Categories
শীর্ষ খবর

যুক্তরাজ্যে বাড়ির সংকটে নতুন সমস্যায় জর্জরিত ভাড়াটেরা

ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনের তথ্যানুসারে যুক্তরাজ্যে ভাড়াটেদের মধ্যে প্রতিযোগিতা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটি বাসার জন্য কমপক্ষে ২০ জন মানুষ লাইনে রয়েছেন বলে প্রতিবেদন হতে জানা যায়।

পোর্টাল রাইটমোভ শোয়ের পরিসংখ্যানুযায়ী,
প্রতিটি বাড়ি ভাড়া নিতে প্রপার্টি দেখতে আসা লোকের গড় সংখ্যা ২০১৯ সালের চেয়ে তিনগুণ বেশি। ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলে বাড়িভাড়া নেয়ার জন্য চাপ আরো বেশি বলে জানা যায়।

পাঁচ সন্তান নিয়ে ডেমি এবং অ্যান্ড্রুর পরিবার মতামত জানাতে গিয়ে বলেন, প্রপার্টি খুঁজে পাওয়া এখন এক নতুন চ্যালেঞ্জ। বিকল্প খুবই কম আর বাসাভাড়া আকাশচুম্বী। অর্থ থাকতে পারে কিন্তু ঘর খুঁজে পাবেন না। আমি একটি বাড়ি পছন্দ করেছিলাম কিন্তু সেটা ভাড়া নেওয়ার জন্য আমার আগে ৫০ জনের দীর্ঘ লাইন রয়েছে। যা খুবই হতাশাব্যাঞ্জক।

সম্ভাব্য ভাড়াটেদের ঘরের চাহিদা থাকায় বাড়ির মালিকেরা ইচ্ছেমতো ভাড়া হাকাচ্ছেন বলে খবরের প্রতিবেদনে উঠে আসে। তাছাড়া মর্গেজ রেইটের তারতম্যের কারণে বাড়ি কেনার হারও অনেক কমেছে বলে জানা যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যমের পূর্ববর্তী এক গবেষণায় দেখা যায় শিশু ও পোষা প্রাণীর জন্য বাসা ভাড়া আবেদনকারীরা আরো কঠিন সমস্যায় পতিত হয়েছেন। ঘরের যোগান কম থাকায় প্রপার্টি মালিকেরা একক পরিবার কিংবা ব্যাচেলার বা ছাত্রদের বাসা ভাড়া প্রদানে বেশি আগ্রহী।

দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের হ্যাম্পটন এস্টেট এজেন্ট গবেষণার প্রধান অ্যানিশা বেভারিজ জানান কোভিড পরবর্তী সময়ে শ্রমিক ও শিক্ষার্থীরা ফিরে আসার কারণে বাসা ভাড়ার চাহিদা ও যোগানের মধ্যে তারতম্য সৃষ্টি হয়েছে। যা মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। চাহিদা যোগানের তারতম্যের কারণে বাড়ির মালিক ভাড়া বৃদ্ধি করে যাচ্ছেন।

উল্লেখ্য যে বর্তমান সময়ে বাড়ির যোগান কম থাকায় ভাড়াটিয়ারা মালিকের দাবি করা ভাড়ার চেয়ে বেশি অর্থ অফার করে যাচ্ছেন। বাড়ি ভাড়া নিতে চাওয়া লোকেদের অতিরিক্ত লম্বা লাইন তাদেরকে ভীত করছে বিধায় তারা অতিরিক্ত ভাড়া দিতেও দ্বিধা করছেন না বলে খবরে জানা যায়।

এম.কে
২৭ জুলাই ২০২৩

 

Categories
বাংলাদেশ শীর্ষ খবর

ইলন মাস্কের স্টার লিংক আসছে বাংলাদেশে

ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের দুই প্রতিনিধির সঙ্গে ঢাকার আইসিটি টাওয়ারে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিদল।

