ত প্রবেশাধিকারপ্রাপ্ত ৬০টিরও বেশি দেশের প্রায় ১৪০ কোটি মানুষের জন্য বেশিরভাগ ইউরোপীয় দেশে প্রবেশের আগে অনুমতির প্রয়োজন হবে।

উল্লেখ্য, ইটিআইএএস হলো একটি ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন, যা ভ্রমণকারীর পাসপোর্টের সঙ্গে যুক্ত।

এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ইউক্রেনের মতো দেশগুলো।

ইইউ জানিয়েছে, এসব দেশের যেসব নাগরিক ইউরোপের সেনজেনভুক্ত অঞ্চলের ২৭টি দেশে ভ্রমণ করতে চান, তাদের ইটিআইএএসে নিবন্ধন করতে হবে। অন্যথায় সীমান্ত থেকে ফিরে যেতে হতে পারে। ইটিআইএএসের অনুমোদন একবার পেয়ে গেলে তা তিন বছর অথবা ভ্রমণকারীর পাসপোর্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে।

ইটিআইএএসের তথ্যমতে, এর বেশিরভাগ আবেদনই কয়েক মিনিটের মধ্যে প্রক্রিয়াজাত হয়ে থাকে। কিন্তু যদি সময় বেশি লাগে সেক্ষেত্রে, চার দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া আবেদনকারীকে অতিরিক্ত নথিপত্র সরবরাহ করতে বলা হলে ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানতে পারবেন।

হেনলি পাসপোর্ট সূচক অনুসারে, বর্তমানে বিশ্বের ১৮৪টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের।

এম.কে
২৭ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

১৫ বছর পর দেশে ফিরছেন থাকসিন সিনাওয়াত্রা

দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছানির্বাসন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। আগামী ১০ আগস্ট দেশটির ডন মিউং বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। গতকাল তার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা এ তথ্য জানিয়েছেন।

২০০১-০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন থাকসিন সিনাওয়াত্রা। সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতা হারান। ২০০৮ সালে তার বিরুদ্ধে দুর্নীতির মামলায় রায় ঘোষণা হলে তিনি দেশ ছেড়ে চলে যান। তার পর থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন।

স্বেচ্ছানির্বাসনে থাকাকালে অনেক দিন ধরে থাইল্যান্ডে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন থাকসিন। দুর্নীতির মামলায় থাকসিনের অনুপস্থিতিতে হওয়া বিচারে ২০০৮ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে একাধিক মামলাও রয়েছে। এসব মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছেন।

গত মে মাসে থাকসিন বলেছিলেন, তিনি দেশে ফিরে আদালতে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। বিশ্ব সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত। এর মধ্যে থাকসিন দেশে ফিরলে পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা।

গত ১৪ মে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এখনো সরকার গঠন করা সম্ভব হয়নি। সিনেটরদের সমর্থন না থাকায় সরকার গঠন করতে পারেনি মুভ ফরওয়ার্ড পার্টি। পেতংতার্ন সিনাওয়াত্রার দল ফেউ থাই পার্টি এখন সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে।

 

এম.কে
২৭ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

নাইজারে রক্তপাতহীন অভ্যুত্থানে সেনাবাহিনীর ক্ষমতা দখল

আফ্রিকার দেশ নাইজারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। সৈন্যরা প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে আটক করে দেশব্যাপী কারফিউ জারি করেছে। পাশাপাশি সংবিধান বাতিল এবং সব প্রতিষ্ঠান ও সীমান্ত বন্ধ করে দিয়েছে।

বুধবার রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, নাইজারের প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

কর্নেল আমাদু আবদরামান প্রস্তুত করা একটি বিবৃতিতে জানান, দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে, দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। সে কারণেই ক্ষমতা হস্তগত করতে বাধ্য হয়েছে সেনাবাহিনী।

এ ব্যাপারে কোনো বিদেশি রাষ্ট্রের পরামর্শের প্রয়োজন নেই— এমনটি জানান তিনি। এ ঘোষণার কয়েক ঘণ্টা আগেই নিজস্ব বাসভবন থেকে প্রেসিডেন্টকে বন্দি করা হয়।

পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থি উগ্রবাদীদের দমনে বাজুম ছিলেন পাশ্চাত্যের অন্যতম মিত্র। আর এ কারণে অবিলম্বে বাজুমের মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে বুধবার সকালে নাইজারের প্রেসিডেন্ট স্বীকার করেন যে প্রেসিডেন্ট গার্ড বাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট বাজুমের বিরুদ্ধে দৃশ্যত অভ্যুত্থানচেষ্টা চালাচ্ছে।

এই অভ্যুত্থানের নিন্দা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

২০২০ সাল থেকে প্রতিবেশী মালী ও বুরকিনা ফাসোতে অন্তত চারবার সামরিক অভ্যুত্থান ঘটেছে।

এম.কে
২৭ জুলাই ২০২৩

Categories
বাংলাদেশ শীর্ষ খবর

বাংলাদেশী কর্মী ও বিনিয়োগকারীদের জন্য দরজা খুলছে সৌদি

সৌদি আরব বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নেবে। এছাড়া দেশটিতে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও দরজা খুলে দেওয়া হবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সৌদি আরব সফরের আগ মুহূর্তে এমন সিদ্ধান্তের কথা জানালেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা আল দুহাইলান।

মঙ্গলবার রাতে প্রকাশিত প্রতিবেদনে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল জুলাই অথবা আগস্টের মধ্যে সৌদি আরব সফরে যাবেন। তারা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সেখানে অবকাঠামো, ভবন নির্মাণ, কৃষি, পোশাক, মৎস ও খামারের মতো অনেক খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। যেকোনো খাতে বাংলাদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন।

আল-দুহাইলান বলেন, আমাদের নতুন নতুন মেগা প্রকল্পের কাজ চলছে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে। এসব খাতে আমাদের আরও দক্ষ কর্মী দরকার। এজন্য পেশাদার কর্মীদের আমরা স্বাগত জানাই।

তিনি জানান, সৌদি আরবে ২৮ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। প্রবাসী শ্রমিকের সংখ্যার দিক থেকে তারাই বেশি। বাংলাদেশি শ্রমিকরা পরিশ্রমী হিসেবেও পরিচিত। তারা সৌদি আরবের উন্নয়নে অংশ নিচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে অনেকগুলো মেগা প্রকল্পের জন্য প্রচুর জনশক্তি দরকার। এ কারণে তারা বিদেশি কর্মীদের বিশেষ করে পেশাদারদের জন্য আরও বেশি সুযোগ দিতে চায়।

তিনি বলেন, এজন্য বাংলাদেশি শ্রমিকদের প্রশিক্ষণ দরকার। এতে আমরা দক্ষ কর্মী পাব এবং বাংলাদেশও মানবসম্পদ পাঠাতে পারবে। ফলে দুই দেশই লাভবান হবে।

এম.কে
২৭ জুলাই ২০২৩