বৈঠকে ইলন মাস্কের আরেক প্রতিষ্ঠান স্টার লিংকের সঙ্গে একটি পাইলট প্রকল্পে সম্মত হয় বাংলাদেশ। চুক্তি অনুযায়ী তিন মাসের জন্য বাংলাদেশে পরীক্ষামূলক ইন্টারনেট সরবরাহ করবে স্টার লিংক। এজন্য তারা দুটি ডিভাইসও দিয়েছে।

কার্যকারিতা পরীক্ষার জন্য ডিভাইস দুটির একটি বসানো হবে বাসের ভেতরে এবং অন্যটি প্রত্যন্ত কোনো দ্বীপে।
মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টার লিংক। পৃথিবীর ৬০টি দেশে তাদের কভারেজ রয়েছে।

বাংলাদেশে পরীক্ষামূলক সরবরাহ শেষ হলে তাদের সঙ্গে ইন্টারনেটের দাম নিয়ে আলোচনায় বসবে বিটিআরসি। ২৯ জুলাই, শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থাকবেন তাদের প্রতিনিধিরা।

প্রান্তিক ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও মানুষ যাতে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত রাখতে পারে সে লক্ষ্যেই এই পরিষেবা নিয়ে আসছে সরকার।

এম.কে
২৭ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

চীনের পর রেকর্ড হারে কমলো জাপানের জনসংখ্যা

বিশ্বের অনেক উন্নত দেশেই কম জন্মহারের সমস্যা চলছে। কিন্তু জাপানে সমস্যাটি তীব্র রূপ নিয়েছে। দেশটিতে গত ১৪ বছর ধরেই জনসংখ্যা কমছে। জাপানে ২০২২ সালে জনসংখ্যা রেকর্ড হারে কমে গেছে। দেশটির সরকারি তথ্য থেকে বুধবার এ কথা জানা গেছে।

বিশ্বে বয়স্ক জনসংখ্যার দিক থেকে মোনাকোর পর জাপানের অবস্থান। দেশটির আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের জরিপে দেখা গেছে, গত বছর জনসংখ্যা আট লাখ ৫২৩ জন কিংবা ০.৬৫ শতাংশ কমেছে। প্রথমবারের মতো একই সঙ্গে ৪৭টি অঞ্চলে জনসংখ্যা কমেছে।

মন্ত্রণালয় বলছে, ১৯৬৮ সালের পর কমে যাওয়ার এ গতি তীব্র রূপ নিয়েছে। ১৯৬৮ সাল থেকে সরকার জরিপ কাজ শুরু করে।
এদিকে জাপানে বিদেশী জনসংখ্যা রেকর্ড দুই লাখ ৮৯ হাজার ৪৯৮ জন কিংবা ১০.৭ শতাংশ বেড়েছে যা ২০১৩ সালের পর সর্বোচ্চ। জাপানে বিদেশীদের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৯৩ হাজার ৮৩৯ জন।

জাপানে অভিবাসন নীতি বেশ কঠোর। তবে শ্রম ঘাটতি মেটাতে দেশটি ধীরে ধীরে এসব নীতি শিথিল করছে।

জাপানের ১২ কোটি ৫০ লাখ জনসংখ্যার মধ্যে গত বছর আট লাখেরও কম শিশু জন্ম নিয়েছে যা রেকর্ড শুরুর পর সর্বনিম্ন। এদিকে বয়স্কদের যত্নে খরচ বেড়েছে।

দেশটির প্রধানমন্ত্রী কিশিদা গত মাসে কমে যাওয়া জন্মহার বাড়াতে সক্ষম জনগোষ্ঠীকে সমর্থন জোরদারে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা উন্মোচন করেছেন।

এদিকে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে চীনে জনসংখ্যা কমেছে। গত ৬০ বছরে এবারই প্রথমবারের মতো জনবহুল এই দেশটিতে জনসংখ্যা কমে। এই পরিস্থিতিতে চীনে ডেমোগ্রাফিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ২০২২ সালে চীনা অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল মাত্র ৩ শতাংশ। গত চার দশকে যা সবচেয়ে নিচে। যদিও এই পরিসংখ্যানের পেছনে জনসংখ্যার চেয়ে মহামারি করোনার ভূমিকাই বেশি।

এম.কে
২৬ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

আপত্তি সত্ত্বেও আফগানিস্তানে বন্ধ করা হলো বিউটিপার্লার

এক মাসের সময়সীমা শেষ হওয়ার পর আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে নারীদের বিউটি পার্লার। দেশটির বর্তমান শাসক তালেবান গত ৪ জুলাই জানায়, ‘ইসলামে নিষিদ্ধ’ কার্যকলাপ হওয়ায় বিউটি পার্লারগুলো বন্ধ করে দিতে মৌখিক নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

ওই সময় বলা হয়, পার্লারগুলো বন্ধ করার জন্য এক মাসের সময় দেওয়া হবে।

মঙ্গলবার তালেবান ঘোষণা দেয় নির্ধারিত সময় শেষ হওয়ায় আজ থেকে বিউটি পার্লারগুলো বন্ধ করে দিতে হবে। এসব পার্লার বন্ধ করা নিয়ে রাজধানী কাবুলে নারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এছাড়া জাতিসংঘও এ ব্যাপারে বিবৃতি দেয় এবং এ নিষেধাজ্ঞা স্থগিতের আহ্বান জানায়। তবে এতে কর্ণপাত করেনি তালেবান।

তালেবান শাসিত সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক আকিফ মাহজের অবশ্য জানাননি, যেসব নারী পার্লার খোলা রাখবেন; পার্লার বন্ধে তাদের ওপর বল প্রয়োগ করা হবে কিনা।

তালেবান জানিয়েছে, তারা বিউটি পার্লারগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কারণ এসব পার্লারে সাজগোজের নামে ‘ইসলামে নিষিদ্ধ’ কার্যকলাপ করা হয়। এছাড়া বিয়ের সময় এসব পার্লার বরের পরিবারের ওপর অর্থনৈতিক চাপ ফেলে।

বিউটি পার্লারে নারীদের যে চোখের ব্রু কাটছাট করা হয়, চুল লম্বা দেখাতে অন্য নারীর চুল ব্যবহার করা হয় এবং মেকাপ লাগানো হয় সেগুলো ইসলামবিরোধী বলে জানিয়েছে তালেবান। তারা বলেছে, মেকাপ লাগালে ঠিকমতো ওযু হয় না।

আফগানিস্তানে বিয়ের আগে নববধূ ও তার পরিবারের সদস্যরা বিউটি পার্লারে গিয়ে সাজেন। আর এই সাজগোজের অর্থ দিতে হয় বরের পরিবারকে। যা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে।

এদিকে আফগানিস্তানে বিউটি পার্লারে প্রায় ৬০ হাজার নারী কাজ করেন। এমনিতেই দেশটিতে নারীদের কর্মক্ষেত্র সংকুচিত করে ফেলেছে তালেবান। এখন নতুন করে কর্মহীন হয়ে পড়েছেন আরও ৬০ হাজার নারী।

এম.কে
২৬ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

বেসামরিক জাহাজে হামলা চালাতে পারে রাশিয়া, হুঁশিয়ারি যুক্তরাজ্যের

শর্ত পূরণ না হওয়ার অজুহাতে কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে গেছে রাশিয়া। এছাড়া শস্যচুক্তি থেকে সরে যাওয়ার পর ইউক্রেনীয় বন্দরগুলোতে হামলা জোরদার করেছে রুশ সামরিক বাহিনী।

এই পরিস্থিতিতে রাশিয়া কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা করা শুরু করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করতে শুরু করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। দেশটির দাবি, তার কাছে এমন তথ্য রয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রায় সমস্ত কৃষি পণ্য রেল ও সড়কের মাধ্যমে রপ্তানি করতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর থেকে বিশ্বব্যাপী গমের দাম ১৫ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব সংবাদমাধ্যম।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড মঙ্গলবার বলেছেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে- রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের শস্য অবকাঠামোকে লক্ষ্য করে হামলা আরও প্রসারিত করতে পারে এবং কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজের বিরুদ্ধেও হামলা চালাতে পারে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার সময় এই তথ্য জানিয়েছেন বলে উডওয়ার্ড সাংবাদিকদের বলেছেন। তিনি বলেন, ‘রাশিয়া ইউক্রেনীয় বন্দরগুলোতে যাওয়ার পথে অতিরিক্ত সমুদ্র মাইন স্থাপন করে রেখেছে’ বলেও ব্রিটেনের কাছে তথ্য রয়েছে।

উডওয়ার্ড বলেন, ‘কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলার ন্যায্যতা প্রমাণ করা এবং এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করতে রাশিয়ার সমন্বিত প্রচেষ্টার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে মূল্যায়ন রয়েছে; ব্রিটেন তার সঙ্গে একমত।’

মূলত হোয়াইট হাউসও গত সপ্তাহে কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে সম্ভাব্য হামলা এবং সামুদ্রিক মাইন পেতে রাখার বিষয়ে একই রকম সতর্কতা দিয়েছে।

এর আগে নিজেদের শর্ত পূরণ না হওয়ায় কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় রাশিয়া। এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য।

তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়। যদিও রাশিয়া ও ইউক্রেন উভয়ই বর্তমান বিশ্বের প্রধান শস্য রপ্তানিকারক দেশ।

আর এরপর কৃষ্ণসাগরে জাহাজ ঢুকলেই তাতে হামলার ইঙ্গিত দেয় রাশিয়া। গত সপ্তাহে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইঙ্গিত দেয়, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে, কৃষ্ণসাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে সেটির ওপর হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে বিবেচনা করা হবে।

অবশ্য জাতিসংঘ বলছে, গুরুত্বপূর্ণ এই চুক্তি ২০২২ সালের মার্চ মাস থেকে বিশ্বব্যাপী খাদ্য মূল্য ২৩ শতাংশ কমিয়ে দরিদ্র দেশগুলোকে উপকৃত করেছে।

এম.কে
২৬ জুলাই ২০২৩

 

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

থেমে যেতে পারে আটলান্টিকের ‘স্রোত’ , বিপর্যয়ে পড়বে বিশ্ব

আগামী কয়েক দশকের মধ্যে আটলান্টিক মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ স্রোত থেমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এমনটি ঘটলে বিপর্যয়ের মুখে পড়বে বিশ্ব আবহাওয়া।

মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন বা এএমওসি নামে পরিচিত এই স্রোত যেকোনো সময় বন্ধ যাতে পারে।

এতে বলা হয়েছে, বর্তমানে যে হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হচ্ছে তাতে চলতি শতকের মাঝামাঝি সময়ে এই এএমওসি থেমে যেতে পারে। এমনকি তারও আগে ২০২৫ সালের মধ্যেই এই স্রোত বন্ধ হতে পারে। তবে খুব বেশি আশাবাদী হলে এই স্রোত ২০৯৫ সাল পর্যন্ত টিকে থাকবে।

ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পিটার ডিটলভসেন এবং সুজান ডিটলভসেন নেচার কমিউনিকেশনে প্রকাশিত একটি পিয়ার-রিভিউড নিবন্ধে এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তবে অনেক বিজ্ঞানী এই গবেষণায় সবকিছু অতি সরলীকরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের নিকলাস বোয়ার্স বলেন, ‘মডেলিংটি অত্যধিক সরলীকৃত। গবেষকরা স্বীকার করেছেন যে তারা এমনটা অনুমান করেছেন কেবল, এটি নিশ্চিত নয়।’

আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন বা এএমওসি গালফ স্ট্রিম বরাবর উষ্ণ পানির স্রোত উত্তর দিকে পাঠায়। এর ফলে কানাডার সমান অক্ষাংশে থাকা ইংল্যান্ড অনেক বেশি উষ্ণ। বিপরীতে কানাডা অনেক বেশি শীতল। বিজ্ঞানীরা বলেছেন, যদি সত্যই এই স্রোত থেমে যায় তাহলে এর পরিণতি নিয়ে গবেষকরা সে আভাস দিয়েছেন তা নিয়ে কোনো দ্বিমত নেই।

সিএনএনকে পিটার ডিটলভসেন বলেন, ‘এটি সত্যিই ভীতিকর। এটি এমন কোনো বিষয় নয় যা আপনি হালকাভাবে নেবেন। এ ধরনের গবেষণার ফলাফল সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি।’

উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের সভাপতি পিটার ডি মেনোকাল বলেন, গবেষণার ফলাফল একদিকে যেমন ‘আশ্চর্যজনক’ অন্যদিকে এটা উদ্বেগজনকও।’

তিনি সিএনএনকে বলেন, এটি স্পষ্ট যে আগামী দশকগুলোতে এএমওসির এই স্রোত থেমে যাবে। ২০২১ সালে একটি গবেষণায় জলবায়ু পরিবর্তনের কারণে এএমওসির স্রোত অস্থিতিশীল লক্ষণ দেখা গেছে।

ব্রিস্টল গ্ল্যাসিওলজি সেন্টারের পরিচালক জোনাথন ব্যাম্বার বলেন, ‘এএমওসি-থেমে যাওয়ার অর্থ হলো পুরো বিপর্যয়কে ডেকে নিয়ে আসা।’

এম.কে
২৬ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক শীর্ষ খবর

আর্টের ধরন বদলে দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা

ক্যামেরায় এখন ফিল্মের রিল লাগে না। শত কিংবা হাজার গিগাবাইটের স্টোরেজ আছে। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, আলো নিয়ে আগে থেকে হিসাব করার দরকার নেই। ছবি তোলার পর ইচ্ছামতো ‘‌কালার কারেকশন’ করা সম্ভব। সে কারণে ফটোগ্রাফিতে ‘‌পোস্ট প্রসেসিং’ এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ছবি তোলার হিসাবই বদলে গেছে। কেবল ছবি নয়, প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে শিল্পের নানা ক্ষেত্র।

ফটোগ্রাফির যে উদাহরণ দেয়া হলো সেটা প্রযুক্তি ব্যবহারের। এখানে আলোকচিত্রী বা ছবি সম্পাদনাকারীকে কমান্ড দিয়ে সম্পাদনা করতে হয়। এ পদ্ধতি গত দশকের। এ দশকে প্রয়োজন নেই এক এক করে কমান্ড দেয়ার। একটি কমান্ডেই ছবির ভুলত্রুটি শুধরে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। শোধরানোর পর্যায় পার করে এখন সে তৈরিই করতে পারে নানা ছবি, পেইন্টিং বা বিস্তৃত পরিসরে বলতে গেলে তৈরি করতে পারে একটি ‘আর্ট ওয়ার্ক’।

আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় এআই দিয়ে তৈরি করা হচ্ছে নানা ছবি। এর মধ্যে কখনো থাকে বলিউড তারকাদের হলিউড চরিত্রে বসানো বস্তুত এসব চিত্র কোনো ব্যক্তি তৈরি করে না। ব্যক্তির দেয়া কিছু তথ্য নিয়ে ছবিগুলো তৈরি করে এআই। এর মধ্যে মিডজার্নি সবচেয়ে বেশি বিখ্যাত ও নিখুঁত আর্ট ওয়ার্ক তৈরি করে দিতে পারে। এছাড়া আছে ডাল-ই।

এখন পর্যন্ত এআই শিল্পমাধ্যমে কাজ করার ক্ষেত্রে মানুষের সাহায্য নিচ্ছে। কাজগুলো কয়েকটি ধারায় হয়। এর মধ্যে আছে জেনারেল অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্কস (জিএএন), ইমেজ স্টাইল অ্যালগরিদম, কম্পিউটার এইডেড ড্রইং টুল, ইমেজ ক্ল্যাসিফিকেশন সিস্টেমস ও আর্ট চ্যাটবট। পদ্ধতিগুলোর মধ্যে ইমেজ স্টাইল অ্যালগরিদম বেশ আগ্রহ জাগানিয়া। এ পদ্ধতিতে আর্ট তৈরি হয় দুটো ভিন্ন মাধ্যমে। একদিকে তৈরি হয় ছবি, অন্যদিকে থাকে স্টাইল। ফলে দুটো মিলে তৈরি হয় একটা স্বতন্ত্র আর্ট। ব্যক্তির পক্ষে এ স্বাতন্ত্র্য ও বৈচিত্র্য একত্রে আনা কঠিন।

এআই দিয়ে ছবি আঁকা বা আঁকানোর ক্ষেত্রে সাধারণ মানসে থাকা ধারণাটি হলো, কম্পিউটারকে কিছু রেফারেন্স দিলে সে ছবি তৈরি করে দেয়। মোটাদাগে বিষয়টি সত্য। এর ফলে আর্টের ধরন, ফর্ম, স্টাইল বদলে যাচ্ছে। কিন্তু এআই সম্পর্কিত আর্ট সবসময়ই স্বয়ংক্রিয়ভাবে হয় না। আধা স্বয়ংক্রিয়ভাবে হওয়া এআই আর্টের ধারণাটি নতুন। তবে ডিজিটাল আর্ট কয়েক দশক ধরে চলছে। এখন যেকোনো ভালো স্মার্টফোন বা ট্যাবে অ্যাপ ব্যবহার করে ছবি আঁকা যায়। এসব ছবি মূলত ব্যক্তিই তৈরি করেন। কিন্তু এক্ষেত্রে রঙ, ছবিতে ব্যবহৃত রেখাগুলো অনেকটাই অ্যাপ নিয়ন্ত্রিত বা বাছাইকৃত। বলা বাহুল্য, মোবাইল বা কম্পিউটার অ্যাপ্লিকেশনও এআইয়ের অংশ।

সব মিলিয়ে এআই যে কাজটা করছে তা হলো ডিজিটাল আর্টকে এগিয়ে নিয়ে যাওয়া। সেখানে ব্যক্তির নিজস্ব নিরীক্ষার জায়গা কমে যাচ্ছে। আর্ট আগে যতটা ‘‌ফিজিক্যাল’ ছিল এখন ততটাই হয়ে যাচ্ছে ‘‌আর্টিফিশিয়াল’। একটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। ভিঞ্চির মোনালিসা সুন্দর দুটো কারণে। প্রথমত, ভিঞ্চি যে সৌন্দর্য তাতে দিয়েছেন তা দর্শকের চোখের জন্য। দ্বিতীয়ত, একজন আর্টিস্ট বা গবেষকের জন্য। সেখানে আছে ভিঞ্চির ব্রাশ স্ট্রোক, রঙ ব্যবহারের মতো বিষয়গুলো। এআই আসার ফলে পুরনো দিনের শিল্পীদের মতো এখন আর রঙ নিয়ে গবেষণা হবে না। ওয়াটার কালার, অয়েল পেইন্টিংয়ে আলাদা ফর্মগুলো হারিয়ে যাবে। ক্যানভাসে খুঁজে পাওয়া যাবে না তুলির কোনো সুতা।

এআই বিশ্লেষণ করতে পারে ছবিকে। সে জায়গা থেকে পুরনো জলরঙ, তেলরঙ, প্যাস্টেল বা গোয়াশে আঁকা ছবি বিশ্লেষণ করে এআই সে স্টাইলের আর্ট তৈরি করতে পারবে। কিন্তু সেটা তেলরঙ বা জলরঙে আঁকা ছবির মতো হবে, তেলরঙ বা জলরঙের ছবি হবে না। এছাড়া মিডজার্নিতে কমান্ড দিয়ে কোনো ক্যানভাস সামনে রাখা, তুলি হাতে ধরা বাদেই যে কেউ হয়ে যেতে পারবে একজন শিল্পী। ফটোগ্রাফি ও পেইন্টিংয়ের পার্থক্যও হয়তো চলে যাবে একসময়। একটাই আর্ট ফর্ম হবে—এআই আর্ট।

 

এম.কে
২৬ জুলাই ২০২৩

Categories
বাংলাদেশ শীর্ষ খবর

মুডি’সের পর বাংলাদেশের রেটিং নেতিবাচক করল এসঅ্যান্ডপি

বৈদেশিক বাণিজ্য ও রিজার্ভ নিয়ে চাপে আছে বাংলাদেশ। এ অবস্থায় গত মে মাসের শেষের দিকে বাংলাদেশের ঋণমান এক ধাপ কমিয়ে দিয়েছিল আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি’স। এবার বাংলাদেশের দীর্ঘ মেয়াদী রেটিং আউটলুককে স্থিতিশীল থেকে নেতিবাচক পর্যায়ে নামিয়ে দিয়েছে আরেক প্রভাবশালী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি।

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটি থেকে বলা হয়, আগামী বছর বাংলাদেশের তারল্য পরিস্থিতি খারাপ হতে পারে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো চাপের মধ্যে পড়বে।

বর্তমান বিশ্বে সবচেয়ে প্রভাবশালী তিনটি রেটিং প্রতিষ্ঠান হলো— মুডি’স, এসঅ্যান্ডপি এবং ফিচ রেটিং। যুক্তরাষ্ট্র ভিত্তিক এ তিন প্রতিষ্ঠানের রেটিংয়ের ওপর কোনো দেশের অর্থনীতির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করে। চলতি বছরের মে মাসের শেষের দিকে বাংলাদেশের ঋণমান এক ধাপ কমিয়ে বিএ৩ থেকে বি১-এতে নামিয়ে দেয় মুডি’স।

মঙ্গলবার অপর প্রভাবশালী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি বলেছে, দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং হবে ‘বিবি মাইনাস’ (BB-)। আর স্বল্প মেয়াদে রেটিং হবে ‘বি’। বিদেশী ঋণ ও তারল্য পরিস্থিতির যদি ছন্দপতন হয়, তাহলে রেটিং আরো হ্রাস পাবে।

সরকারের চলতি হিসাবের আয় প্রত্যাশার চেয়ে কম হওয়া, পূর্বাভাসের চেয়ে বেশি সামগ্রিক লেনদেনে ঘাটতি সৃষ্টি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ব্যর্থতার ফলে বাংলাদেশের ক্রেডিট রেটিংয়ে নেতিবাচক হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছে এসঅ্যান্ডপি।

এসঅ্যান্ডপি বলেছে, আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সূচকগুলো স্থিতিশীল করতে হলে অনুকূল বাণিজ্য পরিস্থিতি ও আর্থিক প্রবাহ প্রয়োজন।

এম.কে
২৬ জুলাই ২০২৩

Categories
আন্তর্জাতিক

বিখ্যাত তুর্কি স্যোশাল মিডিয়া শেফ প্রতারণার জন্য বাবার বিরুদ্ধে মামলা করেছেন

বিখ্যাত তুর্কি শেফ এবং সোশ্যাল মিডিয়া সেনসেশন সিজেডএন বুরাক, যার আসল নাম বুরাক ওজদেমির। তুর্কি শেফ তার বাবা হাসান ওজদেমিরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন।

শেফ ওজডেমির তার রন্ধনসম্পর্কীয় দক্ষতা প্রদর্শন করে ভাইরাল ভিডিওগুলির মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। ইনস্টাগ্রামে তার ৪৯ মিলিয়ন অনুসরণকারী রয়েছে।

হাসান ওজদেমির তার ছেলের মিডিয়া এবং বিনোদন সংস্থা আত্মসাৎ করতে চেয়েছিলেন বিধায় ছেলে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন।
বুরাক ওজদেমির দাবি করেছেন তার বাবা বিলাসবহুল গাড়ি এবং সম্পত্তি অর্জনের জন্য তার নামের অপব্যবহার করেছেন। বুরাক ওজদেমির ২০২১ সালে দুবাইয়ের একটি মরুভূমির মাঝখানে কাবাব রান্না করে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিলেন।

শেফ এবং তার বাবার মধ্যে বিরোধ মূলত বেড়ে যায় যখন বাবা ছেলের নামে থাকা একটি রেস্টুরেন্ট ৪১ মিলিয়ন ডলারে বিক্রি করে দেন। যদিও তার বাবা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, রেষ্টুরেন্ট বিক্রি কৃত টাকা তার নিজের ছেলের ব্যবসায় বিনিয়োগ করা হয়।

উল্লেখ্য যে, আইনি প্রক্রিয়া বর্তমানে ইস্তাম্বুলের একটি আদালতে বিচারাধীন যা সেপ্টেম্বরে প্রথম শুনানি অনুষ্ঠিত হবে বলে খবরে জানা যায়।

শেফ বুরাক ওজদেমির উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে সৌদি আরবে ব্যাপক জনপ্রিয় বলে জানা যায়।

এম.কে
২৬ জুলাই ২০২৩

Categories
শীর্ষ খবর স্পোর্টস

হারমানপ্রীতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানালো আইসিসি

শাস্তি পেতে যাচ্ছেন, সেটি একরকম নিশ্চিতই ছিল। শাস্তির মাত্রাও জানা গিয়েছিল আগেই। অবশেষে হারমানপ্রীত কৌরকে শাস্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল আইসিসি। গত শনিবার মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অসদাচরণের দায়ে ভারত অধিনায়ককে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে আইসিসি।

সিরিজ নির্ধারণী ম্যাচটিতে একই সঙ্গে লেভেল ওয়ান ও লেভেল টু ধরনের অপরাধ করেছেন হারমানপ্রীত। কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভঙ্গ করেছেন তিনি, যেটি লেভেল টু পর্যায়ের অপরাধ। এটি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোর সঙ্গে সম্পর্কিত। ম্যাচের ৩৪তম ওভারে আম্পায়ার তানভীর আহমেদ তাকে স্লিপে ক্যাচ আউট দেওয়ার পর সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন ভারত অধিনায়ক।

এ অপরাধে হারমানপ্রীতের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে, দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। এ ধরনের অপরাধে ৫০ থেকে ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, সঙ্গে তিন বা চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

২০১৬ সাল থেকে মেয়েদের ক্রিকেটে কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে শাস্তি পাওয়া ক্রিকেটারদের যে তালিকা আইসিসির ওয়েবসাইটে আছে, তাতে লেভেল টু পর্যায়ের অপরাধ করা প্রথম ক্রিকেটার হলেন হারমানপ্রীত। এর আগে ২০১৭ সালে লেভেল ওয়ান ধরনের অপরাধে ভর্ৎসনা শুনেছিলেন তিনি।

মিরপুরের ম্যাচে ২.৭ নম্বর ধারাও ভেঙেছেন হারমানপ্রীত, যেটি লেভেল ওয়ান ধরনের অপরাধ। এ ধারায় বলা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা নিয়ে প্রকাশে সমালোচনা করা।’ ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারদের সমালোচনা করেছিলেন তিনি। এ অপরাধে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।

নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নেবে। চারটি ডিমেরিট পয়েন্ট মানে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট। আর দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট মানে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা—যে সূচি আগে আসে।

ম্যাচ রেফারি আখতার আহমেদের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন হারমানপ্রীত, এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এম.কে
২৬ জুলাই ২০২৩